বাংলাদেশ একটি তরুণ রাষ্ট্র- কেবল স্বাধীনতার অর্থে নয়, জনসংখ্যার গড় বয়সের দিক থেকেও। দেশের ১৭ কোটির বেশি মানুষের মধ্যে প্রায় ৬ কোটির বেশি তরুণ, যাদের বয়স ১৫ থেকে ৩৫ বছরের মধ্যে। এই বিশাল যুব-গোষ্ঠী একদিকে যেমন আমাদের জন্য একটি বড় চ্যালেঞ্জ, অন্যদিকে তেমনি এটি সবচেয়ে বড় সম্ভাবনাও।
বর্তমান বিশ্বের প্রেক্ষাপটে কোনো দেশের সবচেয়ে বড় সম্পদ তার যুবসমাজ। বাংলাদেশ সে দিক থেকে এক অনন্য অবস্থানে রয়েছে, কারণ দেশের প্রায় অর্ধেক জনসংখ্যাই তরুণ, যারা ১৫ থেকে ৩৪ বছর বয়সী। এই বিশাল যুব জনগোষ্ঠীকে যদি যুগোপযোগী শিক্ষা ও প্রযুক্তিগত দক্ষতা দিয়ে প্রস্তুত করা যায়, তাহলে তারা হয়ে উঠতে পারে জাতির অগ্রগতির প্রধান চালিকাশক্তি। তথ্যপ্রযুক্তিনির্ভর এই যুগে প্রযুক্তিগত দক্ষতা শুধু চাকরির জন্য নয়, বরং টিকে থাকার জন্যই অপরিহার্য হয়ে উঠেছে।
চতুর্থ শিল্পবিপ্লবের বাস্তবতায় কৃত্রিম বুদ্ধিমত্তা, রোবোটিক্স, ডেটা বিশ্লেষণ, সাইবার নিরাপত্তা ও ক্লাউড কম্পিউটিং-এর মতো খাতে দক্ষতা অর্জন এখন আর বিলাসিতা নয়, বরং একটি জাতির ভবিষ্যৎ নির্ধারণের অন্যতম নিয়ামক। বাংলাদেশের তরুণদের যদি এই প্রযুক্তিগত খাতে দক্ষ করে গড়ে তোলা যায়, তাহলে তারা কেবল নিজেদের কর্মসংস্থানের পথ প্রশস্ত করতে পারবে না, বরং একটি জ্ঞাননির্ভর, উদ্ভাবনী ও আত্মনির্ভর বাংলাদেশ গঠনে অগ্রণী ভূমিকা পালন করবে।
“ডিজিটাল বাংলাদেশ” অর্জনের পথে দেশের অনেক অগ্রগতি ইতোমধ্যে দৃশ্যমান হয়েছে। এখন সময় “স্মার্ট বাংলাদেশ ২০৪১”-এর স্বপ্ন বাস্তবায়নের। আর সেই স্বপ্নপূরণের চাবিকাঠি হচ্ছে প্রযুক্তিতে দক্ষ একঝাঁক গতিশীল, উদ্যমী ও দেশপ্রেমিক যুবক। তাই প্রযুক্তিনির্ভর শিক্ষা ও প্রশিক্ষণ নিশ্চিত করা এখন সময়ের দাবি।
তরুণ সমাজের প্রযুক্তিনির্ভর শিক্ষা ও প্রশিক্ষণ কেন জরুরি:
বর্তমান বিশ্ব প্রযুক্তিনির্ভর। কৃত্রিম বুদ্ধিমত্তা (AI), মেশিন লার্নিং, রোবোটিক্স, ডেটা অ্যানালাইসিস ও ক্লাউড কম্পিউটিং-এর মতো নতুন নতুন প্রযুক্তি প্রতিনিয়ত আধুনিক কর্মজগতকে রূপান্তর করছে। এই পরিবর্তনের সাথে তাল মিলিয়ে চলতে হলে বাংলাদেশকেও প্রস্তুত হতে হবে। আর সেই প্রস্তুতির কেন্দ্রবিন্দুতে রয়েছে আমাদের তরুণ সমাজ। কারণ তরুণরাই আগামী দিনের কর্মশক্তি, উদ্ভাবক ও নেতৃত্ব।
