২০২৬ সালের ১ জানুয়ারি থেকে ব্যাংক খাতে চালু হচ্ছে ঝুঁকিভিত্তিক তদারকি ব্যবস্থা। এই নতুন কাঠামোর মাধ্যমে তদারকি হবে আরও আধুনিক, কার্যকর ও তথ্যনির্ভর। বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, প্রতিটি ব্যাংকের আর্থিক, বাজার, পরিচালনাগত, আইনগত ও কৌশলগত ঝুঁকি চিহ্নিত করে সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
তবে কেবল কাঠামো পরিবর্তন যথেষ্ট নয়—রাজনৈতিক সদিচ্ছা ও হস্তক্ষেপহীনতা না থাকলে এসব উদ্যোগ কার্যকর হবে না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর। গভর্নর জানান, ইতোমধ্যে ২০টি ব্যাংকে পরীক্ষামূলকভাবে আরবিএস পদ্ধতি চালু হয়েছে। জুলাই থেকে ধাপে ধাপে সব তফসিলি ব্যাংকে এটি বাস্তবায়ন শুরু হবে। ৩১ ডিসেম্বরের মধ্যে ৬১টি ব্যাংকে এ তদারকি কাঠামো চালু হবে। এজন্য ১২টি কমিটি গঠন করা হবে, যারা ৩৬০ ডিগ্রি তদারকি করবে। তিনি বলেন, “আমরা একটি শক্তিশালী ব্যাংক খাত গড়তে চাই। তবে এর জন্য রাজনৈতিক গুণগত পরিবর্তন অপরিহার্য। কেন্দ্রীয় ব্যাংক যেন স্বাধীনভাবে কাজ করতে পারে, তা নিশ্চিত করতে হবে।”
ইসলামী ধারার দুর্বল কিছু ব্যাংকের একীভূতকরণ প্রসঙ্গে গভর্নর জানান, ছয়টি ব্যাংকের সঙ্গে নতুন করে আবারও বৈঠক করা হবে। যদি তারা যৌক্তিক কারণ দেখাতে পারে, তাহলে একীভূতকরণের সিদ্ধান্ত পর্যালোচনা করা হতে পারে। তবে তার মতে, এসব ব্যাংক মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত, এজন্য একীভূত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
দুর্বল ব্যাংকের বোর্ড পুনর্গঠন নিয়ে গভর্নর বলেন, “পুনর্গঠনের পর কিছু ব্যাংক ভালো করছে। কিন্তু যারা এখনও পারফরম্যান্স দেখাতে পারছে না, তাদের বোর্ড পুনরায় গঠন করা হতে পারে।” তিনি জানান, কিছু আর্থিক প্রতিষ্ঠানকে বন্ধ করার চিন্তা করছে বাংলাদেশ ব্যাংক। এজন্য প্রতিষ্ঠানগুলোকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।
ডলারভিত্তিক রিজার্ভ ব্যবস্থার পরিবর্তে পণ্য মুদ্রা বা অন্য সম্পদ অন্তর্ভুক্ত করা যায় কি না, সে বিষয়েও ভাবছে বাংলাদেশ ব্যাংক বলে জানান গভর্নর। দুর্বল ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানের আমানতকারীদের নিশ্চয়তা দিয়ে গভর্নর বলেন, “এক মাস, ছয় মাস বা এক বছর সময় লাগলেও, সবাই তাদের জমা টাকা ফেরত পাবেন।” তিনি জানান, ক্ষুদ্র আমানতকারীদের টাকা ফেরত দিতে ব্যাংকগুলোকে সহায়তা দেওয়া হয়েছে এবং অনেকেই ইতিমধ্যে টাকা পেয়েছেন, বাকিরাও সময়মতো পাবেন।
বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, নতুন তদারকি ব্যবস্থার আওতায় প্রতিটি ব্যাংকের ঝুঁকি বিশ্লেষণ করতে তৈরি করা হচ্ছে কেন্দ্রীয় তথ্য প্ল্যাটফর্ম। এটি চালু হলে প্রতিটি ব্যাংকের ঝুঁকিপূর্ণ ক্ষেত্র সহজেই শনাক্ত করা যাবে এবং দ্রুত হস্তক্ষেপ করা সম্ভব হবে। এতে ব্যাংক খাতে স্থিতিশীলতা বাড়বে এবং অর্থনৈতিক প্রবৃদ্ধির ভিত্তি আরও মজবুত হবে।

