সামুদ্রিক সাদা মাংসের ছোট মাছ। বিশেষ করে পোয়া বা জিউ ফিশ ঘিরে বাংলাদেশের মাছ প্রক্রিয়াজাত শিল্পে নতুন সম্ভাবনার দ্বার খুলছে। এসব মাছ দিয়ে পরীক্ষামূলকভাবে উৎপাদিত হচ্ছে আন্তর্জাতিক বাজারে জনপ্রিয় খাদ্যপণ্য সুরিমি।
সুরিমি হলো মাছ দিয়ে তৈরি এক ধরনের প্রক্রিয়াজাত পেস্ট, যা দিয়ে বানানো হয় ফিশ বল, ক্র্যাব স্টিক, সসেজ, সি-ফুড স্ন্যাকস, এমনকি সিঙাড়া বা কেকের উপকরণও। জাপান, ভিয়েতনাম, থাইল্যান্ডে এটি বহু বছর ধরে জনপ্রিয়। বাংলাদেশে এখনো নতুন হলেও, শুরু হয়েছে পরীক্ষামূলক উৎপাদন।
চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিমাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় (সিভাসু) ও ‘সাসটেইনেবল কোস্টাল অ্যান্ড মেরিন ফিশারিজ প্রকল্প’-এর যৌথ গবেষণায় এক বছরের বেশি সময় ধরে চলা পরীক্ষার মাধ্যমে উঠে এসেছে আশাব্যঞ্জক ফলাফল। সংশ্লিষ্টরা বলছেন, দেশের উপকূলীয় অঞ্চলগুলোয় ধরা পড়া ছোট সাদা মাছ—বিশেষ করে জিউ ফিশ—দিয়ে মানসম্পন্ন সুরিমি তৈরি সম্ভব।
গবেষণা সফল হওয়ার পর সিভাসুর প্রযুক্তি ও প্রশিক্ষণে চট্টগ্রামে শুরু হয়েছে শিল্প পর্যায়ে সুরিমি তৈরির উদ্যোগ। এ উদ্যোগে জড়িয়ে পড়েছেন প্রক্রিয়াজাতকরণ খাতের উদ্যোক্তারা। গবেষকরা বলছেন, এ অঞ্চলে বরফ ও কোল্ড চেইন অবকাঠামোসহ প্রয়োজনীয় কাঁচামালের নিরবচ্ছিন্ন জোগান থাকায় সম্ভাবনা আরও বিস্তৃত।
বাংলাদেশে প্রতিবছর প্রচুর পরিমাণে ছোট মাছ ধরা পড়ে, যা সাধারণত রোদে শুকিয়ে সংরক্ষণ করা হয়। এতে যেমন গুণগত মান নষ্ট হয়, তেমনি পোকামাকড়ের কারণে বিক্রি করাও কঠিন হয়ে পড়ে। অথচ আধুনিক পদ্ধতিতে প্রক্রিয়াজাত করে সুরিমি বানালে মাছের মান বজায় থাকে, আয়ুষ্কাল বাড়ে এবং অর্থমূল্য বেড়ে যায় কয়েকগুণ।
বর্তমানে দেশের মৎস্য প্রক্রিয়াজাত কারখানাগুলো মূলত চিংড়ি ও হিমায়িত মাছ নিয়ে কাজ করে। সুরিমি উৎপাদন তাদের জন্য নতুন দিগন্ত। অব্যবহৃত অবকাঠামোও কাজে লাগবে এবং নতুন ধরনের রপ্তানিযোগ্য পণ্য তৈরি হবে।
প্রধান গবেষক অধ্যাপক ড. মো. কামাল বলেন, “এ উদ্যোগ কেবল বড় শিল্পের জন্য নয় বরং ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের জন্য বড় সুযোগ। আধা-প্রক্রিয়াজাত সুরিমি ব্যবহার করে গ্রামীণ পর্যায়ে রেডি-টু-কুক বা রেডি-টু-ইট পণ্য উৎপাদন সম্ভব। ফলে নারী ও তরুণদের কর্মসংস্থানের নতুন পথ তৈরি হবে।”
অত্যধিক আহরণকৃত মাছের চাপ কমিয়ে অপেক্ষাকৃত অব্যবহৃত জিউ ফিশ ব্যবহার পরিবেশের ভারসাম্য রক্ষা করবে। এতে যেমন সঠিক মাছ ধরার অভ্যাস বাড়বে, তেমনি সচেতনতা তৈরি হবে জেলেদের মাঝে। অংশীদারিত্বমূলক ব্যবস্থাপনায় গড়ে উঠবে দীর্ঘমেয়াদি টেকসই মৎস্য ইকোসিস্টেম, যার সুফল পাবে পুরো মৎস্য খাত।

