জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. আবদুর রহমানকে অপসারণের দাবিতে আন্দোলনের মধ্যে দুটি বদলি আদেশকে ‘প্রতিহিংসা ও নিপীড়নমূলক’ দাবি করে তা ছিঁড়ে ফেলে প্রতিবাদ জানায় এনবিআরের কর্মকর্তা-কর্মচারীরা। গতকাল মঙ্গলবার (১৫ জুলাই) সেই কর্মসূচিতে অংশ নেওয়ায় সরকার আরও সাত কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করেছে।
এই তথ্য জানা গেছে এনবিআরের দ্বিতীয় সচিব উম্মে আয়মান কাশমীরের স্বাক্ষরিত চিঠি থেকে। বরখাস্ত হওয়া কর্মকর্তাদের মধ্যে রয়েছেন কর অঞ্চল-২ এর কর পরিদর্শক লোকমান হোসেন, কাস্টমস গোয়েন্দা ও তদন্ত ইউনিট ঢাকার কর পরিদর্শক নাজমুল হাসান ও আব্দুল্লাহ আল মামুন, সহকারী রাজস্ব কর্মকর্তা ছালেহা খাতুন সাথী ও রৌশনারা আক্তার, কর অঞ্চল-১৪ এর প্রধান সহকারী বিএম সবুজ এবং কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট ঢাকা দক্ষিণের সিপাই সালেক খান।
এর আগে গত ২৪ জুন এনবিআর ভবনে বদলি আদেশ দুটি ‘প্রতিহিংসা ও নিপীড়নমূলক’ বলে দাবি করে তা ছিঁড়ে প্রতিবাদ করে কর্মকর্তারা। গত ১৫ জুলাই একই অভিযোগে সরকার ১৪ কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করেছিল। তাদের মধ্যে আটজন দুপুরে এবং ছয়জন রাতে বরখাস্ত হন। এনবিআর চেয়ারম্যানকে অপসারণের দাবিতে চলা আন্দোলনের মধ্যে গত ২২ জুন আয়কর অনুবিভাগের পাঁচ কর্মকর্তাকে ‘তাৎক্ষণিক বদলি’ করা হয়। এর মধ্যে দুজন ছিলেন আয়কর গোয়েন্দা ও তদন্ত ইউনিটের, একজন এনবিআর বোর্ড অফিসের এবং বাকি দুজন ঢাকা ও কুমিল্লার কর অঞ্চল থেকে।
উপ-কর কমিশনার শাহ মোহাম্মদ ফজলে এলাহীকে আয়কর গোয়েন্দা থেকে ময়মনসিংহ কর অঞ্চলে বদলি করা হয়েছে। একইভাবে মোহাম্মদ শিহাবুল ইসলামকে ঢাকার কর অঞ্চল-১৬ থেকে খুলনা কর অঞ্চলে, মো. আব্দুল্লাহ ইউসুফকে বোর্ড থেকে সরিয়ে বগুড়া কর অঞ্চলে বদলি করা হয়েছে। এছাড়া উপ-কর কমিশনার ইমাম তৌহিদ হাসান শাকিলকে আয়কর গোয়েন্দা থেকে কুমিল্লা কর অঞ্চলে এবং উপ-কর কমিশনার নুসরাত জাহান শমীকে কুমিল্লা কর অঞ্চল থেকে রংপুর কর অঞ্চলে বদলি করা হয়েছে।

