যুক্তরাষ্ট্র ও ইন্দোনেশিয়ার মধ্যে একটি নতুন শুল্ক-বাণিজ্য চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এই চুক্তির আওতায় যুক্তরাষ্ট্রে ইন্দোনেশিয়ান পণ্যের ওপর সর্বোচ্চ ১৯ শতাংশ শুল্ক আরোপ করা হবে। অন্যদিকে, ইন্দোনেশিয়ায় প্রবেশ করা মার্কিন পণ্যের ওপর কোনো শুল্ক থাকবে না।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্থানীয় সময় গতকাল মঙ্গলবার চুক্তির বিস্তারিত তুলে ধরে বলেন, ইন্দোনেশিয়ার পণ্যে যুক্তরাষ্ট্র ১৯ শতাংশ শুল্ক আরোপ করবে। পাশাপাশি ওষুধশিল্পে পরিকল্পিত নতুন শুল্ক কাঠামোর কথাও উল্লেখ করেন তিনি। ট্রাম্প জানান, ছোট দেশগুলোর জন্যও শিগগিরই আলাদা শুল্কহার নির্ধারণ করে চিঠি পাঠানো হবে।
চুক্তির রূপরেখা তুলে ধরে ট্রাম্প বলেন, এটি অনেকটাই ভিয়েতনামের সঙ্গে সম্প্রতি হওয়া প্রাথমিক চুক্তির মতো। এর ফলে যুক্তরাষ্ট্রে রফতানিকৃত ইন্দোনেশিয়ান পণ্যের ওপর বর্তমান ১০ শতাংশ সমতল শুল্ক প্রায় দ্বিগুণ হবে। তবে ইন্দোনেশিয়ায় পাঠানো মার্কিন পণ্যে কোনো শুল্ক থাকবে না। এ ছাড়া, ইন্দোনেশিয়া হয়ে চীন যেসব পণ্য যুক্তরাষ্ট্রে রফতানি করে, সেগুলোর ওপর অতিরিক্ত জরিমানা ধার্য করা হবে। একই সঙ্গে ইন্দোনেশিয়া যুক্তরাষ্ট্র থেকে নির্দিষ্ট কিছু পণ্য কেনার প্রতিশ্রুতি দিয়েছে।
হোয়াইট হাউসের বাইরে প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, “তারা আমাদের ১৯ শতাংশ শুল্ক দেবে, আমরা তাদের কিছুই দেব না। আমাদের ইন্দোনেশিয়ায় পূর্ণ প্রবেশাধিকার থাকবে। এ ছাড়া, আমরা এমন আরও কয়েকটি চুক্তির ঘোষণা দিতে যাচ্ছি।” পরে ট্রাম্প তার সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যাল-এ জানান, ইন্দোনেশিয়া যুক্তরাষ্ট্র থেকে ১৫ বিলিয়ন ডলারের জ্বালানি পণ্য, ৪ দশমিক ৫ বিলিয়ন ডলারের কৃষিপণ্য এবং ৫০টি বোয়িং জেট কিনতে সম্মত হয়েছে। তবে এসব কেনাকাটার কোনো নির্দিষ্ট সময়সীমা উল্লেখ করা হয়নি। একই দিন সাংবাদিকদের ট্রাম্প বলেন, ভিয়েতনামের সঙ্গে চুক্তিও প্রায় চূড়ান্ত পর্যায়ে রয়েছে, যদিও তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানানো হয়নি।

