একসময় যে শিল্প গর্বের প্রতীক ছিল, তা আজ টিকে থাকার জন্য লড়ছে। চট্টগ্রামের সীতাকুণ্ডের ফৌজদারহাট এলাকায় গড়ে ওঠা বাংলাদেশের জাহাজ ভাঙা শিল্প এখন ধ্বংসের দ্বারপ্রান্তে। মালিকদের চোখে হতাশা, শ্রমিকদের চোখে অনিশ্চয়তা—সর্বত্রই এক অস্থির বাস্তবতা।
১৯৭৯ সালে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সময় সীতাকুণ্ডের উপকূলজুড়ে শুরু হয় শিপ ব্রেকিং ইন্ডাস্ট্রির পথচলা। তখন কেউ ভাবেনি এই শিল্প একদিন লাখো মানুষকে কাজ দেবে, দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে, এমনকি বিশ্ববাজারেও বাংলাদেশের নাম তুলে ধরবে।
বছরের পর বছর ধরে ছলিমপুর, ভাটিয়ারী, সোনাইছড়ি, কুমিরাসহ পুরো সীতাকুণ্ড উপকূলজুড়ে গড়ে ওঠে প্রায় ২০০টি শিপইয়ার্ড। এখান থেকেই আসে দেশের স্টিল শিল্পের একটা বড় অংশের কাঁচামাল। প্রতি বছর কোটি কোটি টাকা রাজস্ব দেয় সরকারকে। কিন্তু সেই স্বর্ণালী অধ্যায় এখন ইতিহাস হয়ে যাচ্ছে।
২০২৩ সালে পরিবেশবান্ধব শিপ ভাঙার ওপর জোর দেয় আন্তর্জাতিক সংস্থা ও হংকং কনভেনশন। তাদের নির্দেশনা অনুযায়ী, ২০২৫ সালের ২৫ জুনের মধ্যে সব শিপইয়ার্ডকে ‘গ্রীন শিপইয়ার্ডে’ রূপান্তর করতে হবে। বাস্তবতা হলো, ১৩টি প্রতিষ্ঠান ছাড়া বাকিরা এই মানে পৌঁছাতে পারেনি।
এই সময়সীমা শেষ হওয়ার পর এখন যেসব ইয়ার্ড ‘গ্রীন’ নয়, তারা আর জাহাজ কাটতে পারছে না। এলসি খুলে পুরনো জাহাজ আনাও বন্ধ হয়ে গেছে। ফলে অধিকাংশ ইয়ার্ড কার্যত অচল। অনেক মালিক দেউলিয়া হয়েছেন, আবার অনেক শ্রমিক পেশা হারিয়ে পথে বসেছেন।
জাহাজ ভাঙা শিল্প শুধু মালিক-শ্রমিকদের জীবিকা নয়, এটি দেশের স্টিল ও নির্মাণ শিল্পের প্রাণ। এখান থেকে সংগ্রহ করা লৌহজাত কাঁচামালে তৈরি হয় রড, স্টিল স্ট্রাকচার, পিতল, তামা—যা দেশের চাহিদা মেটানোর পাশাপাশি বিদেশেও রপ্তানি হয়।
মোহরম ইস্পাতের মালিক কামাল পাশা বলেন, “ইয়ার্ডগুলো বন্ধ হওয়ায় আমাদের এখন বিদেশ থেকে দ্বিগুণ দামে কাঁচামাল আনতে হবে। এতে শুধু দাম বাড়বে না, সরকারের রাজস্ব আয়ের একটা বড় উৎসও বন্ধ হয়ে যাবে। আর আমাদের লাখো শ্রমিক-কর্মচারী কী করবে?”
শিপ ব্রেকার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক নাজমুল হাসান বলেন, “চলতি বছরের ২৬ জুন থেকে গ্রীন শিপইয়ার্ড ছাড়া কোনো ইয়ার্ডে জাহাজ কর্তন করা যাচ্ছে না। ২৫ জুনের আগেই যারা বিচিং করেছে, কেবল তারাই জাহাজ কাটতে পারবে।”
তবে আশা এখনও শেষ হয়ে যায়নি। বিএনপির সাবেক যুগ্ম মহাসচিব অধ্যাপক লায়ন আসলাম চৌধুরী এই সময়সীমা অন্তত আরও দুই বছর বাড়ানোর জন্য আন্তর্জাতিক মহলে চেষ্টা চালিয়ে যাচ্ছেন। সময় বাড়ানো হলে, বাকিদের জন্যও গ্রীন শিপইয়ার্ডে রূপান্তরের সুযোগ তৈরি হবে।
সীতাকুণ্ডের জাহাজ ভাঙা শিল্প আজ একটি মোড়ের সামনে দাঁড়িয়ে। সঠিক সিদ্ধান্ত, যথাযথ সমন্বয় এবং সময়মতো সহায়তা—এই তিনটি উপাদান যদি এখনই না আসে, তবে এই শিল্পের ধ্বংস অনিবার্য। আর সেটা হবে শুধু একটি শিল্পের মৃত্যু নয়, হাজারো পরিবারের ভবিষ্যৎ ভেঙে পড়ার ইতিহাস।

