গত দুই দশকে বাংলাদেশ উল্লেখযোগ্য অর্থনৈতিক অগ্রগতি অর্জন করেছে। জিডিপি প্রবৃদ্ধি, মাথাপিছু আয় বৃদ্ধি, বৈদেশিক মুদ্রার রিজার্ভ বৃদ্ধি, অবকাঠামোগত উন্নয়ন সবকিছু মিলিয়ে দেশটি আজ আন্তর্জাতিক অঙ্গনে “উন্নয়নের রোল মডেল” হিসেবে প্রশংসিত। পদ্মা সেতু, মেট্রোরেল, কর্ণফুলী টানেল, এক্সপ্রেসওয়ে কিংবা বিদ্যুৎ খাতের সম্প্রসারণ, এই সবকিছুই আমাদের উন্নয়নের দৃশ্যমান চিত্র তুলে ধরেছে।
২০১০ থেকে ২০২৩ সাল পর্যন্ত বাংলাদেশে বার্ষিক গড় প্রবৃদ্ধি ছিল ৬ দশমিক ৪ শতাংশ, যা উন্নয়নশীল দেশগুলোর মধ্যে অন্যতম উচ্চ হারে ধরা পড়ে। দারিদ্র্যের হার কমেছে, নাগরিক সুযোগ-সুবিধা বেড়েছে। তবে এই বাহ্যিক উন্নয়নের পেছনে এক অন্য বাস্তবতা ক্রমেই উন্মোচিত হচ্ছে, আর সেটি হলো বৈষম্যের ধারাবাহিকতা বেড়ে চলা।
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) তথ্য অনুযায়ী, দেশের এখনও প্রায় ১৯ দশমিক ২ শতাংশ মানুষ দারিদ্র্যসীমার নিচে বসবাস করছে। শহরে এই হার ১৬ দশমিক ৫% হলেও গ্রামে তা ২০% এর বেশি। এই তথ্য আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেয়, উন্নয়নের সুফল সবার মাঝে সমানভাবে পৌঁছায়নি।
শিক্ষা, স্বাস্থ্যসেবা, ভূমি মালিকানা, কর্মসংস্থান প্রতিটি খাতে শহর ও গ্রামের, ধনী ও গরিবের, নারী ও পুরুষের মধ্যে বৈষম্য ক্রমেই গভীর হচ্ছে। রাজনৈতিক প্রভাব, আমলাতান্ত্রিক অনিয়ম এবং ক্ষমতার কেন্দ্রীভবন উন্নয়নের সুফল থেকে প্রান্তিক জনগোষ্ঠীকে বঞ্চিত করে রেখেছে।
একদিকে সমাজের এক শ্রেণি বিদেশে বাড়ি করছে, বিলাসবহুল গাড়িতে চলাফেরা করছে, ব্যাংক অ্যাকাউন্টে কোটি কোটি টাকা জমাচ্ছে, আর অন্যদিকে হাজারো তরুণ চাকরির খোঁজে শহরমুখী হয়ে বেকারত্ব ও হতাশার মুখে পড়ছে। কৃষক, শ্রমিক, দিনমজুর, নারী, আদিবাসী কিংবা অন্যান্য সংখ্যালঘু গোষ্ঠি, উন্নয়ন যাদের ঘিরে হওয়ার কথা ছিল, তারাই আজ উন্নয়নের স্রোত থেকে সবচেয়ে বেশি পিছিয়ে। এই বাস্তবতা আমাদের নতুন করে ভাবতে বাধ্য করে উন্নয়ন কি সত্যিই সবার? নাকি এটি কেবল কিছু মানুষের জন্যই আলোর পথ তৈরি করেছে, আর বাকি সমাজ পড়ে আছে ছায়ায়?
