যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, দেশটি শিগগিরই ভারতের সঙ্গে একটি নতুন বাণিজ্য চুক্তিতে পৌঁছাতে যাচ্ছে। রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা জানান। এই মন্তব্য সময়োপযোগী, কারণ বর্তমানে ভারতের বাণিজ্য মন্ত্রণালয়ের প্রতিনিধি দল ওয়াশিংটন ডিসিতে অবস্থান করছে।
ব্লুমবার্গের বরাতে ইকোনমিক টাইমস জানায়, ভারত এমন একটি চুক্তি চায় যা প্রতিবেশী দেশ ইন্দোনেশিয়ার তুলনায় বেশি প্রতিযোগিতামূলক সুবিধা দেবে। যুক্তরাষ্ট্র সম্প্রতি ইন্দোনেশিয়ার সঙ্গে একটি বাণিজ্য চুক্তি করেছে, যেখানে গড় শুল্ক নির্ধারণ হয়েছে প্রায় ১৯ শতাংশ। ভারতের ক্ষেত্রে এই হার ২০ শতাংশের নিচে হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
ট্রাম্প ইন্দোনেশিয়ার সঙ্গে চুক্তি প্রসঙ্গে বলেন, “তারা আমাদের ইন্দোনেশিয়ার বাজারে প্রবেশের সুযোগ দিয়েছে, যা আগে ছিল না। এটি সম্ভবত সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক। ভারতও এখন এই পথে চলছে।” তিনি আরও বলেন, “আমরা এখন ভারতের বাজারে প্রবেশের খুব কাছে আছি। আগে আমাদের এসব দেশে ঢোকার সুযোগ ছিল না। আমাদের উদ্যোক্তারা পণ্য পৌঁছাতে পারত না। এখন শুল্ক নীতির পরিবর্তনের মাধ্যমে সেই সুযোগ পাচ্ছি।”
এর আগে ট্রাম্প ইঙ্গিত দিয়েছিলেন, ভারতের সঙ্গে যুক্তরাষ্ট্রের বাণিজ্য চুক্তি প্রায় চূড়ান্ত পর্যায়ে রয়েছে। ভারতের বাণিজ্যমন্ত্রী পীযূষ গোয়াল এ সপ্তাহের শুরুতে জানিয়েছেন, “আলোচনা দ্রুত এগোচ্ছে।” তবে কিছু ইস্যুতে দ্বন্দ্ব এখনও আছে। যেমন, ভারত কৃষিপণ্য ও দুগ্ধজাত পণ্যে শুল্ক ছাড় দিতে রাজি নয়। এই খাত দুটির প্রতি ভারত সংবেদনশীল। অতীতেও প্রতিটি আলোচনায় দেশটি এগুলো রক্ষা করেছে। তাই সম্ভাব্য চুক্তিতেও এ দুটি খাত অন্তর্ভুক্ত হওয়ার সম্ভাবনা কম।
অন্যদিকে, যুক্তরাষ্ট্র ইস্পাত, অ্যালুমিনিয়াম ও গাড়ি আমদানিতে যে উচ্চ শুল্ক আরোপ করেছে, তা নিয়েও মতবিরোধ রয়েছে। যুক্তরাষ্ট্র ইস্পাতে ৫০ শতাংশ এবং গাড়িতে ২৫ শতাংশ শুল্ক ধার্য করেছে। ভারত এই বিষয়ে বিশ্ব বাণিজ্য সংস্থার কাছে অভিযোগ করেছে। ট্রাম্প প্রশাসন সম্প্রতি একাধিক দেশকে ‘শুল্ক চিঠি’ পাঠাচ্ছে, যেখানে রপ্তানিপণ্যের ওপর শুল্ক হার জানানো হয়। ভারত এখনো এমন কোনো চিঠি পাননি। পূর্ব নির্ধারিত ৯ জুলাইয়ের পরিবর্তে পাল্টা শুল্ক কার্যকর হওয়ার তারিখ ১ আগস্টে পিছিয়েছে।

