Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice রবি, নভে. 29, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • কৃষি
      • রাজনীতি
      • ভিডিও
      • বিশেষ বিশ্লেষণ
    Citizens VoiceCitizens Voice
    Home » নগদ অর্থ সংকটে ক্ষুদ্র ব্যবসা মুখ থুবড়ে পড়ছে
    অর্থনীতি

    নগদ অর্থ সংকটে ক্ষুদ্র ব্যবসা মুখ থুবড়ে পড়ছে

    কাজি হেলালজুলাই 20, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    হেলাল
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    বাংলাদেশের অর্থনীতির প্রাণ হচ্ছে ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তারা (SMEs -Small and Medium Enterprises)। দেশের প্রায় ৮৭% ব্যবসা এই খাতে অন্তর্ভুক্ত;  যা কর্মসংস্থান, উৎপাদন ও অভ্যন্তরীণ প্রবৃদ্ধিতে গুরুত্বপূর্ণ অবদান রাখে। কিন্তু চলমান অর্থনৈতিক সংকট, মুদ্রাস্ফীতি ও অর্থপ্রবাহে বাঁধার কারণে ক্ষুদ্র ব্যবসায়ীরা এক গভীর সংকটে পড়েছে। মূলতঃ ‘নগদ অর্থ সংকট’ বা ক্যাশ ফ্লোর ঘাটতির কারণে বহু ব্যবসা প্রতিষ্ঠান টিকে থাকা কঠিন হয়ে পড়ছে। এই খাত শুধু কর্মসংস্থান সৃষ্টি বা স্থানীয় উৎপাদনে অবদান রাখে না, বরং সাধারণ মানুষের জীবনধারায় প্রত্যক্ষ প্রভাব ফেলে। কিন্তু চলমান অর্থনৈতিক চাপে যখন ভোক্তার ব্যয়ক্ষমতা হ্রাস পাচ্ছে, আমদানি ব্যয় বাড়ছে, আর বাজারে পণ্য ও কাঁচামালের দাম অস্বাভাবিকভাবে বাড়ছে, তখন সবচেয়ে বেশি বিপদে পড়েছে এই ক্ষুদ্র ব্যবসায়ীরাই।

    এর সঙ্গে যুক্ত হয়েছে আর্থিক প্রতিষ্ঠান ও মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের (MFS) অসুবিধা, যার ফলে অর্থপ্রবাহে দেখা দিয়েছে মারাত্মক সংকট। বিশেষ করে ‘নগদ’– এর মতো জনপ্রিয় সেবাদাতার কার্যক্রম স্থবির হয়ে পড়ায়, ক্ষুদ্র ব্যবসায়ীরা তাদের দৈনন্দিন লেনদেন পরিচালনায় ব্যাপক বাঁধার সম্মুখীন হচ্ছেন। নগদ অর্থের অভাব, ঋণপ্রাপ্তির জটিলতা ও বিক্রির নিম্নমুখী প্রবণতা মিলিয়ে অনেক ব্যবসা কার্যত মুখ থুবড়ে পড়ছে।

    কিছু বাস্তব তথ্য ও পরিসংখ্যান: বর্তমান ‘নগদ‘ সংকটের বাস্তব চিত্র তুলে ধরলে বোঝা যায়, কী ভয়াবহ পরিস্থিতির মধ্য দিয়ে দেশের ক্ষুদ্র ব্যবসাগুলো অতিক্রম করছে। ২০২৫ সালের জানুয়ারি থেকে মে মাস পর্যন্ত মাত্র পাঁচ মাসে সারা দেশে প্রায় ৭৬ হাজার ক্ষুদ্র ব্যবসা বন্ধ হয়ে গেছে। এসব ব্যবসা বন্ধ হওয়ার প্রধান কারণ ছিল মূলধনের অভাব ও অর্থপ্রবাহে ঘাটতি। যারা এখনও টিকে আছেন, তাদের এক বড় অংশ কর্মসংস্থান কমিয়ে দিতে বাধ্য হয়েছেন। একটি সাম্প্রতিক জরিপ অনুযায়ী, প্রায় ৩০ শতাংশ ক্ষুদ্র ব্যবসা শ্রমিক ছাঁটাই করেছে বা কর্মচারীর সংখ্যা হ্রাস করেছে, যার মূল কারণ নগদ টাকার সংকট।

