বৃষ্টির কারণে সরবরাহে সংকট দেখা দেওয়ায় হঠাৎ করে বেড়ে যায় কাঁচা মরিচের দাম। তবে দ্রুত আমদানির অনুমোদন দিয়ে বাজার নিয়ন্ত্রণে আনার উদ্যোগ নেয় কৃষি মন্ত্রণালয়। এরই মধ্যে ভারতসহ বিভিন্ন দেশ থেকে কাঁচা মরিচ আসতে শুরু করেছে, ফলে বাজারে সরবরাহ বাড়ছে এবং ধীরে ধীরে দাম কমছে।
গত ছয় দিনে মোট ৩৪ হাজার ২০০ টন কাঁচা মরিচ আমদানির অনুমোদন দিয়েছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। ১০ জুলাই থেকে আমদানি শুরু হয়, যার মধ্যে ভারত থেকে স্থলবন্দরগুলো দিয়ে এখন পর্যন্ত ৮৩৮ টন মরিচ দেশে এসেছে। এর প্রভাবে রাজধানীর খুচরা বাজারে কাঁচা মরিচের দাম এখন ১৮০ থেকে ২০০ টাকা কেজির মধ্যে। পাইকারি বাজারে প্রতি কেজি বিক্রি হচ্ছে ১৪০ থেকে ১৫০ টাকায়। অথচ কয়েক দিন আগেও এই দাম ছিল ২৫০ থেকে ৩০০ টাকা পর্যন্ত।
ব্যবসায়ীরা জানান, টানা বৃষ্টিতে মাঠঘাট প্লাবিত হওয়ায় স্থানীয়ভাবে মরিচের উৎপাদন ও সরবরাহে ব্যাঘাত ঘটে। এতে বাজারে ঘাটতি দেখা দেয় এবং হঠাৎ করেই দাম বেড়ে যায়। তবে এখন প্রতিদিন বিপুল পরিমাণ আমদানি হওয়ায় দাম পড়তির দিকে। সেগুনবাগিচা বাজারের সবজি বিক্রেতা জালাল জানান, গত সপ্তাহে পাইকারি বাজারে প্রতি ৫ কেজির (এক পাল্লা) দাম ছিল ১ হাজার ২০০ টাকা। তখন খুচরায় প্রতি কেজি বিক্রি হয় ২৫০ থেকে ৩০০ টাকায়। কিন্তু এখন দাম অনেকটা কমেছে। তিনি বলেন, “আমদানির মরিচ বাজারে আসায় দাম আর বাড়ার আশঙ্কা নেই।” হিলি স্থলবন্দর কর্তৃপক্ষ জানায়, সর্বশেষ ২০২৩ সালের ১৪ নভেম্বর হিলি দিয়ে ৩১ দশমিক ০৮৩ টন কাঁচা মরিচ আমদানি হয়েছিল। দীর্ঘ প্রায় ৮ মাস বন্ধ থাকার পর আবারও আমদানি শুরু হয়েছে।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্ভিদ সংগনিরোধ বিভাগের উপপরিচালক (আমদানি) মো. আশরাফুল আলম বলেন, “বর্ষাকালে অতিরিক্ত বৃষ্টিতে মরিচের জমি নষ্ট হয়ে যায়। এ কারণে আগে ভাগেই ৯ জুলাই থেকে আমদানির অনুমোদন শুরু করেছি। বাজারে দাম বাড়তেই আমদানি কার্যকর হয়েছে এবং তাতেই দাম কমছে।”
কৃষি মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, দেশে প্রতি বছর প্রায় ১৫ লাখ টন কাঁচা মরিচের চাহিদা রয়েছে। স্থানীয়ভাবে উৎপাদন হয় সাড়ে ১৪ লাখ টনের বেশি। বর্ষাকালে ঘাটতি মেটাতে আমদানির ওপর নির্ভর করতে হয়। দেশে সবচেয়ে বেশি মরিচ উৎপাদিত হয় বগুড়া জেলায়। কৃষি বিপণন অধিদপ্তরের হিসাব অনুযায়ী, গত বছর এ সময় কাঁচা মরিচের দাম ছিল ১৬০ থেকে ২৪০ টাকা কেজি। তবে আগস্টে তা একপর্যায়ে ১ হাজার টাকাও ছাড়িয়ে যায়। এ বছর এমন ঝুঁকি নেই বলে মনে করছেন ব্যবসায়ীরা।
বাংলাদেশ পাইকারি কাঁচামাল আড়ত মালিক সমিতির সভাপতি ইমরান মাস্টার বলেন, “মরিচের দাম এখন স্বাভাবিক। টানা বৃষ্টিতে কিছু গাছ নষ্ট হলেও বর্ষাকালের জন্য এটি স্বাভাবিক ব্যাপার। গত বছর ফেনীসহ বিভিন্ন এলাকায় বন্যায় ব্যাপক ক্ষতি হয়েছিল, এবার সে রকম পরিস্থিতি হয়নি।” কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তারা জানান, স্থানীয়ভাবে নতুন মরিচ বাজারে না আসা পর্যন্ত আমদানির অনুমোদন অব্যাহত থাকবে। এতে দাম স্থিতিশীল থাকবে বলে আশা করা হচ্ছে।

