Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice রবি, নভে. 29, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • কৃষি
      • রাজনীতি
      • ভিডিও
      • বিশেষ বিশ্লেষণ
    Citizens VoiceCitizens Voice
    Home » দারিদ্র্য নয়, বৈষম্যই বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে
    অর্থনীতি

    দারিদ্র্য নয়, বৈষম্যই বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে

    কাজি হেলালজুলাই 18, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    দারিদ্র্য নয়, বৈষম্যই বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    বাংলাদেশ ১৯৯০-এর দশক থেকে দারিদ্র্য হার উল্লেখযোগ্যভাবে কমিয়ে এনেছে, বর্তমানে জাতীয় দারিদ্র্য হার প্রায় ১৮ দশমিক ৭%, যার মধ্যে চরম দারিদ্র্যর হার দাঁড়িয়েছে ৫ দশমিক ৬% । তবে সাম্প্রতিক বছরগুলোতে বৈষম্য বাড়ার প্রবণতা উদ্বেগজনক, যা শুধু সামাজিক নয় অর্থনৈতিক ও রাজনৈতিক অসহিষ্ণুতা বাড়ানোর পথপ্রদর্শক হয়ে দাঁড়িয়েছে। বর্তমানে দারিদ্র্যের চেয়েও বৈষম্য সমাজের জন্য বড় সমস্যা হিসেবে দেখা দিচ্ছে। যদিও দারিদ্র্য এখনো গুরুত্বপূর্ণ একটি চ্যালেঞ্জ, তবে বৈষম্য সেই দারিদ্র্য দূর করার পথে বড় বাঁধা হয়ে দাঁড়িয়েছে।

    সমাজে সুযোগ ও সম্পদের অসাম্য শুধু গরিবদের পিছিয়ে দিচ্ছে না, বরং সমগ্র উন্নয়ন প্রক্রিয়াকেই শ্লথ করে দিচ্ছে।এক সময় বাংলাদেশের সবচেয়ে বড় সামাজিক ও অর্থনৈতিক চ্যালেঞ্জ ছিল দারিদ্র্য। সরকার ও বিভিন্ন উন্নয়ন সংস্থার যৌথ প্রচেষ্টায় গত দুই দশকে সেই দারিদ্র্য কিছুটা হ্রাস পেলেও তার ছায়া আজও রয়ে গেছে। তবে আশঙ্কার বিষয় হলো, দারিদ্র্যের পাশাপাশি বা তার চেয়েও ভয়াবহ এক নতুন সংকট আজ দৃশ্যমান হয়ে উঠেছে, আর তা হলো আর্থ-সামাজিক বৈষম্য। দেশের অর্থনীতি গতিশীল, প্রবৃদ্ধির হার তুলনামূলক ভাবে ভালো, কিন্তু সেই অগ্রগতির সুফল কি সকল শ্রেণির মানুষের হাতে পৌঁছাচ্ছে?

    উত্তর যদি “না” হয়, তাহলে আমাদের ভাবতে হবে এই প্রবৃদ্ধি কাদের জন্য? বর্তমানে সমাজে এমন একটি বাস্তবতা তৈরি হয়েছে যেখানে একদিকে কোটিপতির সংখ্যা বাড়ছে, অন্যদিকে সাধারণ মানুষ প্রতিদিনের ন্যূনতম প্রয়োজন পূরণেও হিমশিম খাচ্ছে। আয়, শিক্ষা, স্বাস্থ্য, সুযোগ ও সম্পদের বণ্টনে এই বৈষম্য সমাজে বৈরিতা, ক্ষোভ ও হতাশা বাড়িয়ে তুলছে। এই প্রেক্ষাপটে আজ প্রশ্ন উঠছে বাংলাদেশ কি আজ শুধু দারিদ্র্য, না এর চেয়েও আরো বড় সামাজিক সংকট ‘বৈষম্য’-এর মুখোমুখি হয়ে দাঁড়ায়নি?

