জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কর্মকর্তা-কর্মচারীদের আন্দোলন ও শাটডাউনের কারণে রাজস্ব ও অর্থনৈতিক ক্ষয়ক্ষতির হিসাব করতে গঠিত হয়েছে ৯ সদস্যের আন্তঃমন্ত্রণালয় কমিটি। আজ বুধবার (১৬ জুলাই) অভ্যন্তরীণ সম্পদ বিভাগের উপসচিব রেদোয়ান আহমদের সই করা চিঠি থেকে এই তথ্য জানা যায়।
কমিটির আহ্বায়ক হয়েছেন অভ্যন্তরীণ সম্পদ বিভাগের যুগ্মসচিব সৈয়দ রবিউল ইসলাম। সদস্য সচিবের দায়িত্ব পায়েছেন অভ্যন্তরীণ সম্পদ বিভাগের উপসচিব (প্রশাসন-১)। এছাড়া অন্যান্য বিভাগের একজন করে প্রতিনিধিকে অন্তর্ভুক্ত করা হয়েছে। চিঠিতে সদস্যদের নাম না উল্লেখ করে শুধু পদ ও বিভাগের নাম দেয়া হয়েছে।
কমিটির সদস্যরা হলেন—অর্থ মন্ত্রণালয়ের উপসচিব (অর্থ বিভাগ), বাণিজ্য মন্ত্রণালয়ের উপসচিব, শিল্প মন্ত্রণালয়ের উপসচিব, নৌপরিবহন মন্ত্রণালয়ের চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের উপসচিব, জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) থেকে একজন, বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ) এবং বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশন (এফবিসিসিআই) থেকে একজন করে প্রতিনিধি।
কমিটিকে আগামী ৩০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। চিঠিতে কমিটির কার্যপরিধি উল্লেখ করা হয়েছে— গত ২৮ ও ২৯ জুন ২০২৫ তারিখে চট্টগ্রাম কাস্টম হাউস বন্ধ থাকার কারণে রাজস্ব ক্ষতির পরিমাণ নিরূপণ, দীর্ঘ দুই মাসব্যাপী কাস্টমস, ভ্যাট ও কর বিভাগের কর্মসূচির কারণে সংশ্লিষ্ট কমিশনারেট, কাস্টম হাউস, কাস্টমস বন্ড কমিশনারেট এবং কর অঞ্চলে রাজস্ব ক্ষতি, শুল্কায়ন কার্যক্রমে বিরতি ও দেশের স্থলবন্দর ও নৌবন্দরগুলোতে আমদানি-রপ্তানি কার্যক্রমে ক্ষতির পরিমাণ নির্ধারণ।
২০২৫ সালের ১২ মে সরকার অভ্যন্তরীণ সম্পদ বিভাগ (আইআরডি) ও এনবিআর বিলুপ্ত করে রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা নামে দুটি নতুন বিভাগ গঠন করে। এই অধ্যাদেশের প্রতিবাদে এনবিআরের কর্মকর্তা-কর্মচারীরা বিভিন্ন কর্মসূচি পালন করেন। গত ২৬ মে পর্যন্ত কাস্টমস, ভ্যাট ও আয়কর বিভাগের কর্মকর্তারা অবস্থান কর্মসূচি ও কলম বিরতি চালান। ২৫ মে রাতে অর্থমন্ত্রণালয়ের আশ্বাসের পর ২৬ মে কলম বিরতি শেষ হয়।
তবে কোনো সমঝোতা না হওয়ায় ২১ জুন সংবাদ সম্মেলনের মাধ্যমে দ্বিতীয় দফায় আন্দোলন শুরু হয়। ২৩ জুন থেকে এনবিআরের কর্মকর্তা-কর্মচারীরা কর্মসূচি চালিয়ে যান। তাদের প্রধান দাবি ছিল—সব পক্ষের মতামত নিয়ে রাজস্ব খাতের সংস্কার ও এনবিআর চেয়ারম্যানের অপসারণ। সবশেষ ২৯ জুন শীর্ষ ব্যবসায়ী নেতাদের অনুরোধে এনবিআর সংস্কার ঐক্য পরিষদ কমপ্লিট শাটডাউন প্রত্যাহার করে।

