যুক্তরাষ্ট্র ও ইউরোপে অর্থনৈতিক অনিশ্চয়তা এবং জটিল নিয়ন্ত্রক কাঠামোর কারণে বিকল্প আয়ের উৎস খুঁজছেন অনেক বিনিয়োগকারী। এ সুযোগে তাদের নজর এখন অস্ট্রেলিয়ার রিয়েল এস্টেট খাতের দিকে। স্থিতিশীল অর্থনীতি, জনসংখ্যা বৃদ্ধি ও নিয়ন্ত্রিত মূল্যস্ফীতি মিলিয়ে দেশটি হয়ে উঠেছে এক নিরাপদ বিনিয়োগ গন্তব্য।
হংকং, সিঙ্গাপুর ও জাপানের মতো দেশ থেকে বিনিয়োগকারীরা এখন অস্ট্রেলিয়ার আবাসন খাতে অর্থ ঢালতে আগ্রহ দেখাচ্ছেন। এই খাতে কাজ করা ঋণদাতা প্রতিষ্ঠান জাগা জানিয়েছে, বৈদেশিক বিনিয়োগের প্রবণতা ক্রমেই বাড়ছে। ২০১৬ সালে যাত্রা শুরুর পর থেকে জাগা এখন প্রায় ১০০ কোটি অস্ট্রেলিয়ান ডলারের সম্পদ ব্যবস্থাপনায় যুক্ত। প্রতিষ্ঠানটি বিনিয়োগকারীদের আবাসিক ও বাণিজ্যিক সম্পদ উন্নয়ন প্রকল্পের সঙ্গে সংযুক্ত করে। বর্তমানে তাদের ২৫ শতাংশ বিনিয়োগকারীই বিদেশি। প্রতিষ্ঠানটি জানিয়েছে, কিছু নতুন চুক্তি চূড়ান্ত হলে জাপান হতে পারে তাদের দ্বিতীয় বৃহত্তম আন্তর্জাতিক বাজার।
জাগার প্রধান নির্বাহী অ্যালান গ্রিনস্টেইন বলেন, যুক্তরাষ্ট্র ও ইউরোপে বিনিয়োগকারীরা এখন বাড়তি ঝুঁকি ও অতিরিক্ত কেন্দ্রীভূত পুঁজি প্রবাহের কারণে সরে আসছেন। ফলে বিকল্প বাজার খোঁজা শুরু করেছেন অনেকেই। অস্ট্রেলিয়ায় জনসংখ্যা দ্রুত বাড়ছে, আর এ বৃদ্ধির সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে আবাসনের সংকট। সরকারি পূর্বাভাস অনুযায়ী, ২০২৪ সালে দেশটির জনসংখ্যা ছিল প্রায় ২ কোটি ৭০ লাখ। ১০ বছরের মধ্যে তা ৩ কোটি ১০ লাখ ছাড়িয়ে যেতে পারে। অভিবাসনই এ বৃদ্ধির মূল কারণ।
এই চাপের মধ্যে অস্ট্রেলিয়ার ব্যাংকগুলো কঠোর নিয়মের কারণে আগের মতো ঋণ দিতে পারছে না। এতে আবাসন খাতে বিকল্প ঋণদাতাদের জন্য সুযোগ তৈরি হয়েছে। দেশের নিয়ন্ত্রক সংস্থা অস্ট্রেলিয়ান প্রুডেনশিয়াল রেগুলেশন অথরিটি (এপিআরএ) ব্যাংক ঋণে অতিরিক্ত ৩ শতাংশ সুদভিত্তিক নিরাপত্তা সীমা আরোপ করেছে। এতে অনেকের জন্য ঋণ পাওয়া কঠিন হয়ে উঠেছে। গ্রিনস্টেইনের মতে, “আবাসন সংকট মানে শুধু বাড়ির ঘাটতি নয়, বরং স্কুল, শপিং সেন্টার ও অন্যান্য বাণিজ্যিক স্থাপনাও ঘাটতির মধ্যে পড়ছে। তাই বিনিয়োগের সুযোগও অনেক।”
সিডনি ও মেলবোর্নে বেশির ভাগ প্রকল্পে বিনিয়োগ করে জাগা। বিনিয়োগকারীরা সরাসরি ঋণ অথবা কোম্পানির তহবিলের মাধ্যমে অংশ নিতে পারেন। দক্ষিণ-পূর্ব এশিয়ার বিনিয়োগকারীদের জন্য প্রতিষ্ঠানটি সম্প্রতি সিঙ্গাপুরে একটি প্রাইভেট ক্রেডিট ফান্ড চালু করেছে, যা অস্ট্রেলিয়ার মূল তহবিলের সঙ্গে যুক্ত। তবে চলতি বছরের শুরুতে বিদেশিদের পুরোনো আবাসিক সম্পত্তি কেনার ওপর দুই বছরের নিষেধাজ্ঞা জারি করেছে অস্ট্রেলিয়া সরকার। যদিও নতুন নির্মাণ প্রকল্পে বিনিয়োগে কোনো বাধা নেই।
প্রপার্টি প্ল্যাটফর্ম ডোমেইন এক প্রতিবেদনে জানিয়েছে, ২০২৬ অর্থবছরের মধ্যে সিডনিতে বাড়ির দাম ৭ শতাংশ এবং অ্যাপার্টমেন্টের দাম ৬ শতাংশ বাড়তে পারে। এতে বাড়ির গড় মূল্য দাঁড়াবে ১৮ লাখ ৩০ হাজার অস্ট্রেলিয়ান ডলার এবং অ্যাপার্টমেন্টের দাম ৮ লাখ ৮৯ হাজার ডলার। জাগার ঋণ তহবিলকে তুলনামূলকভাবে কম ঝুঁকিপূর্ণ বলা হচ্ছে। প্রতিষ্ঠানটির প্রধান তহবিল রিটার্নের হার নির্ধারণ করা হয়েছে অস্ট্রেলিয়ার কেন্দ্রীয় ব্যাংকের সুদহার থেকে ৫ শতাংশ বেশি। বর্তমানে ব্যাংক সুদহার ৩ দশমিক ৮৫ শতাংশ, ফলে লক্ষ্য হচ্ছে ৮ দশমিক ৮৫ শতাংশ রিটার্ন। মাসিক আয় বিতরণের ব্যবস্থাও রয়েছে তহবিলে।