তরুণ সমাজকে প্রযুক্তিতে দক্ষ করে গড়ে তোলা মানে শুধু তাদের কর্মসংস্থান নিশ্চিত করা নয়, বরং পুরো জাতিকে আত্মনির্ভর ও টেকসই উন্নয়নের পথে এগিয়ে নিয়ে যাওয়া। বর্তমানে অনেক তরুণই ফ্রিল্যান্সিং, সফটওয়্যার ডেভেলপমেন্ট, ডিজিটাল মার্কেটিং, গেম ডিজাইন ও স্টার্টআপ উদ্যোক্তা হিসেবে কাজ করছে। আন্তর্জাতিকভাবে বাংলাদেশের ফ্রিল্যান্সাররা বিশ্বে দ্বিতীয় বৃহত্তম অবদান রাখছে, যার মাধ্যমে প্রতিবছর প্রায় ৭০০–৮০০ মিলিয়ন ডলার বৈদেশিক মুদ্রা অর্জিত হচ্ছে। এটি নিঃসন্দেহে দেশের অর্থনীতির জন্য একটি বড় অর্জন।
তবে এই সফলতা আরও প্রসারিত করতে হলে প্রযুক্তিনির্ভর শিক্ষা ও প্রশিক্ষণকে আরও বিস্তৃত ও আধুনিক করতে হবে। উন্নত বিশ্বের সঙ্গে প্রতিযোগিতায় টিকে থাকতে হলে আমাদের তরুণদেরও সেই মানের দক্ষতা অর্জন করতে হবে। শুধু প্রথাগত শিক্ষার গণ্ডিতে সীমাবদ্ধ থাকলে চলবে না। দরকার বাস্তবমুখী ও শিল্প-সম্পর্কিত প্রযুক্তিগত দক্ষতা, যা শুধু চাকরির বাজারেই নয় উদ্ভাবন, উদ্যোক্তা এবং গবেষণায়ও তাদের সক্ষম করে তুলবে।
এই লক্ষ্যে সরকার ইতোমধ্যেই বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে। আইসিটি বিভাগ ও বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল (BCC) দেশের বিভিন্ন অঞ্চলে প্রযুক্তি প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন করছে। ডিজিটাল ল্যাব, শেখ রাসেল ডিজিটাল কম্পিউটার ল্যাব, আইটি পার্ক ও ইনোভেশন হাবে তরুণদের প্রশিক্ষণের সুযোগ তৈরি হচ্ছে। শিক্ষা প্রতিষ্ঠানে স্মার্ট ক্লাসরুম চালু করা, প্রোগ্রামিং শেখানো ও অনলাইন শিক্ষার প্রসার তরুণদের প্রযুক্তির প্রতি আগ্রহ বাড়াচ্ছে। তবে এই প্রচেষ্টার সঙ্গে বেসরকারি খাত, আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ও তরুণদের নিজস্ব উদ্যোগকে একত্র করতে হবে।
তরুণদের মধ্যেও নিজস্ব প্রচেষ্টা থাকা জরুরি। আজকের দিনে ইউটিউব, কোরসেরা, ইউডেমি, স্কিলশেয়ার-এর মতো অনলাইন প্ল্যাটফর্মে হাতের মুঠোয় রয়েছে হাজারো কোর্স। একজন তরুণ যদি ইচ্ছা করে, তাহলে ঘরে বসেই সে বিশ্বের যেকোনো নামী প্রতিষ্ঠানের প্রযুক্তি প্রশিক্ষণ নিতে পারে। প্রযুক্তি মেলার অংশগ্রহণ, হ্যাকাথন, কর্মশালা ও সেমিনারে অংশগ্রহণ তরুণদের দক্ষতা বাড়াতে আরও কার্যকর ভূমিকা রাখে।
