সাবেক প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনকে ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’ হিসেবে রূপান্তরের সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ প্রকল্পে ব্যয় হবে ১১১ কোটি ১৯ লাখ ৮১ হাজার টাকা। বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী ও সাধারণ জনতার অংশগ্রহণে ২০২৪ সালের জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণের লক্ষ্যে এই উদ্যোগ নেওয়া হয়েছে।
মঙ্গলবার (১৫ জুলাই) অর্থনৈতিক বিষয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভায় এই রূপান্তর প্রকল্পের নির্মাণ ও সংস্কার কাজ ‘সরাসরি ক্রয় পদ্ধতিতে’ বাস্তবায়নের অনুমোদন দেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।
নির্ধারিত সময়ের মধ্যে জাদুঘরের কাজ সম্পন্ন করতে আগামী ৫ আগস্ট উদ্বোধনের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এজন্য প্রচলিত টেন্ডার পদ্ধতির পরিবর্তে সরাসরি ক্রয় পদ্ধতি গ্রহণ করা হয়েছে।
জানা গেছে, ইলেকট্রো-মেকানিক্যাল (ই/এম) অংশের নির্মাণ ও সংস্কার কাজ পেয়েছে মেসার্স শুভ্রা ট্রেডার্স, যার জন্য ব্যয় ধরা হয়েছে ৪০ কোটি ৮২ লাখ ৮৬ হাজার টাকা। অন্যদিকে সিভিল কাজটি পাবে দি সিভিল ইঞ্জিনিয়ার্স লিমিটেড, যার জন্য বরাদ্দ ৭০ কোটি ৩৬ লাখ ৯৫ হাজার টাকা।
জাদুঘরটিতে জুলাই অভ্যুত্থানে শহীদদের স্মৃতি, দমন-পীড়নের দলিল, আন্দোলনের চিহ্ন ও অন্যান্য গুরুত্বপূর্ণ উপাদান সংরক্ষণ করা হবে। এ বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়েছিল গত বছরের ২৪ ডিসেম্বর উপদেষ্টা পরিষদের এক সভায়।