বর্তমান বৈষম্যের প্রধান কারণসমূহ: বর্তমান বাংলাদেশসহ বিশ্বের অনেক উন্নয়নশীল দেশেই বৈষম্য একটি প্রকট সামাজিক সমস্যা হয়ে দাঁড়িয়েছে। এই বৈষম্য কেবল আর্থিক নয়, বরং এটি সমাজের বহুস্তরে ছড়িয়ে আছে যেমন: শিক্ষা, লিঙ্গ, জাতি, অঞ্চল ও ক্ষমতার কাঠামোতেও। অনেক সময় উন্নয়নের গতি যত দ্রুত হয়েছে, তার সুফল সমাজের সব শ্রেণি-পেশার মানুষের মধ্যে সমানভাবে ভাগ হয়নি। ফলে অর্থনৈতিক অগ্রগতির পাশাপাশি বৈষম্যও বেড়েছে।
অর্থনৈতিক বৈষম্য বর্তমানে বৈষম্যের সবচেয়ে বড় উৎস হিসেবে দেখা দিয়েছে। সমাজের এক শ্রেণির মানুষ বিপুল সম্পদ, সুযোগ ও আয় নিয়ে উচ্চবিত্তে পরিণত হয়েছে; অন্যদিকে দরিদ্র ও প্রান্তিক মানুষের আয়, কর্মসংস্থান এবং সম্পদের ওপর অধিকার সীমিতই রয়ে গেছে। বাংলাদেশের পরিসংখ্যান ব্যুরো এবং বিশ্বব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, দেশের সবচেয়ে ধনী ১০ শতাংশ মানুষ মোট জাতীয় আয়ের প্রায় ৩৮ থেকে ৪০ শতাংশ নিয়ন্ত্রণ করে, যেখানে দরিদ্রতম ১০ শতাংশ মানুষের আয় মাত্র ১ দশমিক শূন্য শতাংশের কাছাকাছি। এই আয়ের বৈষম্য কর্মসংস্থানেও প্রতিফলিত হয়, শিক্ষিত তরুণরাও কাজ পাচ্ছে না, আর যারা কাজ পাচ্ছে তারা ন্যায্য মজুরি থেকে বঞ্চিত হচ্ছে, বিশেষ করে নারী ও সংখ্যালঘুরা।
শিক্ষা যা বৈষম্য হ্রাসে সবচেয়ে কার্যকর হাতিয়ার হতে পারত, সেটিই এখন বৈষম্যের অন্যতম কারণ হয়ে উঠেছে। শহরাঞ্চলের ধনী পরিবারের সন্তানরা ইংরেজি মাধ্যম, আধুনিক সুযোগ-সুবিধা সম্পন্ন বিদ্যালয়ে পড়ার সুযোগ পাচ্ছে, যেখানে গ্রামীণ ও দরিদ্র জনগোষ্ঠীর সন্তানেরা এখনো ন্যূনতম মানের শিক্ষা থেকেও বঞ্চিত হচ্ছে। ফলে কর্মসংস্থান ও উচ্চশিক্ষায় প্রবেশের ক্ষেত্রে এক অসম প্রতিযোগিতা তৈরি হচ্ছে।
লিঙ্গভিত্তিক বৈষম্যও আমাদের সমাজে ব্যাপকভাবে বিদ্যমান। নারীরা এখনো পুরুষদের তুলনায় কম মজুরি পান, সিদ্ধান্ত গ্রহণে অংশগ্রহণ করতে পারেন না এবং বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক রীতিনীতির কারণে অনেক ক্ষেত্রেই পিছিয়ে থাকেন। যদিও নারী শিক্ষার হার বেড়েছে এবং কর্মজগতে নারীর উপস্থিতি বাড়ছে, তবুও বাস্তব জীবনে বৈষম্য কমছে না বরং নতুন নতুন রূপে প্রকাশ পাচ্ছে।
এছাড়া জাতিগত ও সামাজিক বৈষম্য সমাজের ভেতরে এক গভীর বিভাজন তৈরি করেছে। ধর্ম, বর্ণ, ভাষা বা জাতিগোষ্ঠীর পরিচয়ের কারণে বহু মানুষ এখনো বৈষম্যের শিকার হন। পাহাড়ি, আদিবাসী বা অন্যান্য সংখ্যালঘু সম্প্রদায়দের উন্নয়ন ও সুযোগ থেকে বঞ্চিত রাখা হয় নানাভাবে, যা একটি বহুসাংস্কৃতিক রাষ্ট্রব্যবস্থার জন্য এক বিপজ্জনক সংকেত।
