ভার্চুয়াল মুদ্রা ক্রিপ্টোকারেন্সি বিটকয়েনের মূল্য বড় ধরনের পতনের মুখে পড়েছে। রেকর্ড উচ্চ মূল্যের পরের দিনই এই ডিজিটাল মুদ্রার দাম ৩.৬ শতাংশ কমে প্রায় ১ লাখ ১৭ হাজার ৩০০ ডলারে নেমে এসেছে।
আনদোলু বার্তাসংস্থার গতকাল মঙ্গলবার (১৫ জুলাই) প্রতিবেদন অনুযায়ী, গত সোমবার বিটকয়েনের মূল্য সর্বকালের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছিল। তখন এটি ছাড়িয়ে গিয়েছিল ১ লাখ ২৩ হাজার ডলার। কিন্তু পরদিন মঙ্গলবার বাংলাদেশ সময় দুপুর ৬টার দিকে এর দাম কমে দাঁড়িয়েছে প্রায় ১ লাখ ১৭ হাজার ৩০০ ডলারে।
ক্রিপ্টো বিশ্লেষণ সংস্থা কয়েনমার্কেটক্যাপের তথ্য জানায়, বিটকয়েনের সঙ্গে সঙ্গে বৈশ্বিক ক্রিপ্টোকারেন্সি বাজারের মোট মূল্যগত ২৪ ঘণ্টায় প্রায় ৩.৩৮ শতাংশ কমেছে। এখন বাজারের মোট মূল্য দাঁড়িয়েছে ৩.৬৭ ট্রিলিয়ন ডলার। বছরের শুরু থেকে বিটকয়েনের দাম প্রায় ২৫ শতাংশ বেড়েছে। এই বৃদ্ধি বিনিয়োগকারীদের মধ্যে আগ্রহ বাড়িয়েছে। অন্যদিকে, দ্বিতীয় বৃহত্তম ক্রিপ্টোকারেন্সি ইথেরিয়ামের দামও মঙ্গলবার কমেছে। ইথেরিয়ামের মূল্য ২.৪২ শতাংশ কমে দাঁড়িয়েছে ২ হাজার ৯৭৮ ডলারে।
বিটকয়েন আসলে কোনো শারীরিক মুদ্রা নয়। এটি একটি সম্পূর্ণ ডিজিটাল মুদ্রা, যা কোনো কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কিংবা সরকারের তদারকি ছাড়াই কাজ করে। বিটকয়েনের সব লেনদেন একটি পাবলিক লেজারে রেকর্ড হয়। এই লেজারের হাজার হাজার কপি সারাবিশ্বের নোড নামে পরিচিত সার্ভারে সংরক্ষিত থাকে।
বিটকয়েনের লেনদেন নেটওয়ার্কে ছড়িয়ে থাকে এবং নোডগুলোর মধ্যে শেয়ার হয়। মাইনিং প্রক্রিয়ার মাধ্যমে বিটকয়েন তৈরি হয়, যা শ্রমসাধ্য ও ব্যয়সাপেক্ষ। তবে যে কেউ ক্রিপ্টোকারেন্সি এক্সচেঞ্জের মাধ্যমে সহজেই বিটকয়েন কিনতে পারেন। তবে উচ্চ মূল্যের কারণে বেশির ভাগ মানুষ এক ইউনিট বিটকয়েন কিনতে পারেন না। তাছাড়া বিটকয়েনে বিনিয়োগ ঝুঁকিপূর্ণ। কারণ এর দাম ব্যাপক ওঠানামার মধ্যে থাকে।

