ইউরোপীয় ইউনিয়ন রাশিয়ার জ্বালানি খাতকে টার্গেট করে বড় নতুন নিষেধাজ্ঞা ঘোষণা করেছে। এর আওতায় ভারতের সবচেয়ে বড় তেল শোধনাগার, যা নায়ারা এনার্জি লিমিটেড পরিচালনা করে, নিষেধাজ্ঞার কবলে পড়েছে। এই শোধনাগারের মালিকানায় প্রায় অর্ধেক অংশ রয়েছে রাশিয়ার রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান রসনেফটের হাতে।
বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, ইউরোপীয় ইউনিয়নের এই পদক্ষেপ এসেছে এমন সময়ে যখন যুক্তরাষ্ট্রের কংগ্রেস রাশিয়ার তেল ক্রেতাদের ওপর আরও কঠোর নিষেধাজ্ঞা আরোপের বিষয়ে আলোচনা করছে। মার্কিন আইনপ্রণেতারা ইতোমধ্যেই ভারত, চীন ও ব্রাজিলকে রাশিয়ার জ্বালানি কেনার কারণে শাস্তির মুখে পড়ার হুঁশিয়ারি দিয়েছেন।
নতুন নিষেধাজ্ঞায় রাশিয়ার তেল পরিবহনে ব্যবহৃত জি-৭ দেশগুলোর জাহাজ ও বিমাব্যবস্থায় রাশিয়ান তেল কেনার ক্ষেত্রে সর্বোচ্চ মূল্যসীমা নির্ধারণ করা হয়েছে। এর পূর্বের ৬০ ডলার থেকে কমিয়ে এই মূল্যসীমা দাঁড়িয়েছে ৪৭.৬ ডলারে। এটি রাশিয়ান তেলের গড় বাজারমূল্যের প্রায় ১৫ শতাংশ কম। যদিও জি-৭-এর সব দেশ এই সীমা মেনে চলেনি, যুক্তরাজ্য এই মূল্যসীমা গ্রহণ করেছে বলে দেশটির পররাষ্ট্র দপ্তর জানিয়েছে।
অন্যদিকে, রাশিয়া থেকে আসা পরিশোধিত পেট্রোলিয়াম পণ্যের আমদানি ইউরোপীয় ইউনিয়নে নিষিদ্ধ করা হয়েছে। এছাড়া জার্মানির সঙ্গে যুক্ত নর্ড স্ট্রিম ১ ও ২ গ্যাস পাইপলাইনের ওপর সম্পূর্ণ লেনদেন বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। ইইউর শীর্ষ কূটনীতিক কায়া কাল্লাস বলেন, ‘এটি প্রথমবারের মতো যে একটি পতাকাবাহী নিবন্ধন সংস্থা ও ভারতের সবচেয়ে বড় রসনেফট সম্পৃক্ত তেল শোধনাগারকে নিষিদ্ধ করা হলো।’
নায়ারা এনার্জির মালিকানার ৪৯.১৩ শতাংশ শেয়ার রয়েছে রসনেফটের। বাকিটা কেসানি এন্টারপ্রাইজেস এবং স্থানীয় বিনিয়োগকারীদের হাতে। গুজরাটের ভাদিনারে অবস্থিত নায়ারা শোধনাগারটি প্রতিদিন প্রায় ৪ লাখ ব্যারেল তেল প্রক্রিয়াজাত করে। এছাড়া দেশের প্রায় ৬ হাজার ৩০০টির বেশি পেট্রলপাম্প এখান থেকে পরিচালিত হয়।
ভারতের বিভিন্ন সংবাদমাধ্যমে বলা হয়েছে, নিষেধাজ্ঞার পর রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের সঙ্গে নায়ারা এনার্জির অংশীদারিত্ব বিক্রির বিষয়ে আলোচনা শুরু হয়েছে। ইইউর বিবৃতিতে বলা হয়েছে, নায়ারা রিফাইনারির ওপর পূর্ণাঙ্গ নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এর মধ্যে রয়েছে ভ্রমণ নিষেধাজ্ঞা, সম্পদ জব্দ ও আর্থিক লেনদেন বন্ধ।
ইইউর ১৮তম নিষেধাজ্ঞা প্যাকেজে ১৪ ব্যক্তি ও ৪১টি সংস্থাও নতুনভাবে নিষেধাজ্ঞার আওতায় এসেছে। ফলে ইইউর নিষিদ্ধ তালিকাভুক্ত প্রতিষ্ঠানগুলোর সংখ্যা এখন ২ হাজার ৫০০ ছাড়িয়ে গেছে। এর মধ্যে রয়েছে রাশিয়ার ‘ছায়া জাহাজবহর’ বা শ্যাডো ফ্লিটের অনেক জাহাজ, যেগুলো নিষিদ্ধ পণ্য পরিবহন বা নিষেধাজ্ঞা লঙ্ঘন করছে। নতুন করে ১০৫টি জাহাজকে ইইউ বন্দরে প্রবেশ ও নৌসেবা গ্রহণ থেকে বিরত রাখা হয়েছে। মোট নিষিদ্ধ জাহাজের সংখ্যা এখন ৪৪৪।
একটি ছায়া বহরের জাহাজের ক্যাপ্টেন ও একটি অজ্ঞাতনামা পতাকা নিবন্ধন সংস্থার অপারেটরকেও নিষেধাজ্ঞার তালিকায় যুক্ত করা হয়েছে। ব্যাংক খাতের ওপরও নিষেধাজ্ঞা জোরদার হয়েছে। ৪৫টি রুশ ব্যাংকের সঙ্গে পুরোপুরি লেনদেন নিষিদ্ধ করা হয়েছে। পাশাপাশি ২৬টি নতুন সংস্থা নিষেধাজ্ঞার আওতায় এসেছে, যারা রাশিয়াকে সামরিক ও বেসামরিক পণ্য সরবরাহ করে। রাশিয়া ও বেলারুশের সামরিকশিল্প খাতেও নিষেধাজ্ঞা বাড়ানো হয়েছে।
একই দিনে যুক্তরাজ্য রাশিয়ার সামরিক গোয়েন্দা সংস্থা জিআরইউর তিনটি ইউনিট এবং ১৮ জন গোয়েন্দা কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। যুক্তরাজ্যের দাবি, এই ইউনিটগুলো দীর্ঘদিন ধরে সাইবার হামলার মাধ্যমে ইউরোপে অস্থিতিশীলতা সৃষ্টি করছে। ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামি বলেন, ‘জিআরইউ গুপ্তচররা ইউরোপে অস্থিতিশীলতা সৃষ্টি করছে, ইউক্রেনের সার্বভৌমত্ব ক্ষুণ্ন করতে চায় এবং ব্রিটিশ নাগরিকদের নিরাপত্তা বিপন্ন করছে।’
যুক্তরাজ্য জানায়, এই ইউনিটগুলো ২০২২ সালে মারিউপোলের রাশিয়ার বিমান হামলায় সহযোগিতা করেছিল। বিশেষ করে মারিউপোল থিয়েটারে হামলায় শত শত শিশুসহ লোক নিহত হয়। এছাড়া সাবেক রুশ ডাবল এজেন্ট সের্গেই স্ক্রিপাল ও তাঁর মেয়ে ইউলিয়ার ওপর সাইবার হামলায় জড়িত ব্যক্তিদেরও নিষেধাজ্ঞার তালিকায় রাখা হয়েছে। ২০১৮ সালে ব্রিটেনে সালিসবারিতে ‘নভিচক’ নার্ভ গ্যাস দিয়ে তাদের হত্যা চেষ্টা চালানো হয়েছিল।

