যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্ভাব্য বাণিজ্য চুক্তি নিয়ে নিজেদের অবস্থান চূড়ান্ত করতে প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ। এই প্রক্রিয়ার অংশ হিসেবে আজ বুধবার একটি আন্তমন্ত্রণালয় বৈঠক করেছে বাণিজ্য মন্ত্রণালয়। সভায় বিভিন্ন মন্ত্রণালয় ও সংস্থার মতামত নেওয়া হয়েছে।
বৈঠকে সভাপতিত্ব করেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। সভা শেষে বাণিজ্যসচিব মাহবুবর রহমান বলেন, “আমদানি-রপ্তানি সংশ্লিষ্ট অনেক মন্ত্রণালয়ের নিজস্ব আইন ও বিধান রয়েছে। সম্ভাব্য চুক্তির বিষয়বস্তু নিয়ে তাদের মতামত নিয়েছি।” তিনি জানান, মার্কিন ট্যারিফ ইস্যুতে এখন থেকে নিয়মিত বৈঠক হবে। এসব আলোচনার ভিত্তিতে একটি অবস্থানপত্র তৈরি করে যুক্তরাষ্ট্রে পাঠানো হবে। এরপর শুরু হবে আনুষ্ঠানিক আলোচনা।
কবে নাগাদ প্রস্তাব পাঠানো হবে—জানতে চাইলে সচিব বলেন, “আমরা বিষয়টি যুক্তরাষ্ট্রকে জানিয়েছি। তবে তারা এখনো সময়সূচি দেয়নি।” ইন্দোনেশিয়ার ক্ষেত্রে শুল্কহার ১৯ শতাংশে নামিয়ে আনার খবর সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, এ বিষয়ে তাঁর জানা নেই। এদিকে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, অবস্থানপত্র চূড়ান্ত করতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলো এখন নিজ নিজ খাত নিয়ে আলোচনায় ব্যস্ত। যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত চুক্তি নিয়ে আনুষ্ঠানিক প্রতিক্রিয়ার পর পরবর্তী পদক্ষেপ নেবে বাংলাদেশ।