    ২০২৫ সালের জানুয়ারিতে ‘নগদ‘ প্রথমবারের মতো দৈনিক  প্রায় ২ হাজার কোটি টাকার লেনদেনের রেকর্ড গড়ে, যা দেশের মোবাইল ফাইন্যান্সিয়াল সেবার ইতিহাসে একটি বড় মাইলফলক। এই বিপুল লেনদেনের একটি বড় অংশই ছিল ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীদের মাধ্যমে সম্পন্ন হওয়া ট্রানজ্যাকশন। বিশেষ করে মার্চেন্ট পেমেন্ট, খুচরা পণ্য সরবরাহ ও সেবা সংক্রান্ত লেনদেন।

    কিন্তু বাংলাদেশ ব্যাংকের তদন্তে আর্থিক অনিয়ম ও ই-মানি ব্যবস্থাপনায় স্বচ্ছতার অভাব প্রমাণিত হওয়ার পর ‘নগদ’-এর অধিকাংশ কার্যক্রম স্থগিত হয়ে যায়। এতে করে ক্ষুদ্র ব্যবসায়ীদের দৈনন্দিন লেনদেন হঠাৎ থেমে যায়। যেসব ব্যবসা ডিজিটাল লেনদেনের ওপর নির্ভরশীল ছিল, তারা বাধ্য হয়ে আবার নগদ টাকার পেছনে ছুটতে শুরু করে। এর ফলে বাজারে হঠাৎ করে নগদ অর্থের চাহিদা বেড়ে যায়, যা আরও চাপ তৈরি করে ক্ষুদ্র উদ্যোক্তাদের ওপর।

    বিশেষজ্ঞরা মনে করছেন, ‘নগদ’–এর মাধ্যমে পরিচালিত দৈনিক প্রায় ২ হাজার কোটি টাকার লেনদেনের মধ্যে অন্তত এক-তৃতীয়াংশ ক্ষুদ্র ও মাঝারি ব্যবসার সঙ্গে জড়িত ছিল। এই ট্রানজ্যাকশনগুলো বন্ধ হয়ে যাওয়ায় শুধু আর্থিক প্রবাহে ব্যাঘাত ঘটেনি, ক্ষতিগ্রস্ত হয়েছে হাজারো কর্মসংস্থান ও স্থানীয় অর্থনীতির স্বাভাবিক গতি। এই পরিস্থিতি থেকে উত্তরণে দ্রুত ও কার্যকর সমাধান গ্রহণ না করলে ক্ষুদ্র ব্যবসাগুলোর টিকে থাকা আরও কঠিন হয়ে উঠবে, যা দেশের সার্বিক অর্থনীতির ওপর নেতিবাচক প্রভাব ফেলবে।

    ‘নগদ‘ সংকট কীভাবে ক্ষুদ্র ব্যবসাকে প্রভাবিত করছে?

    বর্তমানে দেশের ক্ষুদ্র ব্যবসায়ীরা চরম আর্থিক সংকটে পড়েছেন, যার সবচেয়ে বড় কারণ নগদ অর্থপ্রবাহে বিঘ্ন সৃষ্টি। ব্যবসা পরিচালনার জন্য একটি নিরবচ্ছিন্ন নগদ প্রবাহ প্রয়োজন, যা দিয়ে মালামাল কেনা, কর্মচারীর বেতন দেওয়া, দোকান ভাড়া মেটানো কিংবা জরুরি খরচ সামলানো যায়। কিন্তু সাম্প্রতিক সময়ে বাজারে পণ্যের দাম বেড়ে যাওয়া, বিক্রি হঠাৎ কমে যাওয়া এবং ক্রেতাদের হাতে নগদের স্বল্পতা, সব মিলিয়ে ব্যবসার নিয়মিত আয়ের উৎসগুলো বাঁধাগ্রস্ত হয়েছে। এতে করে ব্যবসায়ীরা সময়মতো তাদের সরবরাহকারীকে টাকা পরিশোধ করতে পারছেন না, ফলে নতুন পণ্য সরবরাহ বন্ধ হয়ে যাচ্ছে এবং ব্যবসার স্বাভাবিক গতি থমকে যাচ্ছে।