    বর্তমান সমাজ ব্যবস্থায় বৈষম্যই দারিদ্র্যের মূল কারণ:
    বর্তমান সমাজে দারিদ্র্য শুধু আয়ের অভাব নয়, বরং এর গভীরে লুকিয়ে আছে এক অসম বণ্টনের বাস্তবতা, যেটি বৈষম্য নামে পরিচিত। সমাজে আয় ও সম্পদের অসম বণ্টনই অনেক সময় দারিদ্র্যের মূল কারণ হয়ে দাঁড়ায়। যখন কিছু মানুষের হাতে অধিকাংশ সম্পদ পুঞ্জীভূত হয়, তখন সমাজের একটি বড় অংশ শিক্ষা, স্বাস্থ্য, চাকরি বা উদ্যোক্তা হওয়ার মতো মৌলিক সুযোগ থেকে বঞ্চিত থাকে। এর ফলে তারা দারিদ্র্যের চক্র থেকে বের হতে পারে না।

    এই বৈষম্য শুধু ব্যক্তি বা পরিবারের জীবনেই সীমাবদ্ধ থাকে না, বরং গোটা সমাজে এর নেতিবাচক প্রভাব পড়ে। বৈষম্য সমাজে বিভাজন সৃষ্টি করে এবং মানুষকে একে অপরের বিরুদ্ধে দাঁড় করিয়ে দেয়। এতে সামাজিক অস্থিরতা তৈরি হয়, যা কখনো কখনো সহিংসতা বা রাজনৈতিক অস্থিরতায় রূপ নেয়। মানুষ যখন দেখে যে তাদের কঠোর পরিশ্রমের পরও ন্যায্য সুযোগ পাচ্ছে না, তখন তারা রাষ্ট্রব্যবস্থার ওপর আস্থা হারায়, যা গণতন্ত্র ও শান্তিপূর্ণ সহাবস্থানের জন্য হুমকি।

    অর্থনীতির ক্ষেত্রেও বৈষম্যের প্রভাব স্পষ্ট। যখন সমাজের একটা বড় অংশ কর্মসংস্থান, প্রশিক্ষণ বা উৎপাদনে অংশ নিতে পারে না, তখন জাতীয় উৎপাদনশীলতা কমে যায় এবং প্রবৃদ্ধিও টেকসই হয় না। অন্যদিকে উন্নত স্বাস্থ্যসেবা ও মানসম্মত শিক্ষার সুযোগ শুধুমাত্র একটি শ্রেণির জন্য সীমিত থাকলে সমাজে মানবসম্পদের বিকাশ ব্যাহত হয়, যা ভবিষ্যতে দেশের উন্নয়নে বড় বাঁধা হয়ে দাঁড়ায়।

    বর্তমানে কেবল দারিদ্র্য দূর করলেই চলবে না, তার সঙ্গে সঙ্গে বৈষম্যও কমাতে হবে। কারণ একটি সমাজে যদি কেবল কিছু মানুষ এগিয়ে যায় আর বাকিরা পেছনে পড়ে থাকে, তবে সে উন্নয়ন দীর্ঘস্থায়ী বা অন্তর্ভুক্তিমূলক হবে না। সত্যিকারের সমৃদ্ধি তখনই সম্ভব, যখন সবার জন্য সমান সুযোগ নিশ্চিত হবে।

    দারিদ্র্যের প্রেক্ষাপটে বৈষম্য: দারিদ্র্য ও বৈষম্য এই দু‘টি শব্দ যেন আজ বাংলাদেশের সমাজ ও অর্থনীতির দুই গভীর বাস্তবতা। দারিদ্র্য বোঝায় মৌলিক চাহিদার অভাব যেমন: খাদ্য, বস্ত্র, বাসস্থান, স্বাস্থ্যসেবা ও শিক্ষার সীমাবদ্ধতা। আর বৈষম্য বোঝায় সমাজের বিভিন্ন শ্রেণি-পেশা ও গোষ্ঠীর মধ্যে সুযোগ, সম্পদ ও ক্ষমতার অসম বণ্টন। এই দু‘টি সমস্যাই পরস্পরের সঙ্গে গভীরভাবে জড়িত এবং একে অপরকে আরও তীব্র করে তোলে।

