চট্টগ্রামের কর্ণফুলী নদীর তলদেশ দিয়ে নির্মিত ব্যয়বহুল কর্ণফুলী টানেল চালুর পর থেকেই লোকসানে রয়েছে। টোল বাবদ যে আয় হচ্ছে, তা দিয়ে টানেলের পরিচালন ব্যয়ও উঠে আসছে না। ফলে প্রতিবছরই বাংলাদেশ সেতু কর্তৃপক্ষকে গুনতে হচ্ছে মোটা অঙ্কের টাকা। সেতু কর্তৃপক্ষ জানিয়েছে, ২০২৫-২৬ অর্থবছরেও টানেলটি লোকসান দেবে—এমন পূর্বাভাসই মিলেছে। তাদের প্রাক্কলন অনুযায়ী, এ বছর টানেল থেকে ক্ষতির পরিমাণ দাঁড়াতে পারে ১৬৯ কোটি ৩৩ লাখ টাকা।
নদীর নিচ দিয়ে নির্মিত এ টানেল চালু রাখতে প্রয়োজন হয় সার্বক্ষণিক কৃত্রিম অক্সিজেন ও আলো, নিরাপত্তা ব্যবস্থা এবং জরুরি সেবা। এ কারণে রক্ষণাবেক্ষণ ব্যয় অত্যন্ত বেশি। সম্ভাব্যতা সমীক্ষা অনুযায়ী, টানেলের প্রতিদিনকার রক্ষণাবেক্ষণের পাশাপাশি প্রতি পাঁচ বছর পর প্রয়োজন বড় ধরনের সংস্কার। সঙ্গে আছে কর্মীদের বেতন, বিদ্যুৎ ও জ্বালানি ব্যয়। আয় আসে কেবল যানবাহনের টোল থেকে।
টানেল পরিচালনার দায়িত্বে রয়েছে চীনা প্রতিষ্ঠান চায়না কমিউনিকেশন কনস্ট্রাকশন কোম্পানি লিমিটেড (CCCC)। তাদের সঙ্গে পাঁচ বছরের জন্য ৯৮৪ কোটি টাকার চুক্তি করেছে সেতু কর্তৃপক্ষ। ২০২৩ সালের ২৮ অক্টোবর উদ্বোধনের পর ২০২৩-২৪ অর্থবছরে টানেলের পরিচালনা ও রক্ষণাবেক্ষণ ব্যয় দাঁড়ায় ১৭৫ কোটি টাকার বেশি। টোল বাবদ আদায় হয় মাত্র ২৮ কোটি ৪০ লাখ টাকা। ফলে প্রথম বছরেই লোকসান হয় প্রায় ১৪৭ কোটি টাকা।
সদ্য সমাপ্ত ২০২৪-২৫ অর্থবছরে টানেলের পরিচালনা ব্যয় আরও বেড়ে দাঁড়ায় ২২৬ কোটি ৪০ লাখ টাকা। এর মধ্যে টোল অব্যাহতি দেওয়া হয় ৭৮ লাখ টাকার বেশি, সড়ক-মহাসড়ক সংস্কারে ২ কোটি ৫০ লাখ এবং স্যানিটেশন ও পানি সরবরাহে ৯০ লাখ টাকা ব্যয় হয়। বিপরীতে টোল আদায় হয় ৩৮ কোটি ৫৮ লাখ টাকা। ফলে দ্বিতীয় বছরে লোকসান দাঁড়ায় প্রায় ১৮৯ কোটি টাকা।
চীনের ঋণে ১০ হাজার ৬৮৯ কোটি টাকা ব্যয়ে নির্মিত হয় কর্ণফুলী টানেল। সমীক্ষায় বলা হয়েছিল, ২০২৫ সালে প্রতিদিন গড়ে ২৮ হাজার ৩০৫টি গাড়ি টানেল ব্যবহার করবে। কিন্তু বাস্তবে তা অনেক কম। CCCC-এর তথ্য অনুযায়ী, ২০২৫ সালের এপ্রিল মাসে দৈনিক গড়ে মাত্র ৪ হাজার ১৫টি গাড়ি টানেল দিয়ে চলেছে। চলতি অর্থবছরেও টানেল থেকে বড় অঙ্কের লোকসান হবে বলেই ধারণা করছে কর্তৃপক্ষ। তাদের প্রাক্কলনে বলা হয়েছে, এবার টোল থেকে আয় হবে ৩৯ কোটি ৪৬ লাখ টাকা। আর ব্যয় হবে ২০৮ কোটি ৮০ লাখ টাকা।
এ প্রসঙ্গে সেতু বিভাগের সচিব মোহাম্মদ আবদুর রউফ বলেন, “গাড়ির সংখ্যা কম থাকায় পরিচালনা ব্যয় কমাতে জনবলও হ্রাস করা হয়েছে। আমাদের উচ্চ পর্যায়ের কমিটি ব্যয় কমানোর কাজ করছে। এরই মধ্যে রক্ষণাবেক্ষণ খাতে প্রায় ১০০ কোটি টাকা কমানো সম্ভব হয়েছে।” তিনি আরও বলেন, “টানেলের ট্রাফিক বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। যাতে ঢাকা-কক্সবাজার সড়ক যোগাযোগ টানেল দিয়ে সহজ হয়, সে লক্ষ্যে কাজ চলছে। সড়ক ও জনপথ অধিদপ্তর ইতিমধ্যে আনোয়ারা প্রান্তের সঙ্গে কক্সবাজার প্রান্ত যুক্ত করতে একটি নতুন সড়ক নির্মাণের উদ্যোগ নিয়েছে। এটি চালু হলে যানবাহন সরাসরি টানেল হয়ে চলাচল করতে পারবে। এতে সময় যেমন কমবে, তেমনি আয়ও বাড়বে।”
সচিব জানান, টানেল ঘিরে অর্থনৈতিক পরিকল্পনাও বাস্তবায়নে রয়েছে সরকার। “চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ টানেল কেন্দ্রিক আবাসন প্রকল্প এবং চট্টগ্রাম বন্দরও এতে যুক্ত রয়েছে। প্রকল্পটি লাভজনক করতে সব উদ্যোগ নেওয়া হচ্ছে,” বলেন মোহাম্মদ আবদুর রউফ।