আঞ্চলিক বৈষম্যও একটি বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। রাজধানীকেন্দ্রিক উন্নয়ন পরিকল্পনার ফলে ঢাকা ও এর আশপাশের অঞ্চলগুলো দ্রুত এগিয়ে গেলেও উত্তরাঞ্চল, দক্ষিণ-পশ্চিমাঞ্চল কিংবা পার্বত্য এলাকা এখনো পিছিয়ে আছে। শিক্ষা, স্বাস্থ্য, অবকাঠামো ও শিল্পায়নের ক্ষেত্রে এই অঞ্চলগুলোর মধ্যে বড় ধরনের ঘাটতি রয়ে গেছে, যা মানুষকে পেছনে ফেলে দিচ্ছে এবং অভ্যন্তরীণ অভিবাসনের চাপ বাড়াচ্ছে।
পরিশেষে রাজনৈতিক এবং আমলাতান্ত্রিক কাঠামোর দুর্বলতা ও অনিয়মও বৈষম্য বৃদ্ধির একটি বড় কারণ। দুর্নীতি, স্বজনপ্রীতি, দলীয়করণ এবং সিদ্ধান্ত গ্রহণে সাধারণ মানুষের অংশগ্রহণের অভাব, এই সবকিছু মিলিয়ে একটি বৈষম্যমূলক প্রশাসনিক পরিবেশ তৈরি হয়েছে। যেখানে নীতিমালাগুলো কাগজে ভালো শোনালেও বাস্তবে তা অনেক সময়ই সুবিধাভোগী গোষ্ঠীর হাতে জিম্মি থাকে।
এই সকল বৈষম্যের শিকড় খুব গভীরে প্রোথিত এবং পারস্পরিকভাবে একে অপরকে জোরদার করে তোলে। উন্নয়নের আসল মানে তখনই পূর্ণতা পাবে, যখন সমাজের প্রত্যেক মানুষ ধনী-গরিব, নারী-পুরুষ, শহর-গ্রাম নির্বিশেষে সমান সুযোগ ও ন্যায্য অধিকার ভোগ করতে পারবে। তাই কেবল প্রবৃদ্ধির হার নয়, প্রয়োজন বৈষম্যহীন অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের নীতি ও বাস্তবায়ন।
বৈষম্য সূচকের বাস্তব ছবি: বাংলাদেশে সময়ের সঙ্গে সঙ্গে আয় বৈষম্য ক্রমেই বেড়ে চলেছে, আর তার স্পষ্ট প্রমাণ পাওয়া যায় গিনি সহগ নামক সূচক থেকে। এই সূচক যত বেশি হয়, আয় বণ্টনের বৈষম্য তত বেশি বোঝায়। ২০১০ সালে দেশের গিনি সহগ ছিল শূন্য দশমিক ৪৫৮, যা ২০১৬ সালে বেড়ে দাঁড়ায় শূন্য দশমিক ৪৮২-এ এবং ২০২২ সালে তা আরও বেড়ে শূন্য দশমিক ৪৯৯-এ পৌঁছায়। অর্থাৎ মাত্র ১২ বছরের ব্যবধানে বৈষম্য উল্লেখযোগ্য হারে বেড়েছে।
এই সংখ্যাগুলো বলছে, দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ঘটলেও সেই উন্নয়নের সুফল সমাজের সব শ্রেণির মানুষের মধ্যে সমানভাবে পৌঁছায়নি। বরং ধনী ও গরিবের মাঝে আয়ের ব্যবধান আরও বিস্তৃত হয়েছে। রাজধানী ঢাকায় আয় বৈষম্য ভয়াবহ আকার ধারণ করেছে। বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান (বিআইডিএস)-এর এক গবেষণায় উঠে এসেছে, ঢাকার শীর্ষ ১০ শতাংশ ধনী মানুষের হাতে শহরের মোট আয়ের ৪১ দশমিক ১৯ শতাংশ জমা হয়ে আছে। বিপরীতে নিচের ১০ শতাংশ দরিদ্র মানুষের হাতে মোট আয়ের ১ শতাংশও পৌঁছায় না।
“A Glimpse to Lives of the People in Dhaka City” শীর্ষক এক সম্মেলনে উপরোক্ত গবেষণামূলক তথ্য উপস্থাপন করা হয়, যা গুলশানের এক হোটেলে অনুষ্ঠিত হয়েছিল। গবেষণায় আরও বলা হয়, এই আয়ের অসম বণ্টন শুধু অর্থনৈতিক নয়, বরং রাজধানীবাসীর শারীরিক ও মানসিক স্বাস্থ্যের ওপরও গুরুতর প্রভাব ফেলছে। ঢাকায় বসবাসকারী ৭১ শতাংশ মানুষ বর্তমানে কোনো না কোনোভাবে বিষন্নতায় ভুগছে।