    গত কয়েক দশকে বাংলাদেশ উল্লেখযোগ্য হারে দারিদ্র্য কমাতে সক্ষম হয়েছে। ২০০০ সালে যেখানে দেশের ৪৮ দশমিক ৯% মানুষ দারিদ্র্যসীমার নিচে বাস করত, সেখানে ২০২৪ সালে তা কমে দাঁড়িয়েছে প্রায় ১৮ দশমিক ৭%-এ। এটি নিঃসন্দেহে অগ্রগতির পরিচয়। কিন্তু এর পাশাপাশি একটি নিরব অথচ গভীর সমস্যা দিন দিন বেড়েই চলেছে, আর তা হলো বৈষম্য।

    আয়ের দিক থেকে বৈষম্য এখন আগের চেয়ে বেশি প্রকট। শহর ও গ্রামের মধ্যে আয় ও সুযোগের পার্থক্য, উচ্চবিত্ত ও নিম্নবিত্তের জীবনমানের ব্যবধান ক্রমেই বাড়ছে। শহরের মানুষ যেখানে অপেক্ষাকৃত সহজে স্বাস্থ্যসেবা, মানসম্মত শিক্ষা ও প্রযুক্তির সুবিধা পাচ্ছে; সেখানে গ্রামের মানুষ আজও এসব মৌলিক সুবিধার জন্য সংগ্রাম করছে।

    ২০২৪-২৫ অর্থবছরে প্রবাসী বাংলাদেশিরা দেশের জন্য রেকর্ড পরিমাণ অর্থ পাঠিয়েছেন। এই সময়ে রেমিট্যান্স এসেছে মোট ৩০ দশমিক ৩৩ বিলিয়ন ডলার, যা দেশের ইতিহাসে এক অর্থবছরে প্রাপ্ত সর্বোচ্চ রেমিট্যান্স। আগের অর্থবছর ২০২৩-২৪-এ রেমিট্যান্স এসেছিল ২৩ দশমিক ৯১ বিলিয়ন ডলার। সে তুলনায় এবারের পরিমাণ ২৬ দশমিক ৮০ শতাংশ বেশি। যা জাতীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে। কিন্তু এই অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সমাজের সব শ্রেণির মধ্যে সমভাবে পৌঁছাচ্ছে না। ফলে দারিদ্র্য কিছুটা কমলেও, বৈষম্য ঠিকই তার জায়গা বিস্তৃত করে নিচ্ছে।

    শুধু আর্থিক নয় সামাজিক ও রাজনৈতিক ক্ষেত্রেও বৈষম্যের ছাপ স্পষ্ট। নারী, সংখ্যালঘু, পিছিয়ে পড়া জনগোষ্ঠী কিংবা প্রান্তিক এলাকার মানুষ, তাদের অধিকারের প্রশ্নে বৈষম্যমূলক আচরণ এখনো বিদ্যমান। নারীরা সমান কাজে পুরুষদের চেয়ে কম মজুরি পান, অনেক শিক্ষিত তরুণ চাকরির সুযোগ থেকে বঞ্চিত হন শুধু জাতিগত বা সামাজিক পরিচয়ের কারণে। রাজনৈতিক প্রতিনিধি নির্বাচনেও দরিদ্র জনগোষ্ঠীর কণ্ঠস্বর প্রায় অনুপস্থিত। এসব বৈষম্য দারিদ্র্য থেকে উত্তরণের পথকে আরও কঠিন করে তোলে।

