ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের গতি আবারও চাঙা হয়েছে। বুধবার (১৬ জুলাই) দিনের শেষে ডিএসইতে লেনদেন দাঁড়িয়েছে ৭৩৪ কোটি টাকায়, যা চলতি বছরের মধ্যে প্রথমবার ৭০০ কোটির ঘর ছাড়িয়েছে এবং গত সাড়ে আট মাসের মধ্যে সর্বোচ্চ।
ডিএসইর তথ্য বলছে, কয়েক দিন ধরেই লেনদেন উর্ধ্বমুখী। এর ধারাবাহিকতায় গত বছরের ৫ নভেম্বরের পর এবারই সর্বোচ্চ লেনদেন রেকর্ড হলো। ওইদিন লেনদেন হয়েছিল ৮৪০ কোটি টাকা।
লেনদেন বৃদ্ধির পাশাপাশি সূচকেও দেখা গেছে ইতিবাচক প্রবণতা। প্রধান সূচক ডিএসইএক্স এক দিনে বেড়েছে ৫৫ পয়েন্ট বা ১ শতাংশের বেশি, দাঁড়িয়েছে ৫,১১৭ পয়েন্টে — যা গত তিন মাসের মধ্যে সর্বোচ্চ।
বাজারে লেনদেন হওয়া ৩৯৭টি কোম্পানির মধ্যে ২৬৭টির শেয়ারদাম বেড়েছে, ৭৯টির কমেছে এবং ৫১টির দামে কোনো পরিবর্তন হয়নি।
এই প্রবণতা বাজারে বিনিয়োগকারীদের মধ্যে আস্থা ফিরছে— এমন বার্তা দিচ্ছে বলে মনে করছেন বিশ্লেষকরা।