প্রতিবেদন অনুযায়ী, দেশের অন্যান্য জেলার তুলনায় রাজধানীতেই আয় বৈষম্য সবচেয়ে বেশি। সমাজের একাংশ যখন বিলাসিতায় দিন কাটাচ্ছে, অন্য অংশ তখন বাঁচার সংগ্রামে জর্জরিত। এই পরিস্থিতি শুধু সামাজিক অস্থিরতা নয়, বরং এক ভয়াবহ ভবিষ্যতের ইঙ্গিতও বহন করে। এই বৈষম্য কমাতে হলে শুধু অর্থনৈতিক নীতিই নয়, প্রয়োজন সুপরিকল্পিত নগর ব্যবস্থাপনা, কর্মসংস্থানের সমান সুযোগ, মানসিক স্বাস্থ্যসেবা এবং সমাজের সব শ্রেণির মানুষকে নিয়ে উন্নয়ন পরিকল্পনা। ঢাকাকে টেকসই ও বাসযোগ্য শহর হিসেবে গড়ে তুলতে হলে বৈষম্যের এই দেয়াল ভাঙা জরুরি।
এই পরিসংখ্যানগুলো কেবল সংখ্যা নয়, বরং তারা আমাদের সামনে একটি কঠিন বাস্তবতা তুলে ধরে, উন্নয়ন হয়েছে, তবে তার সুফল কেবল একাংশ মানুষই ভোগ করছে। বাকি বৃহৎ জনগোষ্ঠী এখনো সেই উন্নয়নের ছায়ায় দাঁড়িয়ে আছে।
শহর বনাম গ্রাম: বাংলাদেশের উন্নয়ন চিত্র আজ দ্বিমুখী, একদিকে মহানগর গুলোয় আধুনিকতার ছোঁয়া, অন্যদিকে গ্রামের বিস্তীর্ণ অংশ এখনো বঞ্চিত মৌলিক সুবিধা থেকে। রাজধানী ঢাকায় প্রতিনিয়ত গড়ে উঠছে আকাশচুম্বী বিল্ডিং, বিলাসবহুল অ্যাপার্টমেন্ট, শীততাপ নিয়ন্ত্রিত শপিং মল ও অভিজাত পাঁচ তারকা হোটেল। নগরের এক শ্রেণির মানুষ ভোগ করছে প্রযুক্তি, স্বাস্থ্যসেবা ও বিনোদনের নানা সুযোগ-সুবিধা। অথচ দেশের বহু গ্রামীণ অঞ্চল আজও নিরবচ্ছিন্ন বিদ্যুৎ, সুপেয় পানি, চলাচলের উপযুক্ত রাস্তা এবং মানসম্মত শিক্ষা ও চিকিৎসা সেবার অপেক্ষায়।
এই বৈষম্য শুধু অবকাঠামোগত নয়, আর্থসামাজিকভাবেও প্রভাব ফেলছে। শহরের উন্নয়নের গতি যতটা দ্রুত, গ্রামের চিত্র ততটাই স্থবির। একটি শ্রেণি বিশ্বায়নের সুফল ভোগ করছে, ডিজিটাল সুবিধা পাচ্ছে, বৈশ্বিক অর্থনীতির সঙ্গে সংযুক্ত হচ্ছে; অপর শ্রেণি পিছিয়ে পড়ছে, এক ধরনের ‘অদৃশ্য সীমান্তে’ বন্দী হয়ে যাচ্ছে।
বর্তমান পরিপ্রেক্ষিতে এই বৈষম্য আরও গভীর হয়েছে। নগরে উচ্চমূল্যের জীবনযাত্রা ও সুযোগের প্রাচুর্যের বিপরীতে গ্রামীণ অর্থনীতিতে সংকট, কর্মসংস্থানের অভাব ও যুব সমাজের অবক্ষয়ের চিত্র প্রকট। শিক্ষা ও স্বাস্থ্য খাতে বরাদ্দের বেশিরভাগই শহরকেন্দ্রিক, যার ফলে গ্রামে এসব সেবা পৌঁছায় না বা পৌঁছালেও মান নিয়ে প্রশ্ন থাকে।
সরকার বিভিন্ন সময় “গ্রাম হবে শহর”–এই স্লোগান দিয়েছে। তবে বাস্তবায়নের গতি ও পরিসর যথেষ্ট নয়। উন্নয়ন প্রকল্পগুলোতে পরিকল্পনার ঘাটতি, রাজনৈতিক পক্ষপাত ও নজরদারির অভাবের ফলে গ্রামীণ জনগণ উন্নয়নের মূলধারায় একীভূত হতে পারছে না।
একটি টেকসই ও সমতাভিত্তিক উন্নয়ন নিশ্চিত করতে হলে শহর ও গ্রামের মধ্যে এই বৈষম্য কমিয়ে আনা জরুরি। শুধু রাজধানী নয়, জেলা ও উপজেলা পর্যায়ে জীবনমান উন্নয়নের লক্ষ্যে স্বাস্থ্য, শিক্ষা, অবকাঠামো, কৃষি ও ডিজিটাল কানেক্টিভিটিতে বিনিয়োগ বাড়াতে হবে। একই সঙ্গে স্থানীয় সরকার ও জনগণের অংশগ্রহণে পরিকল্পনা বাস্তবায়নের প্রক্রিয়া আরো স্বচ্ছ ও জবাবদিহিমূলক করতে হবে। শহর ও গ্রামের এই বৈষম্য ঘোচাতে না পারলে সার্বিক উন্নয়ন শুধু একটি শ্রেণির মধ্যে সীমাবদ্ধ থাকবে, বাকি জনগোষ্ঠী থেকে যাবে উন্নয়নের বাহিরে, আর সেটি হবে আমাদের সম্ভাবনাময় দেশের জন্য এক বড় ব্যর্থতা।
