ব্রাসেলস থেকে ঘোষিত হলো ইউরোপীয় ইউনিয়নের পরবর্তী সাত বছরের বাজেট পরিকল্পনা—যার পরিমাণ ১.৮১৬ ট্রিলিয়ন ইউরো। এই প্রস্তাবিত বাজেট ২০২৮ সাল থেকে কার্যকর হবে এবং তা ২০২১-২০২৭ সময়কালের বাজেটের চেয়ে উল্লেখযোগ্য পরিমাণে বড়।
ইইউ কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লায়েন এই বাজেটকে ব্যাখ্যা করে বলেন, “এটি একটি বড় বাজেট, বুদ্ধিদীপ্ত বাজেট এবং সময়োপযোগী বাজেট—যা ইউরোপের সংকট মোকাবিলা ও স্বাধীনতা নিশ্চিত করবে।”
কিন্তু বাজেট ঘোষণার সঙ্গেই শুরু হয়েছে বিতর্ক। ইউরোপীয় সংসদের অনেক সদস্য এবং সদস্যরাষ্ট্রগুলো ইতোমধ্যেই প্রকাশ্যে সমালোচনা করেছেন। অনেকে এটিকে অতিরিক্ত ব্যয়বহুল এবং বিভ্রান্তিকর হিসেবেও অভিহিত করছেন।
ইউরোপীয় কমিশনের তথ্য অনুযায়ী, এই বাজেট মোট আয় হিসাবে ইইউর মোট জাতীয় আয়ের ১.১৫ শতাংশ। এর মধ্যে অন্তর্ভুক্ত আছে কোভিড-১৯ পরবর্তী ঋণের পরিশোধের ব্যয়ও, যেটি যোগ করলে বাজেটের আকার দাঁড়ায় ১.২৬ শতাংশ।
কমিশনের বাজেট পরিকল্পনায় থাকছে:
- ৮৬৫ বিলিয়ন ইউরো ‘ন্যাশনাল অ্যান্ড রিজিওনাল প্ল্যান’-এ (যেখানে কৃষি ও আঞ্চলিক উন্নয়ন অন্তর্ভুক্ত)
- ৪১০ বিলিয়ন ইউরো ইউরোপিয়ান প্রতিযোগিতা ফান্ডে
- ২০০ বিলিয়ন ইউরো বৈশ্বিক সহায়তা ও প্রতিবেশী দেশগুলোর জন্য (গ্লোবাল ইউরোপ)
- ২৯২ বিলিয়ন ইউরো পরমাণু ডিকমিশনিং, বিচার বিভাগসহ অন্যান্য খাতে
- ৪৯ বিলিয়ন ইউরো ইরাসমাস+ শিক্ষাবিনিময় কর্মসূচিতে
তবে কৃষি ভর্তুকি ও দরিদ্র অঞ্চলের উন্নয়নের ওপর যেভাবে এতদিন অর্থ বরাদ্দ হতো, এবার তার অনুপাত স্পষ্টভাবে কমানো হয়েছে, যা নিয়েই উঠেছে প্রশ্ন।
ইউরোপীয় পার্লামেন্টের বিভিন্ন দলের সদস্যরা বাজেটের আকার ও অগ্রাধিকারে ভিন্নমত পোষণ করছেন।
ইউরোপিয়ান পিপলস পার্টির বাজেট আলোচক সিগফ্রিড মুরেশান বলেন, কমিশন বাজেটের প্রকৃত হিসাব বিভ্রান্তিকরভাবে উপস্থাপন করেছে।
ডাচ অর্থমন্ত্রী ইলকো হেইনেন মন্তব্য করেন, “এই প্রস্তাবিত বাজেট খুবই বেশি।”
আর ফরাসি ও জার্মান সরকার উভয়েই ইঙ্গিত দিয়েছে, তারা বাজেটের অঙ্ক বাড়াতে নারাজ।
ইউরোপীয় সংসদের বাজেট–বিষয়ক প্রধান প্রতিনিধি কারলা তাভারেস বলেন, “কোভিড-১৯ ঋণ শোধের কারণে আমাদের মূল অগ্রাধিকারগুলো যেন ক্ষতিগ্রস্ত না হয়, তা নিশ্চিত করতেই হবে।”
কমিশন এই বাজেট বাস্তবায়নের জন্য তিনটি নতুন করের প্রস্তাব দিয়েছে:
- ইলেকট্রনিক বর্জ্য কর
- তামাকপণ্যে কর
- ইউরোপে অবস্থিত কোম্পানির ওপর কর
এছাড়াও কার্বন বর্ডার ট্যাক্স এবং ইমিশন ট্রেডিং স্কিম থেকে রাজস্ব আদায়ের পরিকল্পনাও রয়েছে। এতে বছরে ৫৮ বিলিয়ন ইউরো পর্যন্ত রাজস্ব আসতে পারে বলে আশা করা হচ্ছে।
এই বাজেট এখন পাশ হতে হবে ইউরোপীয় সংসদ এবং ২৭টি সদস্যরাষ্ট্রের সম্মতিতে। কিন্তু এই সমর্থন পাওয়া সহজ হবে না।
জার্মানি ও ফ্রান্স—ইউরোপের দুই বৃহত্তম অর্থনীতি—ইতোমধ্যেই আকার নিয়ে আপত্তি তুলেছে। তারা বলছে, ঋণ ও ঘাটতির চাপে অতিরিক্ত বাজেট বরাদ্দ সম্ভব নয়।
এরই মধ্যে ইউরোপের স্থানীয় প্রতিনিধিত্বকারী কমিটি অফ দ্য রিজিওন্স মন্তব্য করেছে, “এই বাজেট আসলে আঞ্চলিক সহায়তা নীতি ধ্বংসের দানবীয় পরিকল্পনা।”
এই বাজেট নিয়ে আলোচনা এখন মাত্র শুরু। উরসুলা ভন ডার লায়েনের জন্য এটি হবে এক বড় পরীক্ষা—তিনি পার্লামেন্ট এবং সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে ঐক্য আনতে কতটা সফল হন, তার ওপর নির্ভর করবে বাজেটের ভবিষ্যৎ।
এই প্রস্তাব কি ইউরোপের ভবিষ্যৎকে আরও শক্তিশালী করবে, নাকি অভ্যন্তরীণ টানাপোড়েনেই হারিয়ে যাবে নতুন পরিকল্পনার গতি? উত্তর দেবে সময়ই।

