২০২৫ সালের প্রথম ছয় মাসে ব্র্যাক ব্যাংকের নিট আমানত বেড়েছে সাড়ে আট হাজার কোটি টাকা। ব্যাংকটির সব শাখা থেকে দেশজুড়ে এই পরিমাণ টাকা গ্রাহকদের কাছ থেকে সংগ্রহ করা হয়। জমা হওয়া অর্থ থেকে উত্তোলিত টাকা বাদ দিয়ে এ হিসাব করা হয়েছে।
আজ বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে ব্র্যাক ব্যাংক জানায়, আমানত সংগ্রহে তাদের দীর্ঘমেয়াদি পরিকল্পনা ও টেকসই উদ্যোগেরই ফল এই প্রবৃদ্ধি। গত কয়েক বছর ধরেই ব্যাংকটির শাখা নেটওয়ার্কের মাধ্যমে আমানত সংগ্রহে শক্তিশালী প্রবৃদ্ধি লক্ষ্য করা যাচ্ছে, যা ব্যাংকিং খাতে এক নতুন মানদণ্ড তৈরি করছে।
এই সাফল্য উদ্যাপন উপলক্ষে ঢাকায় আয়োজিত এক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) তারেক রেফাত উল্লাহ খান, উপব্যবস্থাপনা পরিচালক শেখ মোহাম্মদ আশফাক, ব্রাঞ্চ ডিস্ট্রিবিউশন নেটওয়ার্কের ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং বিভিন্ন অঞ্চলের শাখা ব্যবস্থাপকরা।
অনুষ্ঠানে এমডি তারেক রেফাত বলেন, “গ্রাহকদের আস্থা ও সম্পর্কই আমাদের বড় শক্তি। আমি বিশ্বাস করি, ২০২৫ সালের বাকি সময় এবং ভবিষ্যতেও আমাদের আমানত প্রবৃদ্ধির ধারা অব্যাহত থাকবে।”