    অন্যদিকে শিক্ষা, স্বাস্থ্যসেবা ও কর্মসংস্থানের মতো মৌলিক সুযোগের ঘাটতিও দারিদ্র্য এবং বৈষম্যকে একসঙ্গে জিইয়ে রাখছে। যাদের শিক্ষা পাওয়ার সামর্থ্য নেই, তাদের দক্ষতা তৈরি হচ্ছে না; যাদের চিকিৎসা সেবা পৌঁছায় না, তারা দীর্ঘমেয়াদে কর্মক্ষমতা হারাচ্ছে; আর যাদের হাতে কাজ নেই, তারা বারবার দারিদ্র্যের চক্রে আটকে পড়ছে।

    প্রাকৃতিক দুর্যোগ, জলবায়ু পরিবর্তন ও বৈশ্বিক অর্থনৈতিক অনিশ্চয়তাও বৈষম্য বাড়ার পেছনে বড় ভূমিকা রাখছে। ঘূর্ণিঝড়, বন্যা কিংবা খরা, এই দুর্যোগগুলো সাধারণত দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠীকেই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত করে। তারা একবার ক্ষতির শিকার হলে পুনরুদ্ধারের সুযোগও কম পায়, কারণ আর্থিক ও সামাজিক নিরাপত্তার ব্যবস্থা তাদের নাগালের বাইরে থাকে।

    এই বাস্তবতায় আমরা যদি শুধু দারিদ্র্য দূরীকরণের ওপর জোর দিই কিন্তু বৈষম্য উপেক্ষা করি, তাহলে উন্নয়নের সুফল কিছু গোষ্ঠীর মধ্যেই সীমাবদ্ধ থাকবে এবং সমাজে দীর্ঘমেয়াদে অস্থিরতা তৈরি হবে। তাই দরকার এমন একটি নীতি কাঠামো, যা শুধু আয় বাড়াবে না, বরং আয় ও সুযোগের সুষম বণ্টন নিশ্চিত করবে। দরকার এমন সামাজিক নিরাপত্তা ব্যবস্থা, যা প্রান্তিক মানুষের জীবনে বাস্তব পরিবর্তন আনবে।

    সবচেয়ে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হলো, উন্নয়নের প্রতিটি ধাপে সকল শ্রেণীর মানুষকে কেন্দ্রে রাখতে হবে, ধনী বা গরিব নয়, নাগরিক হিসেবে সমঅধিকারের ভিত্তিতে। দারিদ্র্য মোকাবেলার পাশাপাশি সমাজে সমতা, ন্যায়বিচার ও অন্তর্ভুক্তিমূলক নীতি গঠন ছাড়া বৈষম্য কমানো সম্ভব নয়। নতুবা আমরা হয়তো দারিদ্র্যের হার কমাতে পারব, কিন্তু একটি ন্যায্য ও মানবিক সমাজ নির্মাণের লক্ষ্য থেকে অনেক দূরে থেকে যাব।

    বৈষম্য নিরসনের বাস্তবমুখী ও সমসাময়িক ভাবনা:
    বর্তমান আর্থসামাজিক প্রেক্ষাপটে বৈষম্য হ্রাসে শুধু পরিকল্পনা নয়, বাস্তবায়নযোগ্য পদক্ষেপ দরকার। নিচে পাঁচটি প্রধান ক্ষেত্রের দিকনির্দেশনা তুলে ধরা হলো-

    কর ব্যবস্থার সংস্কার: বাংলাদেশে আয়কর থেকে GDP‑তে মাত্র ২ দশমিক ২৬% আসে, যেখানে VAT-এর অংশ ৩ দশমিক ৮৬%, অর্থাৎ দেশের রাজস্বের একাধিকাংশই ভ্যাট ও অন্যান্য আনপড়ো-কর থেকে আসে, যা নিম্ন আয়ের মানুষদের ওপর বোঝা সৃষ্টি করে । ২০২২ সালে দেশের গিনি সহগ (Gini‑coefficient) ছিল শূন্য দশমিক ৪৯৯, যা বিশেষভাবে আয়বৈষম্য প্রকাশ করে। এই পরিস্থিতি মোকাবিলায় ব্যক্তিগত ও কর্পোরেট আয়কর কাঠামো জোরদার করতে হবে, করমুক্ত ঊর্ধ্বসীমা বাড়াতে হবে, করোৎসাহী কার্যপ্রনালী যেমন অনলাইন ফাইলিং, আয় শনাক্তকরণ ইত্যাদি গড়ে তুলতে হবে। এগুলোই সরকারি আয় ও সমতার সমান্তর হতে পারে ।