শিক্ষা ও স্বাস্থ্যসেবায় বৈষম্য: বাংলাদেশে শিক্ষা ও স্বাস্থ্য খাতে গত কয়েক দশকে কিছু ইতিবাচক পরিবর্তন এলেও, সার্বিক চিত্র এখনো বৈষম্যময়। সরকার প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষার বিস্তারে উল্লেখযোগ্য অগ্রগতি দাবি করলেও মানসম্পন্ন শিক্ষা এখনো বহু মানুষের নাগালের বাইরে। বিশেষ করে সরকারি স্কুলগুলোতে শিক্ষক সংকট, শ্রেণিকক্ষ ও শিক্ষা উপকরণের অভাব এবং পাঠদানে অনিয়মিততা শিক্ষার মানকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করছে। অন্যদিকে মানসম্মত শিক্ষা পাওয়ার একটি বিকল্প হিসেবে বিবেচিত বেসরকারি ও ইংরেজি মাধ্যম শিক্ষাপ্রতিষ্ঠানগুলো এতটাই ব্যয়বহুল যে, তা নিম্নবিত্ত বা নিম্ন-মধ্যবিত্ত পরিবারের সন্তানদের কাছে প্রায় অধরা থেকে যাচ্ছে।
শুধু শহর-গ্রাম নয়, একেক শ্রেণির শিক্ষার্থীর মধ্যে সুযোগের এই পার্থক্য একটি প্রজন্মের ভবিষ্যত নির্ধারণে বৈষম্য তৈরি করছে। ডিজিটাল শিক্ষার প্রসার ঘটলেও গ্রামাঞ্চলের অনেক জায়গায় ইন্টারনেট সংযোগ ও প্রযুক্তিগত সুবিধার অভাবের কারণে শিক্ষার্থীরা পিছিয়ে পড়ছে। ফলে শিক্ষাক্ষেত্রে একটি “দ্বিস্তর সমাজব্যবস্থা” গড়ে উঠছে, যেখানে এক শ্রেণির শিশু আধুনিক ও উদ্ভাবনী পরিবেশে পড়াশোনা করছে, আরেক শ্রেণি সংগ্রাম করছে মৌলিক শিক্ষার সুযোগের জন্য।
স্বাস্থ্য খাতেও একই ধরনের বৈষম্য বিদ্যমান। নগরের ধনী শ্রেণি উন্নত বেসরকারি হাসপাতাল কিংবা বিদেশে চিকিৎসা নিতে পারলেও, গ্রামীণ ও মফস্বল অঞ্চলের সাধারণ মানুষকে চিকিৎসা পেতে নানা বাঁধার মুখোমুখি হতে হয়। সরকারি হাসপাতালগুলোতে চিকিৎসক, ওষুধ ও যন্ত্রপাতির ঘাটতি প্রকট। অনেক সময় রোগীরা প্রয়োজনীয় সেবা না পেয়ে ভোগান্তির শিকার হন, যা প্রাণঘাতীও হয়ে দাঁড়ায়।
বিশেষজ্ঞদের মতে, বাংলাদেশে প্রতিনিয়ত স্বাস্থ্য খাতে বাজেট বৃদ্ধি পেলেও তার সঠিক ব্যবহার ও সুবণ্টন নিশ্চিত না হওয়ায় সাধারণ মানুষের উপকার তেমনভাবে হচ্ছে না। ২০২৫ সালের দিকে এসে এখনো দেশের অধিকাংশ উপজেলায় বিশেষজ্ঞ চিকিৎসক না থাকাটা এই খাতের দুরবস্থার একটি বড় প্রমাণ। অপরদিকে নিম্নআয়ের মানুষদের জন্য মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে প্রয়োজন একটি শক্তিশালী ও জবাবদিহিমূলক নীতিমালা।
শিক্ষা ও স্বাস্থ্য দু‘টি মৌলিক অধিকার হলেও বাস্তবতা বলছে, এই অধিকার ভোগ করার সুযোগ সমাজের একটি নির্দিষ্ট শ্রেণির মধ্যেই সীমাবদ্ধ হয়ে পড়েছে। টেকসই উন্নয়ন নিশ্চিত করতে হলে এই বৈষম্য দূর করা জরুরি। নীতিনির্ধারকদের উচিত শহর-গ্রাম, ধনী-গরিব নির্বিশেষে সবার জন্য সমান সুযোগ সৃষ্টি করা, যাতে বাংলাদেশের প্রতিটি মানুষ সত্যিকারের উন্নয়নের অংশীদার হতে পারে।
