আওয়ামী লীগ সরকারের পতনের পর দেশে হুন্ডি কার্যক্রম কমে এসেছে। এর প্রভাব পড়েছে রেমিট্যান্স প্রবাহে। হুন্ডি হ্রাস পাওয়ায় প্রবাসীরা এখন বৈধ পথে বেশি অর্থ পাঠাচ্ছেন। ব্যাংকিং চ্যানেলে ডলারের দাম ও খোলাবাজারের দামে পার্থক্য না থাকায় বৈধপথে প্রবাসী আয় নতুন রেকর্ড গড়ছে।
২০২৪-২৫ অর্থবছর শেষে দেশে ইতিহাসের সর্বোচ্চ রেমিট্যান্স এসেছে। চলতি ২০২৫-২৬ অর্থবছরের প্রথম মাস জুলাইয়ের প্রথম ১৬ দিনেই রেমিট্যান্স বেড়েছে ৭ দশমিক ৭০ শতাংশ। বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। ব্যাংকিং খাত সংশ্লিষ্টরা জানিয়েছেন, ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সময়ে হুন্ডির মাধ্যমে ডলার পাঠানোর প্রবণতা বেড়েছিল। সরকারের ঘনিষ্ঠ একটি চক্র বিদেশে ডলার কিনে রেখে দেশে ব্যাংক থেকে বেনামি ঋণ নিয়ে সে অর্থ পরিশোধ করত। এতে বৈধপথে রেমিট্যান্সের প্রবাহ ব্যাহত হয়। তবে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর হুন্ডি কমেছে এবং ব্যাংকিং চ্যানেলেই ডলারের দর ভালো থাকায় প্রবাসীরা আর ঝুঁকি নিচ্ছেন না।
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, জুলাইয়ের প্রথম ১৬ দিনে প্রবাসী আয় এসেছে ১৪২ কোটি ১০ লাখ ডলার। গত বছরের একই সময়ে আয় ছিল ১৩১ কোটি ৯০ লাখ ডলার। অর্থাৎ এক বছরে একই সময়ের তুলনায় আয় বেড়েছে ৭ দশমিক ৭০ শতাংশ। সম্প্রতি শেষ হওয়া ২০২৪-২৫ অর্থবছরে দেশে রেকর্ড ৩০ দশমিক শূন্য ৪ বিলিয়ন ডলারের রেমিট্যান্স এসেছে, যা এখন পর্যন্ত সর্বোচ্চ। আগের অর্থবছর ২০২৩-২৪ সালে প্রবাসী আয় ছিল ২৩ দশমিক ৭৪ বিলিয়ন ডলার। ফলে এক বছরের ব্যবধানে প্রবাসী আয় বেড়েছে প্রায় ২৬ শতাংশ।
বিশ্বব্যাংকের সাবেক মুখ্য অর্থনীতিবিদ ড. জাহিদ হোসেন বলেন, আগের সরকারের সময়ে হুন্ডির চক্র সক্রিয় থাকায় বৈধ পথে রেমিট্যান্স আসতো না। তারা বিদেশে ডলার জমিয়ে রেখে দেশে টাকা পরিশোধ করত। এখন সেই পরিস্থিতি নেই। তাই রেমিট্যান্স বাড়ছে। একইসঙ্গে রপ্তানি আয় বৃদ্ধির কারণে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভও বাড়ছে।
বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান জানান, প্রবাসীরা দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে বৈধপথে টাকা পাঠাচ্ছেন। এ কারণে রেমিট্যান্স প্রবাহ আগের চেয়ে অনেক বেশি। অর্থপাচার ঠেকাতে কেন্দ্রীয় ব্যাংক কঠোর অবস্থানে রয়েছে। পাশাপাশি রপ্তানি আয় ও আন্তর্জাতিক সংস্থাগুলোর কাছ থেকে কম সুদের ঋণ আসায় রিজার্ভ বেড়েছে এবং বাজার স্থিতিশীল আছে। রিজার্ভ বাড়লেও ডলার দর ধরে রাখতে বাংলাদেশ ব্যাংক নিয়মিত বাজারে হস্তক্ষেপ করছে। গত রোববার বাণিজ্যিক ব্যাংক থেকে ১৭ কোটি ১০ লাখ ডলার কিনেছে বাংলাদেশ ব্যাংক। এরপর মঙ্গলবার ও বুধবার আরও ৪৮ কোটি ডলার কেনা হয়েছে।
বাংলাদেশ ব্যাংকের পর্যবেক্ষণ অনুযায়ী, প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সামঞ্জস্য রেখে দেশে প্রতি ডলারের দাম ১২০ থেকে ১২৫ টাকার মধ্যে থাকবে। গত বৃহস্পতিবার ব্যাংকগুলো ডলার কেনাবেচা করেছে ১২১ টাকা ২০ পয়সা থেকে ১২১ টাকা ৩০ পয়সার মধ্যে। তার আগের দিন এ হার ছিল ১২০ টাকা ৭০ পয়সা থেকে ১২১ টাকা ২০ পয়সা। গত জুনের শুরুতে ডলারের দর ছিল ১২২ টাকা ৮০ পয়সা থেকে ১২৩ টাকা পর্যন্ত। ফলে সাম্প্রতিক সময়ে ডলারের দামে বড় ধরনের ওঠানামা দেখা যায়নি।
বর্তমানে দেশের মোট বৈদেশিক মুদ্রার রিজার্ভ দাঁড়িয়েছে ৩০ দশমিক ০২ বিলিয়ন ডলারে। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (IMF) বিপিএম৬ মানদণ্ড অনুযায়ী এই রিজার্ভ ২৪ দশমিক ৯৯ বিলিয়ন ডলার। গত বছর আগস্টে আওয়ামী লীগ সরকারের পতনের সময় এই রিজার্ভ ছিল সাড়ে ২৫ বিলিয়ন ডলার। IMF অনুযায়ী তখন রিজার্ভ ছিল ২০ দশমিক ৪৮ বিলিয়ন ডলার।

