বিদায়ী সপ্তাহে (১৩ থেকে ১৭ জুলাই) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের ঊর্ধ্বমুখী ধারায় লেনদেন হয়েছে। এ সময়ে বাজার মূলধন বেড়েছে ১০ হাজার ৭৫৯ কোটি টাকা।
ডিএসইর সাপ্তাহিক প্রতিবেদন অনুযায়ী, সপ্তাহ শেষে বাজার মূলধন দাঁড়িয়েছে ৬ লাখ ৮৭ হাজার ৪৯৮ কোটি টাকায়। আগের সপ্তাহের শেষ কার্যদিবসে যা ছিল ৬ লাখ ৭৬ হাজার ৭৩৯ কোটি টাকা। ফলে এক সপ্তাহে মূলধন বেড়েছে ১ দশমিক ৫৯ শতাংশ। সূচকেও দেখা গেছে ইতিবাচক প্রবণতা।
- প্রধান সূচক ডিএসইএক্স বেড়েছে ৬৪ দশমিক ৪৪ পয়েন্ট বা ১ দশমিক ২৭ শতাংশ
- ডিএসই-৩০ সূচক বেড়েছে ২৮ দশমিক ০৪ পয়েন্ট বা ১ দশমিক ৪৭ শতাংশ
- ডিএসইএস সূচক বেড়েছে ১৮ দশমিক ৮৪ পয়েন্ট বা ১ দশমিক ৭১ শতাংশ
সূচকের সঙ্গে তাল মিলিয়ে লেনদেনেও এসেছে উল্লম্ফন। বিদায়ী সপ্তাহে ডিএসইতে মোট লেনদেন হয়েছে ৩ হাজার ৪০৮ কোটি ১২ লাখ টাকা, যা আগের সপ্তাহের তুলনায় ৮৬৩ কোটি ২৭ লাখ টাকা বেশি। আগের সপ্তাহে মোট লেনদেন ছিল ২ হাজার ৫৪৪ কোটি ৮৫ লাখ টাকা।
প্রতি কার্যদিবসে গড় লেনদেন ছিল ৬৮১ কোটি ৬২ লাখ টাকা, যা আগের সপ্তাহের ৬৩৬ কোটি ২১ লাখ টাকার তুলনায় ৪৫ কোটি ৪১ লাখ টাকা বেশি। গড় লেনদেনের প্রবৃদ্ধি হয়েছে ৭ দশমিক ১৪ শতাংশ। সপ্তাহজুড়ে ডিএসইতে ৩৯৪টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ড ইউনিটের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে ২৯০টির দাম বেড়েছে, ৮০টির দাম কমেছে এবং ২৪টির দর অপরিবর্তিত ছিল।