শ্রমজীবী মানুষের ঘাম ঝরা উন্নয়ন, কিন্তু প্রাপ্য আজও সীমিত: দেশের অর্থনৈতিক অগ্রগতির মূল শক্তি হলেন শ্রমজীবী মানুষ, গার্মেন্টস খাত, নির্মাণ শিল্প, কৃষি কিংবা রপ্তানিমুখী ছোট ছোট কারখানায় কর্মরত শ্রমিকরা তাঁদের অক্লান্ত পরিশ্রমে এগিয়ে নিচ্ছেন বাংলাদেশকে। কিন্তু দুঃখজনক সত্য হলো, এই অগ্রগতির সুফল তারা নিজেরাই পুরোপুরি পাচ্ছেন না।
গার্মেন্টস শ্রমিকদের ন্যূনতম মজুরি কিছুটা বাড়ানো হলেও তা প্রয়োজনের তুলনায় যথেষ্ট নয়। অপরদিকে নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম হু হু করে বাড়ছে, ফলে শ্রমিকদের প্রকৃত আয় দিন দিন কমে যাচ্ছে। তাদের মাসের শেষে হাতে থাকছে না পর্যাপ্ত সঞ্চয়, বরং বেঁচে থাকার লড়াই আরও কঠিন হয়ে উঠছে।
এই পরিশ্রমী মানুষের জন্য স্বাস্থ্যসেবা, আবাসন কিংবা সামাজিক নিরাপত্তা বলয়ের সুযোগ এখনো প্রায় অনুপস্থিত। কোনো দুর্ঘটনা বা অসুস্থতার সময় তারা প্রায়ই চিকিৎসার খরচ বহন করতে না পেরে ঋণগ্রস্ত হন, এমনকি কেউ কেউ সন্তানকে বাঁচাতে জমি বিক্রি করতেও বাধ্য হন। অন্যদিকে সমাজের এক শ্রেণির পুঁজিপতি নানা কৌশলে হাজার কোটি টাকা ব্যাংক থেকে ঋণ নিয়ে বিদেশে পাচার করছে। যাঁরা আসলে উন্নয়নের ছায়ায় বসে আছেন, তারা সুবিধাভোগী; আর যাঁরা ঘাম ঝরিয়ে সে উন্নয়ন গড়ে তুলছেন, তাদের ভাগ্যে জুটছে না ন্যায্য প্রাপ্য।
সামগ্রিকভাবে যদি উন্নয়ন টেকসই ও ন্যায্য করতে হয়, তাহলে শ্রমজীবী মানুষের অধিকার, ন্যায্য মজুরি, কর্মস্থলে নিরাপত্তা, স্বাস্থ্যবীমা ও আবাসনের মতো মৌলিক সুবিধাগুলো নিশ্চিত করতে হবে। শ্রমিকের সম্মান ও সুরক্ষাই একটি সভ্য সমাজের পরিচয়, আর তা নিশ্চিত না করতে পারলে দেশের উন্নয়ন হবে শুধু অংকের, মানুষের নয়।
রাজনৈতিক পৃষ্ঠপোষকতা ও দুর্নীতির বৈষম্যের শিকড়:বাংলাদেশের উন্নয়ন প্রক্রিয়ায় রাজনৈতিক পৃষ্ঠপোষকতা ও দুর্নীতি একটি গভীর সমস্যা হিসেবে দীর্ঘদিন ধরে বিদ্যমান। বিভিন্ন উন্নয়ন প্রকল্পে প্রাধান্য পায় রাজনৈতিক স্বার্থ যেখানে প্রকৃত প্রয়োজন নয়, বরং নির্বাচনী হিসাব-নিকাশই হয়ে ওঠে মূল বিবেচ্য। ফলে প্রকল্প বরাদ্দ অনেক সময় চলে যায় সেইসব এলাকায়, যেখান থেকে রাজনৈতিক লাভ বেশি পাওয়া যাবে।
অন্যদিকে যেসব অঞ্চল ক্ষমতার কেন্দ্র থেকে দূরে বা রাজনৈতিকভাবে গুরুত্বহীন, সেসব জায়গার মানুষ বছরের পর বছর অপেক্ষায় থাকে সুযোগ, অবকাঠামো বা মৌলিক সেবার ছিটেফোঁটা পাওয়ার আশায়। তাদের উন্নয়নের দাবিগুলো বারবার উপেক্ষিত হয়, কারণ তারা “সরাসরি সুবিধাজনক” শ্রেণিতে পড়ে না। এছাড়া অনেক সময় উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের দায়িত্ব দেওয়া হয় দলীয় ঘনিষ্ঠ ঠিকাদারদের। এতে প্রকল্পের গুণগত মান প্রশ্নবিদ্ধ হয়, সময়মতো কাজ শেষ হয় না, এমনকি দুর্নীতির কারণে প্রকল্প ব্যয়ও কয়েকগুণ বেড়ে যায়। জনগণের করের টাকায় হওয়া এইসব প্রকল্প বাস্তবতার চেয়ে বেশি হয়ে ওঠে শো-পিস বা রাজনৈতিক প্রচারণার হাতিয়ার।
