বাণিজ্য সচিব মাহবুবুর রহমান জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান বাণিজ্য ঘাটতি কমাতে বাংলাদেশ আমদানির পরিধি বাড়াচ্ছে। এ উদ্যোগের অংশ হিসেবে দেশটি ১৪টি বোয়িং উড়োজাহাজ ও প্রায় ৩ লাখ টন গম আমদানির পরিকল্পনা করেছে।
আগামী রোববার ঢাকায় গম আমদানির জন্য একটি চুক্তি স্বাক্ষরের প্রস্তুতি চলছে। বাণিজ্য সচিব বলেন, “এই চুক্তির মাধ্যমে যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের মধ্যে বাণিজ্য সহযোগিতার নতুন পথ প্রশস্ত হবে।” বোয়িংয়ের সঙ্গে উড়োজাহাজ কেনার আলোচনা অনেকদূর এগিয়েছে। তবে ডেলিভারির সময়সূচি বোয়িংয়ের উৎপাদন সক্ষমতার ওপর নির্ভর করবে। উড়োজাহাজ ও গম আমদানির মোট মূল্য এখনো প্রকাশ করা হয়নি।
এই উদ্যোগ এমন সময় নেওয়া হয়েছে যখন বাংলাদেশ শুল্ক কমানোর বিষয়ে যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধিদের সঙ্গে আলোচনায় নিয়োজিত রয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইতোমধ্যে বাংলাদেশি পণ্যের ওপর ৩৫ শতাংশ শুল্ক আরোপ করেছেন। যা ভিয়েতনাম (২০%) ও ইন্দোনেশিয়ার (১৯%) থেকে বেশি।
আগামী সপ্তাহে বাংলাদেশের কর্মকর্তারা ওয়াশিংটনে তৃতীয় দফার আলোচনা চালানোর প্রস্তুতি নিচ্ছেন। লক্ষ্য, আগামী ১ আগস্ট নতুন শুল্ক কার্যকর হওয়ার আগে পারস্পরিক একটি সমঝোতা চুক্তি করা। বাণিজ্য সচিব বলেন, “আমরা যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়িয়ে বাণিজ্য ঘাটতি কমানোর চেষ্টা করছি।” তিনি জানান, আলোচনার আগে গার্মেন্টস ও ওষুধ খাতের ব্যবসায়ীরা এবং বাণিজ্য বিশেষজ্ঞদের সঙ্গে মন্ত্রণালয় পর্যবেক্ষণ করেছে। তবে চুক্তির বিস্তারিত বিষয়ে এখনো কোনো তথ্য প্রকাশ করেননি।
সরকার আগামী দফার আলোচনায় বেসরকারি খাতের প্রতিনিধিদেরও অন্তর্ভুক্ত করার পরিকল্পনা করছে। ব্যবসায়ীরা সম্প্রতি এ দাবি জানিয়েছিলেন। সরকারি উদ্যোগের পাশাপাশি, যুক্তরাষ্ট্র থেকে সয়াবিনসহ বিভিন্ন পণ্য আমদানিতে বেসরকারি খাতকে উৎসাহিত করা হচ্ছে। বাংলাদেশ আগে থেকেই বাণিজ্য ভারসাম্য আনার জন্য উদ্যোগ নিয়েছিল। এপ্রিলে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুস প্রেসিডেন্ট ট্রাম্পকে একটি চিঠি পাঠিয়ে যুক্তরাষ্ট্র থেকে তুলা, গম, এলএনজি ও সয়াবিন আমদানির প্রস্তাব দিয়েছিলেন। একই ধরনের প্রস্তাব বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিনও যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি জেমিসন গ্রিয়ারের কাছে জমা দিয়েছেন।
বাংলাদেশ প্রতিবছর যুক্তরাষ্ট্রে ৮ বিলিয়ন ডলারেরও বেশি পণ্য রফতানি করে। যুক্তরাষ্ট্র বাংলাদেশের সবচেয়ে বড় রপ্তানি বাজার। অন্যদিকে, যুক্তরাষ্ট্র থেকে আমদানির পরিমাণ মাত্র ২ বিলিয়ন ডলারের কিছু বেশি। এই ভারসাম্যহীনতায় ট্রাম্প প্রশাসন উচ্চ শুল্ক আরোপ করেছে, যা বিশেষ করে পোশাক খাতের রপ্তানিকারীদের মধ্যে উদ্বেগ সৃষ্টি করেছে। তারা বাজারে প্রতিযোগিতায় পিছিয়ে পড়ার ভয় পাচ্ছেন। পলিটিকোর এক প্রতিবেদনে বলা হয়েছে, প্রেসিডেন্ট ট্রাম্প ১৫০টির বেশি দেশের কাছে একটি চিঠি পাঠাতে চান। এতে জানানো হবে কোন দেশকে কত শুল্ক দিতে হবে।
ট্রাম্প হোয়াইট হাউসে বাহরাইনের ক্রাউন প্রিন্স সালমান বিন হামাদ আল খলিফার সঙ্গে বৈঠকে সাংবাদিকদের বলেন, “সব দেশের জন্য শুল্ক একই হবে না। বড় দেশ যেমন চীন, জাপান তাদের সঙ্গে আলাদা চুক্তি রয়েছে।” এপ্রিল মাসে ট্রাম্প ১০ শতাংশ অতিরিক্ত শুল্ক আরোপ করলেও তিনি নতুন বেসলাইন শুল্ক ১৫ থেকে ২০ শতাংশের মধ্যে হতে পারে বলেই ইঙ্গিত দিয়েছেন। তবে নির্দিষ্ট হার ঘোষণা করেননি।
এখন পর্যন্ত সব দেশ ১০ শতাংশ অতিরিক্ত শুল্ক দিচ্ছে। ট্রাম্প ইতোমধ্যে ইউরোপীয় ইউনিয়ন, জাপান ও দক্ষিণ কোরিয়া সহ প্রায় দুই ডজন বাণিজ্য অংশীদারের কাছে নতুন শুল্ক হার জানিয়ে চিঠি পাঠিয়েছেন। এটি আগামী ১ আগস্ট থেকে কার্যকর হবে।