পরিশেষে বলা যায়, তরুণ সমাজকে প্রযুক্তিতে দক্ষ করে গড়ে তোলা শুধুমাত্র একটি প্রশিক্ষণমূলক পদক্ষেপ নয়, এটি একটি রূপান্তরমূলক বিনিয়োগ। এই বিনিয়োগই আমাদের আজকের “ডিজিটাল বাংলাদেশ”-কে আগামী দিনের “স্মার্ট বাংলাদেশে” রূপান্তর করবে। যে জাতি তার যুবশক্তিকে যুগোপযোগী প্রযুক্তিতে দক্ষ করতে পারে, সেই জাতিই ভবিষ্যতের নেতৃত্বে এগিয়ে যায়। বাংলাদেশের ভবিষ্যৎও সেই পথেই অগ্রসর হোক, এটাই আমাদের প্রত্যাশা।
বর্তমানে তরুণদের প্রযুক্তিগত সক্ষমতার একটি সম্ভাবনার চিত্র: বাংলাদেশের সবচেয়ে বড় সম্পদ হলো এর তরুণ জনশক্তি। দেশের মোট জনসংখ্যার প্রায় ৪৫ শতাংশের বয়স ২৫ বছরের নিচে। এই বিশাল যুব-গোষ্ঠী একদিকে যেমন চ্যালেঞ্জ, অন্যদিকে তেমনি এটি এক অসাধারণ সম্ভাবনার দ্বারও খুলে দিয়েছে। এরা জন্মসূত্রেই প্রযুক্তির সঙ্গে বেড়ে উঠেছে মোবাইল ফোন, ইন্টারনেট, সামাজিক যোগাযোগমাধ্যম এবং বিভিন্ন অ্যাপ্লিকেশনের ব্যবহারে তারা স্বচ্ছন্দ। কিন্তু প্রযুক্তির ব্যবহার দক্ষতায় রূপান্তরিত হলেই কেবল তারা দেশের উন্নয়নে কার্যকর ভূমিকা রাখতে পারবে।
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের তথ্যানুযায়ী, এখন পর্যন্ত দেশে প্রায় ৩৯ লাখ তরুণকে তথ্যপ্রযুক্তি বিষয়ক বিভিন্ন প্রশিক্ষণের আওতায় আনা হয়েছে। সরকারের উদ্যোগে গড়ে তোলা হয়েছে শেখ কামাল আইটি ট্রেনিং অ্যান্ড ইনকিউবেশন সেন্টার, হাই-টেক পার্ক এবং একাধিক কারিগরি প্রশিক্ষণ প্রতিষ্ঠান। এছাড়া বেসরকারি পর্যায়েও প্রযুক্তি শিক্ষা ও প্রশিক্ষণ কেন্দ্রের প্রসার ঘটেছে, যা তরুণদের দক্ষ করে তুলতে উল্লেখযোগ্য অবদান রাখছে।
বিশ্বের গিগ ইকোনমিতে বাংলাদেশ বর্তমানে একটি গুরুত্বপূর্ণ অবস্থান তৈরি করেছে। অক্সফোর্ড ইন্টারনেট ইনস্টিটিউটের ২০২৪ সালের এক গবেষণা অনুযায়ী, বাংলাদেশ এখন ফ্রিল্যান্সিংয়ে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম শ্রমশক্তি সরবরাহকারী দেশ। বর্তমানে দেশে প্রায় ৬ দশমিক ৫ লাখ ফ্রিল্যান্সার রয়েছে, যারা বছরে গড়ে ৭০০ মিলিয়ন মার্কিন ডলারেরও বেশি বৈদেশিক মুদ্রা আয় করছে। এই সংখ্যাটি ভবিষ্যতে আরও বাড়তে পারে যদি তরুণদের জন্য আন্তর্জাতিক মানের প্রশিক্ষণ, প্রযুক্তিগত সহায়তা এবং উদ্যোক্তা হওয়ার সুযোগ নিশ্চিত করা যায়।
