দীর্ঘদিন ডলারের বিপরীতে টাকার দরপতনকে মূল্যস্ফীতির প্রধান কারণ হিসেবে দেখা হচ্ছিল। কিন্তু এখন টাকার মান বাড়তে শুরু করতেই উল্টো পথে হাঁটছে বাংলাদেশ ব্যাংক। সাম্প্রতিক সময়ে ডলারের দরপতন ঠেকাতে বাজার থেকে বিপুল পরিমাণ ডলার কিনছে বাংলাদেশ ব্যাংক। এতে মূল্যস্ফীতি কমানোর সুযোগ হাতছাড়া হচ্ছে বলে মনে করছেন অর্থনীতিবিদরা।
মহামারির পর থেকে টাকার মান ডলারের বিপরীতে প্রায় ৩০ শতাংশ কমে যায়। এতে আমদানি ব্যয় বেড়ে যায়, যার সরাসরি প্রভাব পড়ে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দামে। ২০২৩ সালের মার্চ থেকে মূল্যস্ফীতি ৯ শতাংশের ওপরে ছিল। জুনে তা কিছুটা কমে ৮.৪৮ শতাংশে নামলেও সাধারণ মানুষের ওপর চাপ এখনো রয়েছে। এমন প্রেক্ষাপটে যখন ডলারের দাম কমার সুযোগ তৈরি হয়েছে, তখনই বাজারে হস্তক্ষেপ করেছে বাংলাদেশ ব্যাংক।
গত পাঁচ দিনে ডলারের বিপরীতে টাকার মান বেড়ে প্রতি ডলার ১২০ টাকায় নেমে আসে। কিন্তু মাত্র দুই দিনেই বাংলাদেশ ব্যাংক বাজার থেকে ৪৮৪ মিলিয়ন ডলার কিনে নেয়। এর ফলে বুধবার ডলারের আন্তব্যাংক বিক্রয়মূল্য আবার বেড়ে দাঁড়ায় ১২১ টাকা ২০ পয়সায়। প্রশ্ন উঠেছে—ডলারের দর কমে মূল্যস্ফীতির চাপ হালকা হওয়ার সম্ভাবনা তৈরি হওয়া সত্ত্বেও কেন তা হতে দেওয়া হচ্ছে না?
বাংলাদেশের মুদ্রাবাজার এখনো পুরোপুরি বাজারভিত্তিক নয়। আইএমএফের ৫.৫ বিলিয়ন ডলারের ঋণচুক্তির শর্ত অনুযায়ী গত মে মাসে ডলারের দাম অনেকটাই বাজারের ওপর ছেড়ে দেওয়া হয়। তবে বাংলাদেশ ব্যাংক এখনো একটি সীমার মধ্যে ডলার রেট নিয়ন্ত্রণে রাখছে। সেই সীমা অতিক্রম করলেই হস্তক্ষেপ করছে তারা।
বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হুসাইন খান বলেন, ‘আমরা বৈদেশিক মুদ্রার বাজার স্থিতিশীল রাখতে চাই। ডলারের বড় উত্থান বা পতন—দুটিই ক্ষতিকর। দর খুব কমে গেলে রপ্তানিকারকেরা ক্ষতিগ্রস্ত হন, প্রবাসীরাও আয় পাঠাতে নিরুৎসাহিত হন।’
তবে কেন্দ্রীয় ব্যাংকের এই পদক্ষেপের সমালোচনা করেছেন বিশ্বব্যাংকের ঢাকা কার্যালয়ের সাবেক প্রধান অর্থনীতিবিদ ড. জাহিদ হোসেন। তার মতে, ডলারের দর আরও কমতে দিলে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে তা বড় ভূমিকা রাখতে পারত। তিনি বলেন, ‘গত তিন বছরে মূল্যস্ফীতির মূল কারণ হিসেবে ডলারের দাম বৃদ্ধি নিয়ে সবাই একমত। এখন যখন তার বিপরীত অবস্থা তৈরি হচ্ছে, তখন সেটি কাজে লাগানো উচিত।’ জাহিদ হোসেন আরও বলেন, ‘বিনিময় হার ১২০ থেকে কমিয়ে ১১০ টাকায় আনতে পারলে মূল্যস্ফীতির ওপর তাৎপর্যপূর্ণ প্রভাব পড়ত। প্রশ্ন হলো, এমন সম্ভাবনা থাকা সত্ত্বেও কেন কেন্দ্রীয় ব্যাংক সেটি হতে দিচ্ছে না?

