জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) আয়কর গোয়েন্দা ও তদন্ত ইউনিট (আইটিআইআইইউ) পূর্ণাঙ্গ কার্যক্রম শুরুর সাত মাসেই প্রায় ১,৮৭৪ কোটি টাকার রাজস্ব ফাঁকির তথ্য উদঘাটন করেছে। গতকাল সোমবার (১৪ জুলাই) এক বিজ্ঞপ্তিতে এনবিআর জানায়, ১৮৩ জন ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে প্রাথমিক তদন্ত পরিচালনা করে এই বিপুল অঙ্কের কর ফাঁকির তথ্য পাওয়া গেছে।
এ পর্যন্ত ৬৩ ব্যক্তি ও প্রতিষ্ঠানের কাছ থেকে মোট ২৩১টি এ-চালানের মাধ্যমে আদায় করা হয়েছে ১১৭ কোটি ৪৩ লাখ টাকা, যা ইতোমধ্যে রাষ্ট্রীয় কোষাগারে জমা দেওয়া হয়েছে। ২০২৪ সালের ডিসেম্বরে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে আইটিআইআইইউ। এরপর থেকে ইউনিটটি কর ফাঁকি শনাক্ত, আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ এবং ন্যায্য রাজস্ব আদায়ে ধারাবাহিকভাবে কাজ করছে। এনবিআরের বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, রাজস্ব পুনরুদ্ধারে গোয়েন্দা কার্যক্রম জোরদার করা হয়েছে এবং ভবিষ্যতে আরও ব্যাপক পরিসরে তদন্ত পরিচালনা করা হবে।