    শিক্ষা ও স্বাস্থ্য খাতে বিনিয়োগ বৃদ্ধি: সরকারি বাজেটের প্রায় ১২% শতাংশ শিক্ষা ও স্বাস্থ্যে বরাদ্দ থাকলেও GDP‑তে এর হার মাত্র ১ দশমিক ৬ থেকে ১ দশমিক ৮% শিক্ষায় এবং স্বাস্থ্য ক্ষেত্রে ২ দশমিক ৩%, যা WHO‑র জরুরী নির্দেশনার তুলনায় অনেক নিচে। অর্থাৎ শিক্ষায় মিনিমাম ৪–৬% এবং স্বাস্থ্য খাতে ৫–৬% GDP বরাদ্দ জরুরি। গ্রামীণ অঞ্চলের স্কুল ও স্বাস্থ্যকেন্দ্রগুলোর অবকাঠামো উন্নয়ন, শিক্ষক ও ডাক্তার নিয়োগ এবং প্রশিক্ষণ বাড়াতে হবে।

    গ্রামীণ অবকাঠামো ও সেবা বিস্তার: গ্রামের সড়ক, সেচ, বিদ্যুৎ, যোগাযোগ ও ডিজিটাল অবকাঠামো উন্নয়ন করলে শহর-গ্রামের বৈষম্য হ্রাস পায়। এই ধরনের উন্নয়ন গ্রামীণ জনগোষ্ঠীর আয় বাড়াতে সহায়তা করে। ক্ষুদ্র ঋণ ও গ্রামীণ উদ্যোগ চালু “একটি বাড়ি, একটি খামার” (Ektee Bari Ektee Khamar) প্রকল্প এবং মাইক্রোফাইন্যান্স যেমন: BRAC, অতিমাত্রায় গরিব ও প্রান্তিক নারীদের আয়ের ক্ষেত্র তৈরি এবং আয় বৈষম্য হ্রাসে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেছে ।

    নারী ও প্রান্তিক জনগোষ্ঠীর অন্তর্ভুক্তি: ট্রান্সজেন্ডারসহ প্রান্তিকদের কর্মসংস্থান নিশ্চিত করতে ৫% কর ছাড় অর্থাৎ এর মূল লক্ষ্য হল, বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলোকে উৎসাহিত করা, যাতে তারা এই জনগোষ্ঠীর জন্য কর্মসংস্থানের সুযোগ তৈরি করে, প্রশিক্ষণ এবং উদ্যোগমূলক সহায়তা কার্যকর পদক্ষেপ হতে পারে। ব্র্যাক, গ্রামীণ ব্যাংকের উদাহরণগুলো এই ক্ষেত্রে অনুকরণীয় ।লিঙ্গভিত্তিক বৈষম্য হ্রাসে নারী উদ্যোক্তা, ক্ষুদ্র ঋণ এবং প্রশিক্ষণ দেওয়া উচিত। একই সঙ্গে সরকারি চাকরি ও বেসরকারি খাতে ‘ইনক্লুসিভ হায়ারিং’ নীতি বাধ্যতামূলক করতে হবে।

