ট্রেড যুদ্ধের হুমকিতে আবার উত্তপ্ত হচ্ছে আটলান্টিকের দুই পাড়। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইউরোপীয় ইউনিয়নের পণ্যে ৩০ শতাংশ ‘রেসিপ্রোকাল’ (পারস্পরিক) শুল্ক আরোপের ঘোষণা দেওয়ার পর, ইইউও প্রস্তুত করছে কড়া জবাব। ব্লকের পক্ষ থেকে জানানো হয়েছে, ৮৪ বিলিয়ন ডলারের (৭২ বিলিয়ন ইউরো) সমপরিমাণ মার্কিন পণ্যের ওপর পাল্টা শুল্ক বসানো হবে—যদি সমঝোতা না হয়।
তবে ইউরোপ এখনো শেষ মুহূর্ত পর্যন্ত সমঝোতার পথ খোলা রেখেছে। ইইউ কমিশনের বাণিজ্য কমিশনার মারোস সেফচোভিচ বলেছেন, “আমরা ১ আগস্ট পর্যন্ত এক মিনিটও নষ্ট না করে আলোচনার চেষ্টা চালিয়ে যাব। তবে একই সঙ্গে আমাদের প্রস্তুত থাকতে হবে—যদি আলোচনার ফল না আসে।”
ইউরোপীয় কমিশনার ফর ট্রেড অ্যান্ড ইকোনমিক সিকিউরিটি মারোস শেফচোভিচ ব্রাসেলসে ইউরোপীয় ইউনিয়নের সদর দপ্তরে কমিশনারদের সাপ্তাহিক বৈঠকে যোগ দিতে পৌঁছেছেন।
সম্প্রতি প্রেসিডেন্ট ট্রাম্প ঘোষণা দিয়েছেন, ইউরোপ থেকে আমদানি করা সকল পণ্যের ওপর ৩০ শতাংশ শুল্ক বসানো হবে ১ আগস্ট থেকে। এর মাধ্যমে তিনি যুক্তরাষ্ট্রের ২৩৫.৬ বিলিয়ন ডলারের বাণিজ্য ঘাটতি কমাতে চান, যা বর্তমানে ইইউর সঙ্গে মার্কিন বাণিজ্যে বিরাট এক ভারসাম্যহীনতা তৈরি করেছে।
এর আগেও ট্রাম্প চলতি বছরের শুরুতে ইউরোপের স্টিল, অ্যালুমিনিয়াম ও গাড়িতে ২৫ শতাংশ শুল্ক বসিয়েছিলেন। যদিও তখন ইইউ তার প্রতিক্রিয়ায় ২৩.৮ বিলিয়ন ডলারের মার্কিন পণ্যে পাল্টা শুল্ক ঘোষণা করেছিল, তা বাস্তবায়ন স্থগিত রাখা হয় আলোচনার সুযোগ তৈরির জন্য।
এইবার আর কৌশলী নয়, ইইউ সরাসরি ৮৪ বিলিয়ন ডলারের মার্কিন পণ্য নির্ধারণ করে ফেলেছে, যেগুলোর ওপর শুল্ক বসানো হবে যদি ট্রাম্প তার ঘোষণা বাস্তবায়ন করেন।
এই তালিকায় আছে:
১১ বিলিয়ন ইউরোর মার্কিন উড়োজাহাজ ও যন্ত্রাংশ
গাড়ি, মেশিনারি, ইলেকট্রনিক্স ও রাসায়নিক পণ্য
কৃষিজ পণ্য যেমন ফলমূল ও শাকসবজি
এবং মদ জাতীয় পণ্য যেমন বোরবন ও রাম
তবে শুল্কের হার এখনও প্রকাশ করা হয়নি। ইউরোপীয় কমিশনের ট্রেড পলিসি কমিটি চূড়ান্ত অনুমোদনের পরেই এটি কার্যকর হতে পারে।
ইইউর ভেতরে সবাই যে একই কৌশলের পক্ষে, তা নয়। জার্মানি চায় দ্রুত একটি চুক্তি, যাতে তাদের রপ্তানিনির্ভর শিল্পগুলো ক্ষতির মুখে না পড়ে। অন্যদিকে ফ্রান্সের মতো দেশগুলো বলছে, যুক্তরাষ্ট্রের চাপের মুখে ‘অসম চুক্তি’ করা যাবে না। এ নিয়ে ব্লকের অভ্যন্তরে কূটনৈতিক ভারসাম্য রক্ষা করাও একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।
ডেনমার্কের পররাষ্ট্রমন্ত্রী লার্স লকে রাসমুসেন বলেছেন, “এখনই পাল্টা ব্যবস্থা নেওয়ার সময় নয়, কিন্তু আমাদের প্রস্তুত থাকতে হবে। যুদ্ধ ঠেকাতে হলে যুদ্ধের জন্যও প্রস্তুতি থাকা দরকার।”
বিশ্লেষকরা বলছেন, দুই পক্ষের মধ্যে বাণিজ্যযুদ্ধ শুরু হলে এর ভয়াবহ প্রভাব পড়বে উভয় অর্থনীতিতে। বার্কলেস ব্যাংকের বিশ্লেষণে বলা হয়েছে, ৩৫ শতাংশ শুল্ক ও ১০ শতাংশ পাল্টা শুল্ক আরোপ হলে ইউরোজোনের প্রবৃদ্ধি ০.৭ শতাংশ কমে গিয়ে ০.৪ শতাংশে নেমে আসবে।
অক্সফোর্ড ইকোনমিকসের মতে, ট্রাম্পের ৩০ শতাংশ শুল্কই ইউরোপকে “মন্দার কিনারায় ঠেলে দিতে পারে”।
বিশেষ করে জার্মানি—যা ইউরোপের সবচেয়ে বড় অর্থনীতি—সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে। জার্মান চ্যান্সেলর ফ্রিডরিখ মের্জ বলেন, “এভাবে শুল্ক বসানো হলে আমাদের পুরো অর্থনৈতিক পরিকল্পনা ব্যাহত হবে এবং রপ্তানি খাত চরমভাবে ক্ষতিগ্রস্ত হবে।”
এটা ভুললে চলবে না যে, ইউরোপও যুক্তরাষ্ট্রের অনেক বড় বাজার। বিশেষ করে মার্কিন কৃষিপণ্য, গাড়ি ও উড়োজাহাজ খাত ইউরোপে ব্যাপকভাবে নির্ভরশীল। পাল্টা শুল্কে মার্কিন কৃষকদের আয় কমে যেতে পারে, যাঁরা আবার ট্রাম্পের গুরুত্বপূর্ণ ভোটব্যাংক।
অগাস্টের ১ তারিখ এখনও হাতে আছে। ইইউ এখনো আলোচনার চেষ্টা চালিয়ে যাচ্ছে, কিন্তু তাদের ভাষায় “আমরা যদি চুক্তি না পাই, তবে আমাদেরও প্রস্তুত থাকতে হবে।”এই বাণিজ্যযুদ্ধ রুখতে শেষ পর্যন্ত দুই পক্ষ কতোটা ছাড় দিতে প্রস্তুত, সেটাই এখন দেখার বিষয়।