রাজধানীর কাঁচাবাজারে ফের বাড়ছে নিত্যপণ্যের দাম। টানা বৃষ্টিতে সরবরাহ কমে যাওয়ায় হঠাৎ করে বাড়ছে শাকসবজি ও মুরগির দাম। সবচেয়ে বেশি প্রভাব পড়েছে শসা, বেগুন, করলা, কাঁচা মরিচ ও মুরগির বাজারে।
গতকাল বৃহস্পতিবার মহাখালী, বাড্ডা ও জোয়ারসাহারা বাজার ঘুরে দেখা গেছে, দেশি শসা কেজি ১২০ টাকা, যেখানে এক সপ্তাহ আগেও এটি ৬০ টাকার আশেপাশে ছিল। হাইব্রিড শসা বিক্রি হচ্ছে ১০০ টাকা কেজিতে।
বৃষ্টির কারণে জমিতে পানি জমে যাওয়ায় দেশের বিভিন্ন জায়গা থেকে সবজির সরবরাহ কমে গেছে। ফলে সাধারণ সবজির দামও এখন ভোক্তাদের নাগালের বাইরে চলে যাচ্ছে।
-
বেগুন: ৮০-১২০ টাকা/কেজি
-
করলা, কাঁকরোল, ঝিঙা: ৮০-১০০ টাকা/কেজি
-
টমেটো: ১৪০-১৬০ টাকা/কেজি
-
ঢেঁড়স, পটোল: ৬০-৭০ টাকা/কেজি
-
পেঁপে: ৪০ টাকা/কেজি
-
লম্বা লাউ/চালকুমড়া: ৫০-৬০ টাকা/পিস
কিছুদিন আগেও কাঁচা মরিচ কেজি প্রতি ৪০০ টাকা পর্যন্ত উঠেছিল। ভারত থেকে আমদানি শুরু হওয়ায় এখন সেই দাম কিছুটা কমেছে। বর্তমানে বাজারে ২৪০-২৮০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
একজন বিক্রেতা জানান, “একসময় ২৫০ গ্রাম কাঁচা মরিচ বিক্রি করেছি ১০০ টাকায়। এখন তা ৬০ টাকা।”
বৃষ্টির কারণে খামার থেকে সরবরাহ বাধাগ্রস্ত হচ্ছে বলে জানাচ্ছেন মুরগি বিক্রেতারা। ফলে ব্রয়লার মুরগি ১৭০-১৮০ টাকা, আর সোনালি মুরগি ৩০০-৩২০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে।
তবে ফার্মের ডিমের দাম এখনও স্থিতিশীল—১২০-১৩০ টাকা প্রতি ডজন।
মসলা ও অন্যান্য পণ্যের হালচাল
কয়েকটি মসলাজাতীয় পণ্যের দামও ঊর্ধ্বমুখী।
-
এলাচ: ৬৫০০ টাকা/কেজি
-
জিরা: ৬৫০-৭৫০ টাকা/কেজি
-
দেশি রসুন: ১২০-১৫০ টাকা/কেজি
-
আমদানি করা রসুন: ১৮০-২০০ টাকা/কেজি
-
দেশি আদা: ১৩০-১৫০ টাকা/কেজি
-
পেঁয়াজ: ৬০-৬৫ টাকা/কেজি
-
মসুর ডাল (দেশি): ১৪০ টাকা/কেজি
-
মসুর ডাল (আমদানি): ১১০-১২০ টাকা/কেজি
বাজারের এই পরিস্থিতিতে সাধারণ ক্রেতাদের জন্য নিত্যপ্রয়োজনীয় পণ্য কেনা হয়ে উঠছে দিনকে দিন আরও কষ্টকর। বৃষ্টি কমে গেলে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হতে পারে বলে আশা করছেন বিক্রেতারা।