বর্তমানে অনেক তরুণই শুধু চাকরি খুঁজে বেড়ায় না, বরং নিজেরাই উদ্যোগ নিচ্ছে কিছু করার। নতুন নতুন স্টার্টআপ, ই-কমার্স ব্যবসা, ইউটিউব বা ডিজিটাল মার্কেটিংয়ের প্ল্যাটফর্ম গড়ে তোলা হচ্ছে তরুণদের হাত ধরেই। অনেকেই ফেসবুক বা অন্যান্য সামাজিক মাধ্যমে নিজেদের তৈরি পণ্য ও সেবা বাজারজাত করে ঘরে বসেই আয়ের পথ তৈরি করছে। এই পরিবর্তন প্রযুক্তিগত সক্ষমতার একটি ইতিবাচক ফল।
তবে এই সম্ভাবনার বাস্তবায়নে কিছু বাঁধা এখনো রয়ে গেছে। দেশের অনেক শিক্ষা প্রতিষ্ঠানে এখনো আধুনিক তথ্যপ্রযুক্তি শিক্ষার পর্যাপ্ত সুযোগ নেই। অনেক জায়গায় প্রয়োজনীয় কম্পিউটার, প্রশিক্ষক বা ইন্টারনেট সংযোগের অভাব রয়েছে। তাছাড়া আন্তর্জাতিক মানের প্রশিক্ষণ দেওয়ার মতো প্রতিষ্ঠান বা কোর্স এখনো পর্যাপ্ত নয়। শহরের বাইরে গ্রামীণ ও প্রত্যন্ত অঞ্চলের তরুণরা এসব সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে। ফলে একটি বড় অংশ পিছিয়ে পড়ছে।
এই বাস্তবতা থেকে উত্তরণের জন্য প্রয়োজন আরও সমন্বিত ও বিস্তৃত উদ্যোগ। শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে আইসিটি বিষয়ক শিক্ষা বাধ্যতামূলক ও যুগোপযোগী করতে হবে। সরকারি-বেসরকারি যৌথ উদ্যোগে আধুনিক প্রশিক্ষণকেন্দ্র গড়ে তুলতে হবে, যেখানে তরুণরা হাতে-কলমে প্রযুক্তি শিখতে পারবে। প্রযুক্তি ব্যবহারে উৎসাহিত করতে হবে নারী, প্রতিবন্ধী ও প্রান্তিক তরুণদের, যাতে এই সম্ভাবনার জোয়ারে কেউ পিছিয়ে না পড়ে।
তরুণদের যদি যথাযথ প্রশিক্ষণ, অবকাঠামো ও সহায়তা দেওয়া যায়, তাহলে তাদের প্রযুক্তিগত সক্ষমতা শুধু ব্যক্তিগত উন্নয়নের মাধ্যমেই সীমাবদ্ধ থাকবে না, বরং এটি জাতির অর্থনৈতিক ভিত্তি দৃঢ় করতে, বেকারত্ব হ্রাস করতে এবং বাংলাদেশকে একটি জ্ঞানভিত্তিক, উদ্ভাবনী ও স্মার্ট রাষ্ট্রে রূপান্তর করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
প্রযুক্তিতে দক্ষতা অর্জন সময়ের দাবি ও রাষ্ট্রের দায়:
বর্তমান বিশ্বের অগ্রগতি নির্ভর করছে যেসব বিষয়ের উপর, তার শীর্ষে রয়েছে প্রযুক্তি। একটি দেশ যদি উন্নতির শিখরে উঠতে চায়, তবে তার নাগরিকদের বিশেষ করে তরুণদের, প্রযুক্তিতে দক্ষ করতেই হবে। এই উপলব্ধি থেকেই বাংলাদেশে ২০০৯ সালে “ডিজিটাল বাংলাদেশ” কর্মসূচির যাত্রা শুরু হয়। এটি শুধু একটি রাজনৈতিক অঙ্গীকার ছিল না, বরং ভবিষ্যতের বাংলাদেশ গড়ার একটি সুদূরপ্রসারী কৌশল ছিল।
