ফিউচার মার্কেটে মালয়েশীয় পাম অয়েলের দাম টানা তৃতীয় সপ্তাহ বাড়ছে। ১৪ সপ্তাহের মধ্যে এ মূল্য সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। ডালিয়ান কমোডিটি এক্সচেঞ্জ ও শিকাগো বোর্ড অব ট্রেড (সিবিওটি) এ অন্যান্য ভোজ্যতেলের দাম বৃদ্ধিই পাম অয়েলের বাজার দর উর্ধ্বমুখী হওয়ার মূল কারণ।
বুরসা মালয়েশিয়া ডেরিভেটিভস এক্সচেঞ্জে অক্টোবরে সরবরাহের জন্য পাম অয়েলের দাম টনে ১০৬ রিঙ্গিত বা ২.৫২ শতাংশ বেড়ে ৪৩১৬ রিঙ্গিতে (প্রায় ১ হাজার ১৮ ডলার) পৌঁছেছে। সপ্তাহজুড়ে এর মূল্য ৩.৪০ শতাংশ বাড়েছে। সিঙ্গাপুরভিত্তিক ব্রোকারেজ প্রতিষ্ঠান ফিলিপ নোভার কমোডিটির স্ট্র্যাটেজিস্ট ড্যারেন লিম বলেন, শিকাগো ও ডালিয়ান বাজারে সয়াবিন তেল ও পাম অয়েলের মূল্য শক্তিশালী থাকায় পাম অয়েলের দাম বেড়েছে।
তাছাড়া, ডলারের বিপরীতে মালয়েশীয় রিঙ্গিতের বিনিময় হার কমে যেতে পারে—এই প্রত্যাশাও দাম বৃদ্ধিতে ভূমিকা রেখেছে। ডালিয়ানে সয়াবিন তেলের দাম ১.৩৪ শতাংশ ও পাম অয়েলের দাম ২.২৮ শতাংশ বেড়েছে। সিবিওটিতে সয়াবিন তেলের দাম ১ শতাংশ বৃদ্ধি পেয়েছে। একদিকে, ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাশিয়ার ওপর নতুন নিষেধাজ্ঞার প্রভাব পড়ায় অপরিশোধিত তেলের দাম কিছুটা বৃদ্ধি পেয়েছে। এতে বায়োডিজেল উৎপাদনে পাম অয়েলের চাহিদা বাড়ার সম্ভাবনা রয়েছে।
অন্যদিকে, বেসরকারি পরিদর্শন সংস্থা অ্যামস্পেক অ্যাগ্রি মালয়েশিয়া জানায়, জুলাইয়ের প্রথম ১৫ দিনে মালয়েশিয়া থেকে পাম অয়েল রফতানি জুনের একই সময়ের তুলনায় ৫.৩ শতাংশ কমেছে। আরেকটি পরিদর্শন সংস্থা ইন্টারটেক টেস্টিং সার্ভিসেসের তথ্য অনুযায়ী রফতানি ৬.২ শতাংশ কমেছে।

