১৬ জুলাই, ১৯৪৯—চট্টগ্রামের ইতিহাসে এক স্মরণীয় দিন। এই দিনে প্রথমবারের মতো এখানে অনুষ্ঠিত হয়েছিল চায়ের নিলাম। সেটিই ছিল পূর্ব বাংলার প্রথম চা নিলাম, যা কেবল একটি ব্যবসায়িক আয়োজন নয়, দেশের চা শিল্পের এক নতুন অধ্যায়ের সূচনা। সেই শুরু থেকে আজ ৭৬ বছর পেরিয়ে এসেও চট্টগ্রামের চা নিলাম কেন্দ্র দেশের প্রধান চা বিপণন কেন্দ্র হিসেবেই টিকে আছে।
চায়ের গল্পটা আরও পুরোনো। দেশের মাটিতে প্রথম চা চাষ শুরু হয় ১৮৪০ সালে, চট্টগ্রামের হিলট্র্যাক এলাকায়। পরবর্তীতে সিলেট অঞ্চলে চায়ের বাগান ছড়িয়ে পড়ে। কিন্তু এতদিন এ অঞ্চলে উৎপাদিত চা কলকাতা বা লন্ডনের নিলামে পাঠানো হতো। ১৯৪৭ সালে দেশভাগের পর স্থানীয় বাগান মালিকদের মধ্যে নিজেদের দেশে একটি নিলামকেন্দ্র গড়ার প্রয়োজনীয়তা অনুভূত হয়।
এরপর ১৯৪৮ সালে কয়েকটি ব্রিটিশ কোম্পানির সঙ্গে মিলে স্থানীয় ব্যবসায়ী খান বাহাদুর মুজিবুর রহমান গঠন করেন ‘পাকিস্তান ব্রোকার্স লিমিটেড’, যা পরে ‘ন্যাশনাল ব্রোকার্স লিমিটেড’-এ রূপ নেয়। আর এই কোম্পানির সহযোগিতাতেই ১৯৪৯ সালে চট্টগ্রামে প্রথম চা নিলামের আয়োজন হয়।
বর্তমানে বাংলাদেশ চা বোর্ডের তত্ত্বাবধানে ও টি ট্রেডার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (টিটিএবি) আয়োজনে প্রতি সোমবার চট্টগ্রামে নিয়মিত নিলাম হয়, যা চলে পুরো বছরব্যাপী। যদিও গত কয়েক বছরে শ্রীমঙ্গল (২০১৮) ও পঞ্চগড় (২০২৩)-এ নতুন নিলাম কেন্দ্র গড়ে উঠেছে, তবু চট্টগ্রামই রয়ে গেছে দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ চা বিপণন কেন্দ্র।
চা বোর্ডের সর্বশেষ তথ্য বলছে—২০২৪-২৫ মৌসুমে দেশজুড়ে যে চা নিলাম হয়েছে, তার ৯৭ শতাংশেরও বেশি বিক্রি হয়েছে চট্টগ্রাম কেন্দ্র হয়ে। শ্রীমঙ্গলে মাত্র ১.২৪ মিলিয়ন কেজি ও পঞ্চগড়ে ১.১২ মিলিয়ন কেজি চা বিক্রি হয়েছে।
চট্টগ্রামের জনপ্রিয়তার অন্যতম কারণ এর বিস্তৃত অবকাঠামো। এখানে রয়েছে ১৬টি লাইসেন্সপ্রাপ্ত গুদাম, যেখানে সিলেট, চট্টগ্রাম এবং পঞ্চগড় অঞ্চলের চা সংরক্ষিত হয় নিলামের আগে। তুলনায় মৌলভীবাজারে আছে ছয়টি ও পঞ্চগড়ে মাত্র তিনটি গুদাম।
এছাড়া, দেশের সাতটি অনুমোদিত ব্রোকিং কোম্পানির প্রধান কার্যালয়ও চট্টগ্রামেই অবস্থিত। এদের পেশাদার টেস্টাররা চায়ের মান যাচাই করে সম্ভাব্য মূল্য নির্ধারণ করেন এবং নিলামের আগেই ক্রেতাদের কাছে নমুনা পাঠান।
প্রতি সোমবার চট্টগ্রামে এক প্রাণবন্ত চিত্র দেখা যায়—ইস্পাহানি, আবুল খায়ের, টিকে গ্রুপ, মেঘনা, লিপটনসহ প্রায় অর্ধশতাধিক প্রতিষ্ঠান নিয়মিত নিলামে অংশ নেয়। ঢাকা-চট্টগ্রামের খোলা বাজারের অনেক ছোট ব্যবসায়ীরাও এখানে অংশগ্রহণ করেন।
সরকারি নিয়ম অনুযায়ী, চাষিদের কমপক্ষে ৭৫ শতাংশ চা অবশ্যই নিলামের মাধ্যমে বিক্রি করতে হয়। বাকি অংশ বোর্ডের অনুমোদন নিয়ে সরাসরি বিক্রি করা যায়।
বাংলাদেশ টি অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান কামরান তানভীরুর রহমান বলেন, “চা রপ্তানি কিছুটা কমেছে, তবে এখনো দেশের চা বাজার চট্টগ্রামকেন্দ্রিক। বড় ক্রেতাদের বেশিরভাগ এখান থেকেই কিনতে পছন্দ করেন।”
টিটিএবির ভাইস চেয়ারম্যান মো. ইউসুফ বলেন, “গুদামজাতকরণ, মান নিয়ন্ত্রণ, ব্রোকিং—সবদিক থেকে চট্টগ্রামেই সবচেয়ে বেশি সুযোগ-সুবিধা রয়েছে। তাই ব্যবসায়ী ও চাষিদের প্রথম পছন্দ এখানেই।”
ন্যাশনাল ব্রোকার্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ওরমান রাফে নিজাম বলেন, “৭৬ বছরের ইতিহাসে আমরা নিষ্ঠা ও সততার সঙ্গে কাজ করেছি। এই কারণেই চট্টগ্রাম নিলাম কেন্দ্র আজও আস্থার প্রতীক হয়ে আছে।”
চা শুধু একটি পানীয় নয়, এটি একটি সংস্কৃতি, একটি ইতিহাস। আর সেই ইতিহাসের কেন্দ্রবিন্দুতে চট্টগ্রামের চা নিলাম কেন্দ্র এখনো অটল, উজ্জ্বল। শত প্রতিকূলতার মাঝেও এই কেন্দ্রটি দেশের চা শিল্পের চালিকাশক্তি হিসেবে টিকে আছে। এখান থেকেই প্রতিদিন হাজারো মানুষের ঘরে পৌঁছে যায় প্রিয় এক কাপ চায়ের পাতা।

