আগামী ১ আগস্ট থেকে যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে ৩৫ শতাংশ শুল্ক আরোপের সিদ্ধান্তে চট্টগ্রামের তৈরি পোশাক কারখানাগুলোর মালিকরা চরম উদ্বেগে রয়েছেন। এসব কারখানার অনেকেই যুক্তরাষ্ট্রের ক্রেতাদের সঙ্গে সরাসরি ব্যবসা করে থাকেন। শুল্ক বৃদ্ধির ফলে এই রপ্তানি বাজারে বড় ধরনের ধাক্কার আশঙ্কা করছেন উদ্যোক্তারা।
তবে এখনো আশাবাদী অনেকেই। তারা মনে করছেন, বাংলাদেশ সরকার যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার মাধ্যমে এ শুল্ক কমাতে পারবে। অন্যথায়, এই অঞ্চলের কারখানাগুলোর ভবিষ্যৎ ঝুঁকির মুখে পড়বে বলে জানিয়েছেন তারা। বাংলাদেশের গার্মেন্টশিল্পের সূচনা হয়েছিল চট্টগ্রাম থেকেই, আশির দশকের শুরুতে। তবে গত এক দশকে চট্টগ্রামে কারখানার সংখ্যা উল্লেখযোগ্য হারে কমেছে। অনেক প্রতিষ্ঠান ঢাকা বা অন্যান্য জায়গায় স্থানান্তরিত হয়েছে। বর্তমানে চট্টগ্রামে ৩০০টির বেশি পোশাক কারখানা সক্রিয় রয়েছে।
বিজিএমইএ, বিকেএমইএ ও ইপিজেডের তথ্য অনুযায়ী, এসব কারখানার মধ্যে প্রায় ২০০টি সরাসরি বিদেশি ক্রেতাদের কাছ থেকে অর্ডার নেয়, বাকিগুলো সাব-কন্ট্রাক্টের মাধ্যমে কাজ করে। চট্টগ্রাম থেকে ঠিক কত পরিমাণ পোশাক রপ্তানি হয়, তার সুনির্দিষ্ট তথ্য পাওয়া কঠিন। তবে বাজার সংশ্লিষ্টরা বলছেন, এটি দেশের মোট পোশাক রপ্তানির অন্তত ৯ শতাংশের বেশি। ২০২৪-২৫ অর্থবছরে বাংলাদেশ থেকে পোশাক রপ্তানি হয়েছে ৩৯.৩৪ বিলিয়ন ডলার, যা দেশের মোট রপ্তানি আয়ের ৮১.৪৯ শতাংশ (৪৮.২৮ বিলিয়ন ডলার)। এর মধ্যে যুক্তরাষ্ট্রে রপ্তানির অংশ ১৯ শতাংশের বেশি।
বাজার সংশ্লিষ্টরা জানাচ্ছেন, চট্টগ্রামের বেশিরভাগ পোশাক কারখানাই যুক্তরাষ্ট্রের বাজারের ওপর নির্ভরশীল। এশিয়ান অ্যাপারেলস গ্রুপের চট্টগ্রামে ১৮টি পোশাক কারখানা রয়েছে। এই গ্রুপের ৯৫ শতাংশ রপ্তানি যুক্তরাষ্ট্রমুখী। শুধু ২০২৪ সালেই তারা যুক্তরাষ্ট্রে ৩০০ মিলিয়ন ডলারের পোশাক রপ্তানি করেছে। গ্রুপটির ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর সাকিফ আহমেদ সালাম বলেন, “চট্টগ্রামের কারখানাগুলোর যুক্তরাষ্ট্রমুখী ব্যবসা ঢাকার চেয়ে বেশি। ইতিমধ্যে যুক্তরাষ্ট্রের ক্রেতারা আমাদের জানিয়ে দিয়েছেন, চলমান অর্ডার চুক্তিগুলোর শুল্কের বড় একটি অংশ আমাদেরই বহন করতে হবে।” তিনি আরও বলেন, “অনেকে আবার পূর্বে অবহিত অর্ডারগুলোও নিশ্চিত করছে না। ফলে জুলাই-আগস্টে যেসব উৎপাদন শুরুর কথা ছিল, তা এখন বন্ধ।” এই অবস্থায় প্রয়োজনীয় কাঁচামাল ও এক্সেসরিজ কেনাও সম্ভব হচ্ছে না বলে জানান সালাম।
বিজিএমইএ পরিচালক এস এম আবু তাইয়্যব বলেন, “চট্টগ্রামের বেশিরভাগ পোশাক কারখানাই বহু বছর ধরে যুক্তরাষ্ট্রের বাজারে রপ্তানি করে আসছে। আমার প্রতিষ্ঠান ইন্ডিপেন্ডেন্ট অ্যাপারেলস লিমিটেড গত বছর ৬০ মিলিয়ন ডলারের স্পোর্টসওয়্যার ও শিশুদের পোশাক রপ্তানি করেছে। এর ৯০ শতাংশই গেছে যুক্তরাষ্ট্রে।” তাইয়্যব মনে করেন, “৩৫ শতাংশ না হয়ে যদি ৩০ শতাংশ শুল্কও হয়, তবুও অনেক কারখানা টিকতে পারবে না। শুল্ক যদি ভিয়েতনামের মতো ২০ শতাংশে নামিয়ে আনা যায়, তাহলে প্রতিযোগিতায় টিকে থাকা সম্ভব হবে। নইলে যুক্তরাষ্ট্রের ক্রেতারা অর্ডার সরিয়ে নিতে পারে ভিয়েতনাম বা এমনকি ভারতেও, যেখানে শিল্পখাত অনেকটা এগিয়ে গেছে।” তিনি শিগগিরই দ্বিপাক্ষিক আলোচনার মাধ্যমে শুল্ক হ্রাসের ওপর গুরুত্বারোপ করেন। চট্টগ্রাম ইপিজেডে অবস্থিত প্রায় ৬০টি পোশাক কারখানাও যুক্তরাষ্ট্রের ওপর কমবেশি নির্ভরশীল।
দেশের অন্যতম ডেনিম রপ্তানিকারক প্যাসিফিক জিন্স গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ এম তানভীর বলেন, “আমাদের আটটি কারখানাই ইপিজেডে। নতুন শুল্ক কার্যকর হলে তাৎক্ষণিক প্রভাব পড়বে। কারণ তখন আমাদের পোশাক পণ্যের দাম বর্তমানের চেয়ে ৩৫ শতাংশ বেড়ে যাবে।” তবে তিনি বলেন, “ভারত, পাকিস্তান, মিসর এবং জর্ডানের মতো প্রতিযোগী দেশগুলোর ওপর চূড়ান্ত শুল্কহার না জানার আগে চূড়ান্ত মূল্যায়ন করা ঠিক হবে না।” তানভীর মনে করেন, প্রতিটি কারখানাকে এখন নিজেদের কৌশলে ক্রেতাদের সঙ্গে আলোচনা করে পরিস্থিতি সামলাতে হবে।

