২০২৩-২৪ কর বছরের ১৫ হাজার ৪৯৪ জন করদাতার আয়কর রিটার্ন অডিটের জন্য নির্বাচন করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এলোমেলোভাবে (র্যান্ডম সিলেকশন) এসব রিটার্ন বাছাই করা হয়েছে বলে জানিয়েছে সংস্থাটি। আজ বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এনবিআরের জনসংযোগ কর্মকর্তা মো. আল আমিন শেখ এ তথ্য জানান।
তিনি বলেন, অডিট প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিত করতে এনবিআর সম্পূর্ণ স্বয়ংক্রিয় পদ্ধতি চালুর উদ্যোগ নিয়েছে। তবে এখনো কাগজে জমা দেওয়া রিটার্নগুলোর পূর্ণাঙ্গ তথ্য ডেটাবেজে যোগ না হওয়ায় কিছুটা সময় লাগছে। সে কারণেই আপাতত বিকল্প পদ্ধতিতে ডিজিটালভাবে এলোমেলোভাবে অডিটের জন্য রিটার্ন নির্বাচন করা হয়েছে। প্রাথমিকভাবে, প্রতিটি কর সার্কেলে দাখিল করা রিটার্নের ৫ শতাংশ এভাবে নির্বাচন করা হয়েছে। এ সংখ্যা দাঁড়িয়েছে মোট ১৫ হাজার ৪৯৪-এ।
এনবিআরের একাধিক সূত্র জানায়, একই করদাতার রিটার্ন যেন বারবার অডিটে না পড়ে, সে জন্য গত দুই বছরে যেসব করদাতার রিটার্ন অডিটে ছিল, তাদের এবার বাদ দেওয়া হয়েছে। এনবিআরের ভাষ্য, কাগজে দাখিলকৃত সব রিটার্নের তথ্য ডেটাবেজে যুক্ত করার পর রিটার্ন বাছাই হবে ঝুঁকিভিত্তিক মানদণ্ডে। তখন সম্পূর্ণ স্বয়ংক্রিয় পদ্ধতিতে অডিটের জন্য রিটার্ন নির্বাচন সম্ভব হবে। এ ব্যবস্থায় অডিট প্রক্রিয়ায় স্বচ্ছতা, নিরপেক্ষতা ও দক্ষতা বাড়বে বলে আশা করছে এনবিআর। একইসঙ্গে বাড়বে রাজস্ব আহরণও।