বর্তমান বাস্তবতায় দেখা যাচ্ছে, বড় বড় প্রকল্পের পেছনে বাজেট বরাদ্দ বাড়ানো হলেও গ্রামীণ সড়ক, শিক্ষা প্রতিষ্ঠান, স্থানীয় স্বাস্থ্যকেন্দ্র বা কৃষি সহায়তা, এসব খাতে উন্নয়ন অনেক সময় উপেক্ষিত থাকে। ফলে উন্নয়নের সুফল পেতে শহর ও ক্ষমতার কাছাকাছি অঞ্চলের মানুষ যেমন সুবিধা পাচ্ছে, প্রান্তিক জনগোষ্ঠী তেমনি পিছিয়ে পড়ছে।
দুর্নীতি দমন কমিশনসহ নানা সংস্থা থাকলেও কার্যকর নজরদারি ও জবাবদিহিতার অভাব এই বৈষম্য আরও গভীর করছে। উন্নয়নের নামে অর্থ ব্যয় হচ্ছে, কিন্তু সেটি সকল শ্রেণি ও অঞ্চলের মানুষের জীবনমান উন্নয়নে কতটা ভূমিকা রাখছে, সে প্রশ্ন থেকেই যাচ্ছে। টেকসই ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন নিশ্চিত করতে হলে রাজনৈতিক প্রভাবমুক্ত, প্রয়োজনভিত্তিক এবং স্বচ্ছ প্রকল্প পরিকল্পনা ও বাস্তবায়ন অত্যন্ত জরুরি। অন্যথায় উন্নয়ন হবে কাগজে-কলমে; বাস্তবে তা জনগণের বড় একটি অংশের কাছে রয়ে যাবে অধরা।
অন্তর্ভুক্তিমূলক ও ন্যায্য উন্নয়নের সমাধানের পথ:উন্নয়নের প্রকৃত মানে কেবল বড় বড় সেতু, ভবন বা সড়ক নির্মাণ নয়, এর আসল উদ্দেশ্য হওয়া উচিত মানুষের জীবনে ইতিবাচক পরিবর্তন আনা, তাদের ক্ষমতায়ন নিশ্চিত করা। তাই বৈষম্য কমিয়ে একটি টেকসই ও মানবকেন্দ্রিক উন্নয়ন নিশ্চিত করতে হলে দরকার সুপরিকল্পিত, ন্যায্য এবং অন্তর্ভুক্তিমূলক উদ্যোগ।
প্রথমতঃ আয় বণ্টনে ভারসাম্য আনা জরুরি। বর্তমানে দেশে আয়ের একটি বড় অংশ গুটিকয়েক মানুষের হাতে জমা হচ্ছে, যা অর্থনৈতিক ও সামাজিক ভারসাম্য নষ্ট করছে। কর ব্যবস্থায় সংস্কার এনে উচ্চ আয়ের শ্রেণির কাছ থেকে ন্যায্য হারে কর আদায় এবং সেই অর্থ দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠীর কল্যাণে ব্যবহার করতে হবে।
দ্বিতীয়তঃ শিক্ষা ও স্বাস্থ্য খাতে সরকারি বিনিয়োগ আরও বাড়াতে হবে এবং সেই সঙ্গে মান নিশ্চিত করাও জরুরি। শুধু স্কুল-হাসপাতাল বানালেই চলবে না, সেখানে পর্যাপ্ত ও প্রশিক্ষিত জনবল, আধুনিক সরঞ্জাম এবং সেবার মান নিয়েও নজর দিতে হবে। ডিজিটাল শিক্ষা ও টেলি-মেডিসিনের মতো প্রযুক্তিভিত্তিক উদ্যোগকে তৃণমূল পর্যন্ত বিস্তৃত করতে হবে।
তৃতীয়তঃ গ্রামীণ উন্নয়নকে উন্নয়ন নীতির কেন্দ্রে আনতে হবে। শহর ও গ্রামের মধ্যে যে দারুণ বৈষম্য তৈরি হয়েছে, তা দূর করতে হলে গ্রামে শিক্ষা, স্বাস্থ্য, অবকাঠামো ও কর্মসংস্থানের সুযোগ তৈরি করতে হবে। তাহলে মানুষ শহরমুখী না হয়ে নিজ এলাকায় থেকেই উন্নয়নে অংশ নিতে পারবে। শ্রমজীবী মানুষের ন্যায্য মজুরি, নিরাপদ কর্মপরিবেশ এবং সামাজিক নিরাপত্তা বলয় নিশ্চিত করতে হবে। শ্রমিকদের জন্য স্বাস্থ্যবীমা, সাশ্রয়ী আবাসন, মাতৃত্বকালীন সুবিধাসহ মানবিক সহায়তা বাড়াতে হবে।
