রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে রাশিয়ার কাছ থেকে নেওয়া বিশাল অঙ্কের রাষ্ট্রীয় ঋণ পরিশোধের সময়সীমা আরও বাড়াতে সক্ষম হয়েছে বাংলাদেশ। এই প্রকল্পে অর্থছাড় ও পরিশোধে দীর্ঘদিন ধরে নানা জটিলতা থাকলেও অবশেষে রাশিয়ার সঙ্গে চূড়ান্ত হয়েছে একটি সংশোধিত ঋণচুক্তি, যার ফলে কিছু গুরুত্বপূর্ণ ছাড়ও মিলেছে।
গত ১৪ জুলাই, রাশিয়ার সঙ্গে একটি নতুন চুক্তি স্বাক্ষর হয়—যার নাম দেওয়া হয়েছে “প্রটোকল-২”। চুক্তিটি স্বাক্ষরের সময় উপস্থিত ছিলেন অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ। এতে মূল ঋণ পরিশোধ শুরুর সময় ১৮ মাস পিছিয়ে নেওয়া হয়েছে। ফলে বাংলাদেশ এখন ২০২৭ সালের মার্চের পরিবর্তে ২০২৮ সালের সেপ্টেম্বর থেকে রূপপুর প্রকল্পের কিস্তি শোধ করা শুরু করবে।
এই পরিবর্তন এসেছে করোনা মহামারির কারণে প্রকল্প বাস্তবায়নে দেরি এবং রাশিয়ার ব্যাংকগুলোর ওপর পশ্চিমা নিষেধাজ্ঞা বিবেচনায় নিয়ে। চুক্তি চূড়ান্ত হওয়ার পর অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সচিব শাহরিয়ার কাদির সিদ্দিকী জানিয়েছেন, “নতুন এই প্রটোকলের মাধ্যমে আমরা আশাবাদী, রূপপুর প্রকল্পটি নির্ধারিত সময়েই শেষ করতে পারব।”
২০১৬ সালে শুরু হওয়া রূপপুর পারমাণবিক প্রকল্পটি বাস্তবায়নের সময়সীমা ধরা হয়েছিল ডিসেম্বর ২০২৫ পর্যন্ত। প্রকল্পটির মোট ব্যয় ধরা হয়েছে ১২.৬৫ বিলিয়ন ডলার, যার ৯০ শতাংশ অর্থাৎ ১১.৩৮ বিলিয়ন ডলার রাশিয়ার ঋণ থেকে আসবে। বাকি ১০ শতাংশ খরচ করছে বাংলাদেশ নিজেই।
এখন পর্যন্ত বাংলাদেশ ৭.৭০ বিলিয়ন ডলার ঋণ পেয়েছে। তবে ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলোর নিষেধাজ্ঞায় রাশিয়ার বেশ কয়েকটি ব্যাংক আর্থিক লেনদেন করতে না পারায়, অর্থ ছাড়ে বড় ধরনের ধাক্কা লাগে।
বাংলাদেশ রোসাটমের নামে সোনালী ব্যাংকে অর্থ জমা দিলেও, রাশিয়া সেই অর্থ তুলতে না পারায় কিস্তি ও সুদ পরিশোধ আটকে যায়। এর ফলে দুই দফায় প্রায় ৫০০ মিলিয়ন ডলার পরিশোধ করা সম্ভব হয়নি। এই অর্থনৈতিক জটিলতার কারণে ‘প্রটোকল-২’ নামের সংশোধিত চুক্তিটি এতদিন আটকে ছিল।
এই সংকট কাটাতে ২৬ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী উপদেষ্টা মুহাম্মদ ইউনূস বৈঠক করেন রোসাটমের মহাপরিচালক আলেক্সি লিখাচেভ-এর সঙ্গে। ওই বৈঠকের পরই রাশিয়া চুক্তি সংশোধনে সম্মত হয়। এরপর এপ্রিল মাসে রাশিয়ার পক্ষ থেকে ইআরডিতে খসড়া পাঠানো হয়, যা নিয়ে একাধিক মন্ত্রণালয়ে বৈঠক হয় এবং পরিশেষে জুলাইতে চূড়ান্তভাবে সই হয় নতুন চুক্তি।
নতুন চুক্তিতে বলা হয়েছে, গ্রেস পিরিয়ড বাড়ানো হলেও ঋণের ম্যাচিউরিটি পিরিয়ড বাড়ছে না। আগের মতোই ২০ বছরে পুরো ঋণ শোধ করতে হবে, তবে এখন ৪০টি নয়, ৩৮টি কিস্তিতে এই টাকা শোধ করতে হবে।
প্রতি বছর ১৫ মার্চ ও ১৫ সেপ্টেম্বর, দুই দফায় কিস্তি পরিশোধ করতে হবে। আর ব্যবহার না করা ঋণের জন্য ০.৫ শতাংশ হারে কমিটমেন্ট ফি দিতে হবে, যার সর্বোচ্চ পরিমাণ ০.২৫ মিলিয়ন ডলার প্রতি বছর।
তবে সবচেয়ে বড় স্বস্তির খবর হলো—রূপপুর প্রকল্পের প্রাক্-সম্ভাব্যতা যাচাইয়ের জন্য নেওয়া ৫০০ মিলিয়ন ডলারের একটি ঋণের বিলম্বিত কিস্তির কারণে বাংলাদেশকে যে ১৬৪ মিলিয়ন ডলার জরিমানা দিতে হতো, তা পুরোপুরি মাফ করে দিয়েছে রাশিয়া।
আগে নিয়ম ছিল, নির্ধারিত সময়ের এক মাস পেরিয়ে গেলে প্রতি বছর ৪.৫ শতাংশ হারে জরিমানা দিতে হতো। ২০২২ থেকে ২০২৫ সালের মধ্যবর্তী সময়ের বিলম্বিত কিস্তিগুলোর কারণে বাংলাদেশকে এই বিশাল অঙ্কের জরিমানা দিতে হতো। তবে নতুন চুক্তিতে সেই ধারা বাদ দেওয়া হয়েছে।
তবে ভবিষ্যতে কোনো কিস্তি ৩০ দিনের বেশি বাকি থাকলে, তার ওপর ১৫০% বার্ষিক হারে বিলম্ব সুদ বসানো হবে বলেও সতর্ক করেছে সংশোধিত চুক্তি।