    এর সঙ্গে যুক্ত হয়েছে ঋণপ্রাপ্তির জটিলতা। বহু ক্ষুদ্র উদ্যোক্তা ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানের কাছ থেকে সহজ শর্তে ঋণ পাওয়ার আশায় থাকলেও বাস্তবে তা খুবই কঠিন। ব্যাংকগুলো ঝুঁকির আশঙ্কায় ক্ষুদ্র ব্যবসায়ীদের প্রতি আগ্রহ হারাচ্ছে। যদিও সরকার মাঝেমধ্যে পুনঃঅর্থায়ন স্কিম চালু করে, কিন্তু এটি বাস্তবায়নের হার হতাশাজনকভাবে কম। বাংলাদেশ ব্যাংকের ২০২৫ সালের প্রথম ছয় মাসের তথ্য অনুযায়ী, ঘোষিত এমএসএমই তহবিলের মাত্র ৩৮ শতাংশই বিতরণ হয়েছে, যা বাস্তব চাহিদার তুলনায় নগণ্য।

    আরেকটি বড় সংকট তৈরি হয়েছে ডিজিটাল লেনদেন ব্যবস্থায়। দেশের লাখো ক্ষুদ্র ব্যবসায়ী মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস ‘নগদ’-এর মাধ্যমে লেনদেন করতেন। কিন্তু আর্থিক অনিয়মের অভিযোগে বাংলাদেশ ব্যাংকের তদন্তের পর ‘নগদ’-এর অনেক কার্যক্রম স্থগিত হয়ে যায়। ফলে মার্চেন্ট ও গ্রাহক পর্যায়ে ডিজিটাল লেনদেন কার্যত থেমে যায়। যারা আগে ফোনেই টাকা লেনদেন করতেন, তারা এখন হঠাৎ করে আবার নগদ টাকার ব্যবস্থা করতে বাধ্য হচ্ছেন, যা অধিকাংশের পক্ষেই সম্ভব হচ্ছে না। এর ফলে একদিকে যেমন লেনদেনের গতি ধীর হয়ে গেছে, অন্যদিকে ব্যবসায়ীদের ব্যয় ও ঝুঁকিও বেড়েছে।

    সব মিলিয়ে বলা যায়, নগদ সংকট এখন ক্ষুদ্র ব্যবসার স্বাভাবিক কার্যক্রমকে প্রায় অচল করে দিয়েছে। এই অবস্থা দীর্ঘস্থায়ী হলে শুধু ব্যক্তি উদ্যোক্তারা নয়, দেশের অর্থনীতির গুরুত্বপূর্ণ এই খাতটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে। এজন্য জরুরি ভিত্তিতে বাস্তবভিত্তিক সহায়তা ও নীতিগত পরিবর্তন প্রয়োজন।

    ছোট ব্যবসাগুলোর জন্য নগদ অর্থ সংকটের কিছু কারণ: বর্তমান অর্থনৈতিক প্রেক্ষাপটে দেশের ছোট ও মাঝারি ব্যবসাগুলো নানা প্রতিকূলতার মুখে পড়েছে, যার অন্যতম প্রধান কারণ হচ্ছে নগদ অর্থের সংকট। ক্ষুদ্র উদ্যোক্তাদের অনেকেই ব্যবসার শুরুতেই পর্যাপ্ত মূলধন সংগ্রহ করতে পারেন না। ফলে শুরু থেকেই টিকে থাকা কঠিন হয়ে পড়ে। প্রাথমিকভাবে যে পুঁজি নিয়ে ব্যবসা শুরু হয়, তা দিয়ে স্থায়ীভাবে কর্মী নিয়োগ, পণ্য উৎপাদন, সরবরাহ ব্যবস্থাপনা ও বাজারে প্রতিযোগিতা বজায় রাখা বেশ কঠিন হয়ে দাঁড়ায়।

