যুক্তরাষ্ট্রে রফতানি কমে যাওয়ায় টানা দ্বিতীয় মাসের মতো সামগ্রিক রফতানি হ্রাস পেয়েছে জাপানের। চলতি বছরের জুন মাসে দেশটির মোট রফতানি কমেছে ০.৫ শতাংশ। একই সময়ে যুক্তরাষ্ট্রে রফতানি হ্রাস পেয়েছে ১১ শতাংশ।
বিশেষজ্ঞরা জানিয়েছেন, রফতানিতে এই পতনের মূল কারণ যুক্তরাষ্ট্রে গাড়ি বিক্রি কমে যাওয়া। জুনে যুক্তরাষ্ট্রে জাপানি গাড়ি রফতানি কমেছে ২৬.৭ শতাংশ, যা দেশের সামগ্রিক বাণিজ্যে বড় প্রভাব ফেলেছে। এর ফলে বছরের প্রথমার্ধে জাপানের বাণিজ্য ঘাটতি দাঁড়িয়েছে প্রায় ২.২ ট্রিলিয়ন ইয়েনে।
এই প্রবণতা জাপানকে আবার মন্দার মুখে ঠেলে দিতে পারে বলে আশঙ্কা করছেন বিশ্লেষকরা। এমন অবস্থায় যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি বাণিজ্য চুক্তির প্রয়োজনীয়তা আরও বেড়েছে। যদিও জুলাইয়ের শুরুতেই নতুন শুল্ক কার্যকরের কথা ছিল, তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আলোচনার সুযোগ দিতে তা পিছিয়ে ১ আগস্টে নির্ধারণ করেছেন। এখনো কোনো চুক্তি না হওয়ায় অনিশ্চয়তা রয়ে গেছে।
বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্রে জাপানের মোট রফতানির প্রায় এক-পঞ্চমাংশ যায়। ফলে বর্তমান পরিস্থিতি থেকে উত্তরণের জন্য দ্রুত একটি বাণিজ্য চুক্তি অত্যন্ত জরুরি।