এই কর্মসূচির মাধ্যমে দেশে তথ্যপ্রযুক্তিনির্ভর প্রশাসন (ই-গভর্ন্যান্স), অনলাইন শিক্ষা, মোবাইল ব্যাংকিং, ই-কমার্স, স্টার্টআপ ও ফ্রিল্যান্সিংয়ের ক্ষেত্র বিস্তৃত হয়েছে। জনগণের হাতের মুঠোয় ইন্টারনেট এসেছে, ডিজিটাল সেবা এখন ইউনিয়ন পর্যায়েও পৌঁছে গেছে। জাতীয় পরিচয়পত্র থেকে শুরু করে জন্মনিবন্ধন, শিক্ষার ফলাফল কিংবা ট্রেনের টিকিট সবকিছুই এখন অনলাইনে সম্ভব হচ্ছে। এর ফলেই আমাদের অর্থনীতি, প্রশাসন ও সামাজিক কাঠামোতে এসেছে একটি বড় রকমের পরিবর্তন।
এই ডিজিটাল অভিযাত্রার পরবর্তী ধাপ হলো “স্মার্ট বাংলাদেশ ২০৪১”—যা কেবল একটি ডিজিটাল দেশ নয়, বরং একটি বুদ্ধিদীপ্ত, উদ্ভাবনী এবং টেকসই সমাজ গড়ার অঙ্গীকার। এই লক্ষ্য পূরণে চারটি বিষয়কে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে: স্মার্ট নাগরিক, স্মার্ট সরকার, স্মার্ট সমাজ এবং স্মার্ট অর্থনীতি। এই চারটি স্তম্ভের কেন্দ্রবিন্দুতে রয়েছে দেশের তরুণরা যারা প্রযুক্তি শিখে চাকরি নয়, বরং উদ্যোক্তা হতে চায়; যারা সমস্যার সমাধানে শুধু অভিযোগ করে না, বরং প্রযুক্তির মাধ্যমে সমাধান তৈরি করে। তাদের হাতেই গড়ে উঠবে এক নতুন বাংলাদেশ, যেখানে উদ্ভাবন হবে চালিকাশক্তি এবং দক্ষতা হবে প্রধান সম্পদ।
তবে এই রূপান্তরের জন্য শুধু তরুণদের উদ্যোগই যথেষ্ট নয়; রাষ্ট্রকেও এগিয়ে আসতে হবে। প্রযুক্তিগত শিক্ষা সবার কাছে পৌঁছে দিতে, কারিগরি প্রশিক্ষণকে আরও বাস্তবভিত্তিক ও সমসাময়িক করতে এবং নারী ও প্রান্তিক জনগোষ্ঠীকেও এই যাত্রায় সম্পৃক্ত করতে রাষ্ট্রের দায়িত্ব ও করণীয় অনেক। কারণ যে রাষ্ট্র তার তরুণদের দক্ষ করে গড়ে তুলতে পারে না, সে রাষ্ট্র কখনোই টেকসই উন্নয়নের পথে এগোতে পারে না। তাই বলা যায় সময়ের দাবি আজ একটাই, প্রযুক্তিতে দক্ষতা অর্জন। আর সেটিকে নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব, ভবিষ্যতের বাংলাদেশের জন্য।
