মজুদের কিছুটা ঘাটতি থাকায় ৪ লাখ টন চাল আমদানির অনুমোদন দিয়েছে সরকার। এ বিষয়ে বিস্তারিত জানিয়েছেন প্রধানমন্ত্রীর খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার। আজ (মঙ্গলবার) দুপুরে সচিবালয়ে এক বৈঠক শেষে তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।
বৈঠকটি ছিল অর্থনৈতিক বিষয় ও সরকারি ক্রয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদ এবং খাদ্য পরিকল্পনা ও পরিধারণ কমিটির (এফপিএমসি) যৌথ সভা। সভা শেষে আলী ইমাম মজুমদার ও অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।
খাদ্য উপদেষ্টা জানান, এ বছর ৫৫ লাখ পরিবারকে ৩০ টাকা কেজি দরে চাল দেওয়া হবে ছয় মাস ধরে। গত বছর এই সুবিধা পেয়েছিল ৫০ লাখ পরিবার। নিম্নবিত্তদের জন্য এই ওএমএস কর্মসূচি চালু থাকবে আগস্ট থেকে নভেম্বর এবং পরবর্তী ফেব্রুয়ারি ও মার্চ মাসেও। তিনি বলেন, ‘নভেম্বর পর্যন্ত ১৩.৫ লাখ টন চালের মজুদ ঝুঁকিমুক্ত বলে বিবেচিত। সেখানে কিছুটা ঘাটতি থাকায় ৪ লাখ টন চাল আমদানির অনুমোদন দেওয়া হয়েছে।’
অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেন, ‘ধান, চাল ও গমসহ দেশের খাদ্য মজুদ মোটামুটি সন্তোষজনক। তবে আরও কী কী কেনা হবে, তা নিয়ে সভায় আলোচনা হয়েছে। আন্তর্জাতিক বাজারে চালের দাম কমেছে, তাই প্রয়োজনে সেখান থেকেও কেনা হতে পারে।’
তিনি আরও জানান, ‘জুলাই স্মৃতি জাদুঘর নির্মাণে প্রয়োজনীয় অর্থ বরাদ্দের অনুমোদন দেওয়া হয়েছে। পাশাপাশি বিদ্যুৎকেন্দ্র সংক্রান্ত দেশি ও বিদেশি সব চুক্তি পুনর্বিবেচনার ক্ষেত্রে আইনি সহায়তার জন্য অর্থ বরাদ্দ অনুমোদন দেওয়া হয়েছে।’

