পঞ্চগড়ে ফের চালু হলো দেশের তৃতীয় চা নিলাম বাজার। গতকাল মঙ্গলবার (১৫ জুলাই) সকালে ষষ্ঠ নিলামের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে শুরু হয় এ কার্যক্রম। নিলাম অনুষ্ঠিত হয় স্মল টি গার্ডেন ওনার্স অ্যান্ড টি ট্রেডার্স অ্যাসোসিয়েশনের কার্যালয়ে। চা বিক্রি হয়েছে প্রত্যাশার চেয়েও বেশি দামে। কেজিপ্রতি সর্বোচ্চ দর উঠেছে ২৩০ টাকা।
নিলামে গ্রিন ভ্যালি ব্রোকার হাউস ৩৪ হাজার ৬৬০ কেজি, হিমালয় ব্রোকার হাউস ১ লাখ ১০ হাজার ২২২ কেজি এবং ইন্ডিগো ব্রোকার হাউস ২ হাজার ৯৯৪ কেজি চা তোলার জন্য উপস্থাপন করে। এর আগে বেশ কিছুদিন নিলাম কার্যক্রম স্থগিত থাকায় চা শিল্পে স্থবিরতা দেখা দেয়। প্রথম নিলাম হয় গত ৬ মে এবং দ্বিতীয়টি ২০ মে। এরপর দুটি সক্রিয় ব্রোকার হাউসের অনিয়মের অভিযোগে নিলাম বন্ধ করে দেওয়া হয়।
তৃতীয়, চতুর্থ ও পঞ্চম নিলাম আর হয়নি। পরে চা বোর্ড শুনানির মাধ্যমে ইন্ডিগো ও হিমালয় ব্রোকার হাউসকে আর্থিক জরিমানা করে। পাশাপাশি তারা ভবিষ্যতে অনিয়ম না করার অঙ্গীকার করে মুচলেকা দেয়। এরপরই চা বোর্ড তাদের পুনরায় কার্যক্রম চালুর অনুমতি দেয়। নিলাম চালু হওয়ায় খুশি ব্যবসায়ী ও কারখানা মালিকরা। সক্রিয় অংশগ্রহণ ছিল বিডারদের। বিক্রি হয়েছে বেশিরভাগ চা।