চ্যালেঞ্জ যা অতিক্রম করা জরুরি: তরুণদের প্রযুক্তিগত সক্ষমতা বাংলাদেশের জন্য এক বিশাল সম্ভাবনার দুয়ার খুলে দিলেও এই সম্ভাবনাকে বাস্তবে রূপ দিতে এখনো অনেক চ্যালেঞ্জ সামনে এসে দাঁড়িয়েছে। দেশের বেশিরভাগ শিক্ষাপ্রতিষ্ঠানে এখনো আধুনিক প্রযুক্তিভিত্তিক শিক্ষা চালু হয়নি। শহরাঞ্চলে কিছুটা উন্নতি হলেও গ্রামীণ ও প্রত্যন্ত অঞ্চলের স্কুল-কলেজে ডিজিটাল অবকাঠামোর অভাব প্রকট। অনেক স্কুলে কম্পিউটার থাকলেও নেই প্রশিক্ষিত শিক্ষক বা নিরবচ্ছিন্ন ইন্টারনেট সুবিধা। ফলে প্রযুক্তি শিক্ষা এখনো সর্বজনীন হয়নি।
এছাড়া শিক্ষিত তরুণদের একটি বড় অংশ এখনও পর্যাপ্ত হাতে-কলমে দক্ষ নয়। উচ্চশিক্ষা গ্রহণের পরও অনেকেই চাকরি পাচ্ছে না, কারণ তাদের দক্ষতা চাকরির বাজারের চাহিদার সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়। তথ্যপ্রযুক্তি খাতে যেমন সফটওয়্যার ডেভেলপমেন্ট, সাইবার সিকিউরিটি বা ডেটা অ্যানালিটিক্সের মতো বিশেষায়িত দক্ষতা প্রয়োজন, তেমনি প্রয়োজন ইংরেজিতে সাবলীলতা, যোগাযোগ দক্ষতা, দলগত কাজের অভ্যাস ও পেশাদার আচরণ। এসব ক্ষেত্রে ঘাটতি থাকার কারণে অনেকেই আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতা করতে পারছে না।
নারীদের অংশগ্রহণ এই খাতে এখনো অনেক সীমিত। বাংলাদেশে প্রযুক্তি খাতে নারীর অংশগ্রহণ ধীরে ধীরে বাড়লেও এখনো তা আশানুরূপ নয়। বর্তমানে এই খাতে কর্মরতদের মধ্যে নারীর অংশ মাত্র ১৫ থেকে ২০ শতাংশের মধ্যে সীমাবদ্ধ। যদিও কিছু তরুণী এখন ফ্রিল্যান্সিং, সফটওয়্যার ডেভেলপমেন্ট বা ডিজিটাল মার্কেটিংয়ে কাজ শুরু করেছেন, তবুও সামগ্রিকভাবে পুরুষের তুলনায় নারীর উপস্থিতি অনেক কম।
দেশে নারী সমাজের ইন্টারনেট ব্যবহারের হারও তুলনামূলকভাবে কম। বিভিন্ন জরিপ অনুসারে, দেশের মাত্র ২০ শতাংশ নারী ইন্টারনেট ব্যবহার করেন। এদের মধ্যে ১৮ থেকে ২৪ বছর বয়সী নারীদের মধ্যে ইন্টারনেট ব্যবহারের হার প্রায় ৪৬ শতাংশ এবং ২৫ থেকে ৩৪ বছর বয়সীদের মধ্যে এটি প্রায় ৪২ শতাংশ। এই পরিসংখ্যানগুলো ইঙ্গিত দেয়, তরুণ প্রজন্মের নারীরা ধীরে ধীরে প্রযুক্তির সঙ্গে যুক্ত হচ্ছেন, তবে এই প্রবণতা এখনো খুবই সীমিত।
বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস)-এর সদস্য প্রতিষ্ঠানগুলোর মধ্যেও নারীর উপস্থিতি অত্যন্ত কম। বেসিসের মোট ৬৮৮টি সদস্য প্রতিষ্ঠানের মধ্যে মাত্র ৩৩টিতে নারী প্রতিনিধি আছেন, যা এই খাতে নারীর নেতৃত্বের অভাবকে স্পষ্টভাবে তুলে ধরে।পরিবার ও সমাজের প্রচলিত ধ্যানধারণা, নিরাপত্তার শঙ্কা এবং প্রযুক্তি শেখার যথাযথ সুযোগ না থাকায় অনেক মেধাবী তরুণী পিছিয়ে পড়ছে। অথচ এই অর্ধেক জনগোষ্ঠীকে সম্পৃক্ত না করলে জাতীয় উন্নয়ন অসম্পূর্ণ থেকে যাবে।
সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো সচেতনতার অভাব। অনেক তরুণ এখনো জানেই না কীভাবে প্রযুক্তি ব্যবহার করে ক্যারিয়ার গড়া যায়, কীভাবে আন্তর্জাতিক ফ্রিল্যান্সিং মার্কেটে প্রবেশ করা যায়, কিংবা কীভাবে উদ্যোক্তা হওয়া যায়। তথ্য ও প্রশিক্ষণের সংকট, প্রাতিষ্ঠানিক সহায়তার অভাব এবং অনুপ্রেরণার ঘাটতি তাদের এগিয়ে যেতে বাঁধা দিচ্ছে। এই চ্যালেঞ্জগুলো মোকাবিলা করতে হলে প্রয়োজন শিক্ষানীতিতে মৌলিক পরিবর্তন, প্রযুক্তি শিক্ষাকে সর্বস্তরে ছড়িয়ে দেওয়া, দক্ষতা-ভিত্তিক প্রশিক্ষণের পরিধি বাড়ানো এবং তরুণদের জন্য সহায়ক পরিবেশ তৈরি। কেবল তখনই তরুণদের প্রযুক্তিগত সক্ষমতা জাতীয় শক্তিতে পরিণত হতে পারবে।
করণীয় হলো একটি সুপরিকল্পিত রোডম্যাপ বাস্তবায়ন:
বাংলাদেশের যুবসমাজকে প্রযুক্তিতে দক্ষ করে তোলা এখন সময়ের দাবি। এই দক্ষতা শুধু তাদের কর্মসংস্থান নয়, বরং জাতীয় অর্থনীতির দীর্ঘমেয়াদি ভিত্তি গড়তেও সহায়ক হবে। এই লক্ষ্য অর্জনে প্রয়োজন একটি সমন্বিত ও বাস্তবভিত্তিক রোডম্যাপ বাস্তবায়নের উদ্যোগ গ্রহণ করা।
প্রথমতঃ জাতীয় পর্যায়ে প্রযুক্তি শিক্ষাকে মূলধারায় আনতে হবে। স্কুল ও কলেজ পর্যায়ে কোডিং, তথ্যপ্রযুক্তি, রোবোটিক্স, ডিজিটাল মার্কেটিংসহ আধুনিক বিষয়গুলো বাধ্যতামূলক পাঠ্যসূচিতে অন্তর্ভুক্ত করতে হবে। এই জন্য প্রয়োজন প্রশিক্ষিত শিক্ষক, আধুনিক ল্যাব এবং প্রয়োজনীয় অবকাঠামো।
দ্বিতীয়ত: প্রতিটি জেলায় গড়ে তুলতে হবে মানসম্পন্ন ও সুলভ প্রযুক্তিভিত্তিক কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র। এখানে সরকারি ও বেসরকারি খাতে যৌথভাবে প্রশিক্ষণ চালানো যেতে পারে, যাতে বাস্তবমুখী ও আন্তর্জাতিক মানের দক্ষতা অর্জন সম্ভব হয়।
তৃতীয়ত: তরুণদের মধ্যে স্টার্টআপ উদ্যোগকে উৎসাহ দিতে হবে। নতুন ধারণা ও উদ্ভাবন যেন সঠিক দিকনির্দেশনা, বিনিয়োগ এবং করছাড় সুবিধা পায়, সে জন্য প্রয়োজন প্রযুক্তিনির্ভর উদ্যোক্তা নীতিমালা এবং ইনকিউবেশন সেন্টার। বিশ্ববিদ্যালয় পর্যায় থেকেই উদ্যোক্তা মনোভাব গড়ে তুলতে পাঠ্যক্রমে উদ্ভাবন ও ব্যবসায়িক চিন্তাধারাকে অন্তর্ভুক্ত করা উচিত।
