সপ্তাহজুড়ে দরপতনের পর বাংলাদেশ ব্যাংকের হস্তক্ষেপের এক দিন পরই বেড়েছে ডলারের দাম। গতকাল মঙ্গলবার (১৫ জুলাই) আন্তঃব্যাংক বাজারে ডলারের দাম ১ টাকা ৪০ পয়সা বাড়ে। দাম বাড়ার পরও ডলার কিনেছে বাংলাদেশ ব্যাংক। সর্বোচ্চ ১২১ টাকা ৫০ পয়সা দরে ১৩টি বাণিজ্যিক ব্যাংকের কাছ থেকে ৩১ কোটি ৩০ লাখ ডলার কেনা হয়। যদিও নিলামে অংশ নেয় ২২টি ব্যাংক। এর আগে, গত রোববার প্রথমবারের মতো নিলামের মাধ্যমে ১৭ কোটি ১০ লাখ ডলার কেনে কেন্দ্রীয় ব্যাংক।
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, মঙ্গলবার ডলারের সর্বোচ্চ দাম ছিল ১২১ টাকা ৫০ পয়সা এবং সর্বনিম্ন ১২০ টাকা ৮০ পয়সা। আগের দিন, সোমবার এ দর ছিল যথাক্রমে ১২০ টাকা ১০ পয়সা ও ১১৯ টাকা ৫০ পয়সা। এদিন ডলারের গড় দাম দাঁড়ায় ১২১ টাকা ১১ পয়সা। রেমিট্যান্স ও রপ্তানি আয় কিছুটা বেড়েছে ঠিকই, তবে সামগ্রিকভাবে বাজারে ডলারের চাহিদা কমে আসে। ফলে গত সপ্তাহে ডলারের দাম ক্রমেই কমছিল। এ পরিস্থিতিতে দরপতন ঠেকাতে বাণিজ্যিক ব্যাংক থেকে ডলার কিনেছে বাংলাদেশ ব্যাংক। বাজার সংশ্লিষ্টদের মতে, বাংলাদেশ ব্যাংকের এই উদ্যোগেই ডলারের দর আবার চাঙা হয়েছে।
তবে কিছু বিশ্লেষকের মতে, বাংলাদেশ ব্যাংক একদিকে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের কথা বললেও, অন্যদিকে ডলারের দর ধরে রাখার চেষ্টা করছে—এটা কিছুটা অস্পষ্ট নীতি সংকেত দিচ্ছে। নাম প্রকাশে অনিচ্ছুক বাংলাদেশ ব্যাংকের এক ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, “বিনিময় হার যেন হঠাৎ ওঠানামা না করে, সেটি আমরা নিয়মিত পর্যবেক্ষণ করছি। একদিকে রপ্তানি ও রেমিট্যান্সের স্বার্থ, অন্যদিকে মুদ্রাস্ফীতিসহ আর্থিক স্থিতিশীলতা—সবকিছু মাথায় রেখেই সিদ্ধান্ত নিতে হয়। এখন যদি হঠাৎ ডলারের দাম কমিয়ে দিই, তাহলে রেমিট্যান্স আসা কমে যেতে পারে, আবার রপ্তানিকারকরাও ক্ষতিগ্রস্ত হবেন।”
ব্যাংকাররা বলছেন, গত সপ্তাহে বাজারে ডলারের দাম প্রায় ৩ টাকা কমে গিয়েছিল। এমন পরিস্থিতিতে বাংলাদেশ ব্যাংক তুলনামূলক বেশি দামে ডলার কিনে বাজারে একটি বার্তা দিয়েছে যে, তারা দরপতন থামাতে চায়।
এ বিষয়ে অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশের (এবিবি) সাবেক চেয়ারম্যান ও মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মাহবুবুর রহমান বলেন, “বাংলাদেশ ব্যাংক কিছুটা বেশি দরে ডলার কিনে বাজারে এক ধরনের ‘ইন্ডিকেটিভ রেট’ নির্ধারণ করেছে। এই রেট রিয়েল ইফেক্টিভ এক্সচেঞ্জ রেট (REER)-এর কাছাকাছি। এর প্রভাবেই মঙ্গলবার ডলারের দাম কিছুটা বেড়েছে।” তবে তিনি আরও বলেন, “ডলারের বাজার এখনই মূল্যায়নের সময় নয়। আরও কয়েক দিন পরিস্থিতি পর্যবেক্ষণ করতে হবে।”

