সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর থেকে ২০২৪-২৫ অর্থবছরে (জুলাই থেকে জুন) শুকনা মরিচ আমদানির পরিমাণ বৃদ্ধি পেয়েছে। ভোমরা শুল্ক স্টেশনের রাজস্ব শাখা থেকে জানা গেছে, সদ্য শেষ হওয়া অর্থবছরে এখানে ৫৭ হাজার ৫০৯ টন শুকনা মরিচ আমদানি হয়েছে। এর আমদানি মূল্য ছিল ১ হাজার ৫৫৫ কোটি ৩৬ লাখ টাকা। এটি আগের অর্থবছরের তুলনায় ২ হাজার ৩০৩ টন বেশি।
সূত্র বলছে, ২০২৩-২৪ অর্থবছরে একই সময়ে এখানে আমদানি হয়েছিল ৫৫ হাজার ২৫২ টন, যার মূল্য ছিল ১ হাজার ৩৯৬ কোটি ৬১ লাখ টাকা। আমদানি বেড়ে যাওয়ার কারণে সাতক্ষীরার মসলা বাজারে শুকনা মরিচের দাম কিছুটা কমেছে। সাতক্ষীরা জেলা সদরের সুলতানপুর বড় বাজারে গতকাল পাইকারিতে প্রতি কেজি শুকনা মরিচ বিক্রি হয়েছে ২৮০ টাকায়। খুচরায় এর দাম ছিল ৩০০ থেকে ৩২০ টাকা পর্যন্ত।
বাজারের এক শুকনা মরিচ ব্যবসায়ী জানান, এক মাস আগে এখানে পাইকারি ও খুচরায় শুকনা মরিচের দাম ছিল যথাক্রমে ৩০০ ও ৩৫০ টাকা। তিনি বলেন, বন্দরে আমদানি বাড়ার সঙ্গে দেশের স্থানীয় মরিচ সরবরাহ থাকায় বাজারে দাম কমেছে। সাতক্ষীরা জেলার কৃষি বিপণন কর্মকর্তা এসএম আব্দুল্লাহ বলেন, অন্য সময়ের তুলনায় এখন শুকনা মরিচসহ অন্যান্য মসলার দাম বেশ সহনশীল পর্যায়ে রয়েছে।