রাজনৈতিক পৃষ্ঠপোষকতা ও দুর্নীতির বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়া এখন সময়ের দাবি। উন্নয়ন প্রকল্পগুলো যেন দলীয় স্বার্থে পরিচালিত না হয়, তা নিশ্চিত করতে স্বচ্ছতা, জবাবদিহিতা এবং শক্তিশালী তদারকি ব্যবস্থা থাকা জরুরি। প্রকল্প গ্রহণ ও বাস্তবায়নে জনগণের অংশগ্রহণ এবং স্থানীয় প্রয়োজনের প্রতিফলন থাকা উচিত। পরিশেষে উন্নয়ন পরিকল্পনা শ্রেণি বা অবস্থানভিত্তিক না হয়ে হতে হবে মানুষের বাস্তব প্রয়োজনকে কেন্দ্র করে। প্রান্তিক, দুর্বল এবং অবহেলিত জনগোষ্ঠীকে উন্নয়নের মূলধারায় সম্পৃক্ত করতে পারলেই গড়ে উঠবে একটি ন্যায্য, মানবিক ও টেকসই বাংলাদেশ।
উন্নয়নের গতির সঙ্গে দরকার ন্যায়ের ভারসাম্য: বাংলাদেশে গত এক-দুই দশকে যে উন্নয়নের অগ্রযাত্রা দেখা গেছে, তা নিঃসন্দেহে প্রশংসনীয়। অবকাঠামো, বিদ্যুৎ, তথ্যপ্রযুক্তি, রপ্তানি খাতে প্রবৃদ্ধি এবং বিদেশি বিনিয়োগের পরিমাণ বেড়েছে। তবে এই উন্নয়ন চিত্রের আড়ালে যে বিষয়টি ক্রমশ স্পষ্ট হচ্ছে, তা হলো সমান সুযোগের অভাব এবং গভীরতর বৈষম্য।
আয়ের ভারসাম্যহীন বণ্টন, শিক্ষা ও স্বাস্থ্যসেবায় শহর-গ্রামের বিস্তর ব্যবধান, শ্রমজীবী মানুষের ন্যায্য অধিকার না পাওয়া এবং রাজনৈতিক পৃষ্ঠপোষকতায় বিকৃত উন্নয়ন পরিকল্পনা, সব মিলে একটি অসম সমাজব্যবস্থা তৈরি করছে। উন্নয়ন যেন একচেটিয়া কিছু শ্রেণি ও অঞ্চলের মধ্যে সীমাবদ্ধ থেকে যাচ্ছে। একদিকে উঁচু দালান আর বিলাসবহুল জীবনযাপন, অন্যদিকে বিশুদ্ধ পানি, ওষুধ বা মানসম্মত স্কুলের জন্যও সংগ্রাম—এই দুই বাস্তবতা একই দেশের চিত্র।
অথচ উন্নয়নের প্রকৃত মানে হওয়া উচিত সকল মানুষের জীবনে ইতিবাচক পরিবর্তন আনা, বৈষম্য কমিয়ে একটি ন্যায়ভিত্তিক সমাজ গড়ে তোলা। যে উন্নয়নে প্রান্তিক মানুষের আশা জাগে, যেখানে সুযোগ শুধু মুষ্টিমেয়র হাতে কেন্দ্রীভূত না থেকে সার্বজনীন হয়। এই বাস্তবতায় এখন সময় এসেছে উন্নয়নের সংজ্ঞা নতুন করে ভাবার। শুধু জিডিপি বা অবকাঠামো নয় মানব উন্নয়ন সূচক, সামাজিক নিরাপত্তা, সেবার মান, আর্থিক ন্যায্যতা এবং রাজনৈতিক স্বচ্ছতাই হওয়া উচিত উন্নয়নের আসল মানদণ্ড।
সুতরাং যদি আমরা চাই একটি টেকসই, অন্তর্ভুক্তিমূলক এবং মানবিক বাংলাদেশ, তবে উন্নয়নকে হতে হবে সমতা ও ন্যায়ের ভিত্তিতে পরিচালিত। নীতিনির্ধারকদের প্রতি আহ্বান থাকবে, উন্নয়নের গতির পাশাপাশি মানুষের মুখে হাসি ফিরিয়ে আনার দিকেও সমান গুরুত্ব দিন। উন্নয়ন কেবল তখনই সার্থক হবে, যখন সেটি পৌঁছাবে দেশের প্রতিটি ঘরে, প্রতিটি মানুষের জীবনে।

