বিশ্বের সবচেয়ে বড় গম রপ্তানিকারক দেশ রাশিয়া নতুন বিপণন মৌসুমে (যা শুরু হয়েছে ১ জুলাই থেকে) শস্য রপ্তানির জন্য নতুন বাজার খুঁজতে শুরু করেছে। এবার তাদের নজর পড়েছে দক্ষিণ-পূর্ব এশিয়ার সম্ভাবনাময় বাজারগুলোর দিকে—বিশেষ করে ভিয়েতনাম, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ফিলিপাইন ও বাংলাদেশ।
রাশিয়ার রাষ্ট্রীয় রপ্তানি সংস্থা ‘অ্যাগ্রোএক্সপোর্ট’-এর প্রধান ইলিয়া ইলুশিন গত বৃহস্পতিবার এ তথ্য জানান বলে ব্যাংকক পোস্ট এক প্রতিবেদনে জানিয়েছে। মিশর ও তুরস্কের মতো রাশিয়ার দীর্ঘদিনের ক্রেতা দেশের পাশাপাশি কৃষিপণ্য রপ্তানিতে বৈচিত্র্য আনতে চাচ্ছে মস্কো। বিশেষ করে তুরস্ক মাঝে মাঝে অভ্যন্তরীণ কৃষকদের সুরক্ষায় গম আমদানিতে নিষেধাজ্ঞা আরোপ করে থাকে, যা রাশিয়ার জন্য অনিশ্চয়তা তৈরি করে। এমন পরিস্থিতিতে রাশিয়া এখন বিকল্প বাজারের দিকে ঝুঁকছে। গত মৌসুমেই তারা ভিয়েতনামে গম রপ্তানি চারগুণ বাড়িয়েছে।
ইলুশিন বলেন, “এই মুহূর্তে আমাদের লক্ষ্য হলো দক্ষিণ-পূর্ব এশিয়ার বাজারে প্রবেশ করা। এর মধ্যে শুধু ভিয়েতনাম ও বাংলাদেশই নয়, মালয়েশিয়া ও ফিলিপাইনও রয়েছে। এগুলো বড় দেশ, যাদের ক্রয়ক্ষমতা আছে এবং শস্য আমদানির চাহিদাও অনেক।”
বাংলাদেশ গত মৌসুমে রাশিয়ার গমের তৃতীয় বৃহত্তম ক্রেতা ছিল। ফলে রাশিয়ার জন্য এ দেশটি একটি ক্রমবর্ধমান গুরুত্বপূর্ণ বাজার হয়ে উঠছে। এ বছর খরা কিছুটা প্রভাব ফেললেও রাশিয়া ২০২৫ সালের মধ্যে ১৩ কোটি ৫০ লাখ টন শস্য উৎপাদনের লক্ষ্য নিয়েছে। যা গত বছরের তুলনায় প্রায় ৪ শতাংশ বেশি। এর মধ্যে শুধু গম রপ্তানির লক্ষ্য ধরা হয়েছে ৪ কোটি ৫০ লাখ টন—গত মৌসুমে যা ছিল ৪ কোটি ৪০ লাখ টন।
তবে দক্ষিণ-পূর্ব এশিয়ার বাজার সহজ নয় বলেও সতর্ক করেছেন রাশিয়ার শস্য উৎপাদক ও রপ্তানিকারক ইউনিয়নের বোর্ড সদস্য এবং বায়ো-টন এগ্রিকালচারাল হোল্ডিংয়ের সিইও এডুয়ার্ড জারনিন। তার মতে, এই অঞ্চলে রাশিয়াকে প্রতিদ্বন্দ্বিতা করতে হবে অস্ট্রেলিয়া, যুক্তরাষ্ট্র ও কানাডার মতো শক্তিশালী রপ্তানিকারকদের সঙ্গে। তিনি বলেন, “এগুলো উচ্চাকাঙ্ক্ষী প্রতিযোগী। তাদের নিজস্ব লক্ষ্য আছে, নিজস্ব ব্যবসার ধরন আছে। আমাদের তাদের সঙ্গে লড়াইয়ের জন্য ভালোভাবে প্রস্তুত থাকতে হবে।”