    নিয়ন্ত্রণ, জবাবদিহিতা ও সুশাসন প্রতিষ্ঠা: দুর্নীতি, প্রশাসনিক জট ও ক্ষমতাসমূহের অপব্যবহার বৈষম্য বৃদ্ধির মূল কারণ। প্রশাসনের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে যেন সুবিধাগুলো সঠিক ব্যক্তির কাছে পৌঁছায় ।
    নির্ভরযোগ্য সমাজভিত্তিক তত্ত্বাবধান সুশাসন, নাগরিক অংশগ্রহণ এবং তথ্য প্রকাশ নিশ্চিত করে সামাজিক সুরক্ষা ও নীতি-কার্যকরতা উন্নয়ন সম্ভব হয়।

    ডিজিটাল পরিবর্তন ও উন্নত প্রশাসন: ডিজিটাল প্রশাসন (land record digitisation, e‑procurement, ডিজিটাল সেবা ব্যবহার করে স্বচ্ছতা বৃদ্ধি, দুর্নীতি হ্রাস এবং সরকারী সেবা দ্রুত ও জবাবদিহীতাপূর্ণ করে তুলা যায়। যা উচ্চ বৈষম্য নিয়ন্ত্রণে কার্যকর ভূমিকা রাখতে পারে ।

    বাংলাদেশে দারিদ্র্যতা অবশ্যই একটি বড় চ্যালেঞ্জ, তবে আজকের বাস্তবতায় বৈষম্যই ক্রমশঃ বড় সমস্যা হয়ে উঠছে। আয়, সম্পদ, শিক্ষা, স্বাস্থ্যসেবা এবং সুযোগের ক্ষেত্রে যে অসাম্য তৈরি হয়েছে, তা সমাজে হতাশা, অসন্তোষ ও অস্থিরতার জন্ম দিচ্ছে। সরকারি পরিসংখ্যান অনুযায়ী, দারিদ্র্যের হার ধীরে ধীরে কমলেও ধনী ও দরিদ্রের ব্যবধান বেড়েছে কয়েক গুণ। সবচেয়ে উদ্বেগজনক হলো এই বৈষম্য কেবল অর্থনৈতিক নয়, এটি সামাজিক ও প্রাতিষ্ঠানিক রূপও নিচ্ছে। যেখানে সুবিধাপ্রাপ্ত শ্রেণি আরও সুবিধা ভোগ করছে, আর পিছিয়ে পড়া জনগোষ্ঠী ন্যূনতম সুযোগ থেকেও বঞ্চিত হচ্ছে।

    এই অবস্থার অবসান ঘটাতে হলে কেবল দারিদ্র্য নিরসনে নয়, বৈষম্য হ্রাসেও সমান গুরুত্ব দিতে হবে। নীতিনির্ধারণে অন্তর্ভুক্তিমূলক দৃষ্টিভঙ্গি, শিক্ষা ও স্বাস্থ্য খাতে অধিক বিনিয়োগ, কর ব্যবস্থার সংস্কার, সামাজিক সুরক্ষা জোরদার করা এবং দুর্নীতি রোধে কঠোর পদক্ষেপ নিতে হবে। মনে রাখতে হবে, টেকসই উন্নয়নের মূল শর্তই হলো সমতা। একটি সমাজ তখনই সত্যিকারের উন্নত হয়, যখন সবাই উন্নয়নের সুফল ভোগ করতে পারে। সুতরাং এখন সময় বৈষম্যকে অগ্রাধিকারের জায়গায় এনে ন্যায়ের ভিত্তিতে ভবিষ্যৎ গড়ার।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    ব্যাংক

    ‘বার্তা’ আনল নতুন গতি, বছরে বাঁচবে ৭০ লাখ ডলার পর্যন্ত

    নভেম্বর 28, 2026
    অর্থনীতি

    পঞ্চগড়ে বাড়ছে শীত, তেঁতুলিয়ায় তাপমাত্রা ১৩ ডিগ্রি

    নভেম্বর 28, 2026
    অর্থনীতি

    বায়ারের কাছে পৌঁছানোর আগেই থেমে যাচ্ছে ব্যবসার সুযোগ; ব্যবসা, বিনিয়োগ ও কর্মসংস্থানে দুর্বল পাসপোর্টের প্রভাব

    নভেম্বর 28, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.