বাংলাদেশের ব্যাংক খাত ২০২৬ সাল পর্যন্ত চাপের মুখে থাকতে পারে। এ পূর্বাভাস দিয়েছে আন্তর্জাতিক ক্রেডিট রেটিং সংস্থা এসঅ্যান্ডপি গ্লোবাল রেটিংস। তাদের মতে, দীর্ঘদিনের কাঠামোগত দুর্বলতা, সম্পদের মানের অবনতি ও কম লাভজনকতার কারণে এই চাপ চলতেই থাকবে।
২০২৫ সালের মধ্যবর্তী পূর্বাভাসে এসঅ্যান্ডপি বলেছে, ব্যাংকিং ব্যবস্থায় উচ্চ ঋণ ঝুঁকি, খণ্ডিত কার্যক্রম ও কিছু রাষ্ট্রায়ত্ত ও ইসলামি ব্যাংকের পরিচালনায় নির্বাহী দুর্বলতা দীর্ঘদিন ধরে বিরাজমান। এসব কারণে খাতের স্থিতিশীলতা ও কার্যকারিতা বিঘ্নিত হচ্ছে। এসঅ্যান্ডপির তথ্য অনুযায়ী, বেশ কিছু ইসলামি ব্যাংক তারল্য সংকটে আছে এবং অনেক ব্যাংক মূলধন ঘাটতিতে ভুগছে। এ কারণে পুরো ব্যাংক খাতের ওপর নেতিবাচক প্রভাব পড়ছে।
এসঅ্যান্ডপির প্রধান ঋণ বিশ্লেষক শিনয় ভার্গিজ বলেন, “বাংলাদেশের ব্যাংক খাত এখনও দুর্বল ঋণদান নীতি এবং জটিল জবরদখল আইনজনিত কাঠামোগত সমস্যায় জর্জরিত।” তিনি আরও জানান, “রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর বড় অংশ দুর্বল মানের সম্পদ বহন করছে। পুরনো ঋণ নবায়নে জটিলতা, পুনঃতফসিলকৃত ঋণে খেলাপির হার বৃদ্ধি এবং ঋণগ্রহীতাদের দুর্বল নগদ প্রবাহ পরিস্থিতিকে আরও জটিল করেছে।”
সম্প্রতি বাংলাদেশ ব্যাংক কিছু কঠোর নিয়ন্ত্রণমূলক পদক্ষেপ নিয়েছে। যেমন, মেয়াদোত্তীর্ণ ঋণের শ্রেণিবিভাগে কঠোরতা, ঋণ নবায়নে কঠিন শর্ত আরোপ এবং ইচ্ছাকৃত ঋণখেলাপির সংজ্ঞা স্পষ্ট করা। এসঅ্যান্ডপির মতে, এই পদক্ষেপগুলো স্বল্পমেয়াদে কিছু ব্যাংকের ওপর চাপ বাড়ালেও দীর্ঘমেয়াদে ব্যাংক খাতের স্বচ্ছতা ও শৃঙ্খলা বাড়াবে।
প্রতিবেদনে বলা হয়েছে, খেলাপি ঋণের পরিমাণ বাড়লেও উচ্চ সুদের হার ও বাজারভিত্তিক সুদের কারণে ব্যাংকগুলোর সুদভিত্তিক আয় বা নেট ইন্টারেস্ট মার্জিন কিছুটা বাড়তে পারে। ভার্গিজ জানান, ২০২৬ সাল পর্যন্ত সুদের হার তুলনামূলক বেশি থাকতে পারে। এতে ঋণের চাহিদা কিছুটা কমলেও ব্যাংকগুলোর আয়ের পরিমাণ বাড়ার সম্ভাবনা আছে।
এসঅ্যান্ডপির বিশ্লেষণে পরিষ্কার হয়ে এসেছে, কাঠামোগত দুর্বলতা দূর করা ও শাসনব্যবস্থায় জবাবদিহি নিশ্চিত না হলে ব্যাংক খাতের স্থিতিশীলতা ফিরে আসবে না। তবে বাংলাদেশ ব্যাংকের সাম্প্রতিক উদ্যোগগুলো ব্যাংক খাতকে স্বচ্ছতা ও শৃঙ্খলার পথে নিয়ে যেতে সহায়ক হবে বলে মনে করা হচ্ছে।