চতুর্থতঃ আন্তর্জাতিক বাজারের সঙ্গে তরুণদের সরাসরি সংযোগ তৈরি করতে হবে। ফ্রিল্যান্সিং, রিমোট জব ও গিগ ইকোনমির বিশ্বব্যাপী প্ল্যাটফর্মে প্রবেশের জন্য সরকারিভাবে রোডশো, হ্যাকাথন, প্রতিযোগিতা ও কর্মশালার আয়োজন জরুরি। একইসাথে প্রয়োজন বিশ্বমানের প্রশিক্ষণ ও সনদ প্রদান ব্যবস্থার বিস্তার।
পরিশেষে নারী ও প্রান্তিক তরুণদের জন্য নিতে হবে আলাদা ও লক্ষ্যভিত্তিক উদ্যোগ। প্রযুক্তি শিক্ষায় নারীদের অংশগ্রহণ বাড়াতে বিশেষ স্কলারশিপ, নিরাপদ আবাসন, নারী-বান্ধব প্রশিক্ষণ কেন্দ্র এবং আলাদা মেন্টরিং ব্যবস্থা চালু করা জরুরি। পাশাপাশি প্রতিবন্ধী তরুণদের জন্য ডিজিটালি সহায়ক পরিবেশ নিশ্চিত করতে হবে। সুনির্দিষ্ট এই কর্মপরিকল্পনাগুলো বাস্তবায়িত হলে তরুণরা শুধু দক্ষ মানবসম্পদেই পরিণত হবে না, বরং বাংলাদেশকে একটি স্মার্ট, উদ্ভাবনী ও অন্তর্ভুক্তিমূলক প্রযুক্তিনির্ভর অর্থনীতির পথে এগিয়ে নিয়ে যাবে।
প্রযুক্তিতে দক্ষ তরুণ সমাজই হলো আগামীর বাংলাদেশের চালিকাশক্তি। বিশ্ব এখন চতুর্থ শিল্পবিপ্লবের দোরগোড়ায় দাঁড়িয়ে, যেখানে কৃত্রিম বুদ্ধিমত্তা, রোবোটিক্স, বিগ ডেটা ও ক্লাউড কম্পিউটিং-এর মতো প্রযুক্তি প্রতিদিন পাল্টে দিচ্ছে শিল্প, শিক্ষা ও অর্থনীতির গতিপথ। এই বাস্তবতায় পিছিয়ে পড়া নয়, বরং নেতৃত্ব দেওয়ার মতো যোগ্যতা তৈরি করাই এখন সময়ের চাহিদা।
তরুণদের মধ্যে যে উদ্ভাবনী চিন্তা, প্রযুক্তিপ্রেম ও আগ্রহ বিদ্যমান, তা যদি যথাযথ প্রশিক্ষণ, সুযোগ এবং রাষ্ট্রীয় সহায়তার মাধ্যমে বিকশিত করা যায়, তবে এই তরুণ সমাজই হয়ে উঠবে একটি জ্ঞাননির্ভর, স্মার্ট ও আত্মনির্ভর বাংলাদেশের মূল ভিত্তি। এজন্য এখনই প্রয়োজন একটি সুসংহত রোডম্যাপ, যেখানে প্রযুক্তি শিক্ষা, কর্মসংস্থান, উদ্যোক্তা বিকাশ এবং অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের পথ সুস্পষ্টভাবে চিহ্নিত থাকবে। কারণ আজকের বিনিয়োগই আগামীদিনে একটি স্মার্ট জাতি গঠনের বীজ বপন করবে, যেখানে প্রতিটি যুবকই হবে পরিবর্তনের দূত, আর বাংলাদেশ হবে এক নতুন সম্ভাবনার নাম।