    অন্যদিকে সাম্প্রতিক সময়ে ক্রমবর্ধমান মূল্যস্ফীতি ও সাধারণ মানুষের ক্রয়ক্ষমতা হ্রাস পাওয়ায় অধিকাংশ ব্যবসার বিক্রয় কমে গেছে। বিক্রি কমে গেলে স্বাভাবিকভাবেই ব্যবসার আয় হ্রাস পায়, যার সরাসরি প্রভাব পড়ে নগদ অর্থপ্রবাহের ওপর। কিন্তু ব্যবসায়িক খরচ ঠিকই থেকে যায় যেমন: দোকান ভাড়া, কর্মচারীর বেতন, বিদ্যুৎ বিল ইত্যাদি। কিন্তু আয় না থাকায় এগুলো বহন করতে গিয়ে অনেক ব্যবসায়ী বাধ্য হয় লোকসান মেনে নিতে বা প্রতিষ্ঠান বন্ধ করে দিতে।

    বিভিন্ন অপ্রত্যাশিত খরচ যেমন: যন্ত্রপাতি নষ্ট হওয়া, জরিমানা, কিংবা আইনি জটিলতার খরচ, অনেক সময় ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বাড়তি বোঝা হয়ে দাঁড়ায়। মূলধনের সীমাবদ্ধতার কারণে এসব অতিরিক্ত ব্যয় সামাল দেওয়া প্রায় অসম্ভব হয়ে পড়ে। অনেক ব্যবসা ঋণ নিয়ে শুরু হলেও সময়মতো কিস্তি বা সুদ পরিশোধ করতে না পারায় ঋণ বৃদ্ধি পায় এবং সুদের চাপে ব্যবসাটি আরও দুর্বল হয়ে পড়ে।

    এই সমস্যার সঙ্গে যুক্ত হয়েছে বাজারের অস্থিরতা। বৈশ্বিক অর্থনীতির প্রভাব, আমদানি-নির্ভর কাঁচামালের মূল্যবৃদ্ধি, ডলার সংকট কিংবা রাজনৈতিক অনিশ্চয়তা সবই ক্ষুদ্র ব্যবসার ওপর নেতিবাচক প্রভাব ফেলছে। স্থায়ী সরবরাহ নিশ্চিত করতে না পারায় অনেকেই গ্রাহক হারাচ্ছেন এবং স্থিতিশীলতা রক্ষা করতে পারছেন না।

    সরকারি নীতি ও সহায়তা ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য কার্যকর হলেও তা যথেষ্ট নয় বা বাস্তবায়নের হার কম। ব্যাংক ঋণ প্রাপ্তিতে জটিলতা, জামানতের অভাব এবং আমলাতান্ত্রিক দীর্ঘসূত্রতা অনেক উদ্যোক্তাকে প্রাতিষ্ঠানিক সহায়তা থেকে বঞ্চিত রাখে। বিশেষ করে মহামারির পরবর্তী সময়ে ঘোষিত তহবিল বা পুনরুদ্ধার প্যাকেজগুলো অনেকের কাছেই অধরা রয়ে গেছে।

    এছাড়া ছোট ব্যবসাগুলোর একটি বড় দুর্বলতা হচ্ছে বাজারজাতকরণে পিছিয়ে থাকা। সঠিক বিপণন কৌশল, ডিজিটাল প্রচারণা বা বিক্রয় পরিকল্পনার অভাবে তারা নিজেদের পণ্য বা সেবা তুলে ধরতে পারছে না। ফলে প্রতিযোগিতায় টিকে থাকা কঠিন হয়ে পড়ছে। এর সঙ্গে যোগ হয়েছে দক্ষ ব্যবস্থাপনার অভাব। অনেক উদ্যোক্তা নিজের অভিজ্ঞতা ও প্রাতিষ্ঠানিক জ্ঞান ছাড়াই ব্যবসা শুরু করেন। ফলে কর্মী পরিচালনা, হিসাব রক্ষণাবেক্ষণ বা ঝুঁকি মোকাবেলায় তারা দুর্বলতার পরিচয় দেন।

    সব মিলিয়ে নগদ অর্থ সংকট শুধু একটি আর্থিক সমস্যা নয়, বরং এটি ছোট ব্যবসার টিকে থাকা, বিকাশ এবং আত্মনির্ভরশীলতার জন্য একটি গভীর কাঠামোগত চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। এই সংকট থেকে উত্তরণে প্রয়োজন বাস্তবভিত্তিক নীতি, সরাসরি সহায়তা, সহজ শর্তে ঋণপ্রাপ্তির সুযোগ এবং উদ্যোক্তাদের সক্ষমতা বাড়াতে প্রশিক্ষণ ও পরামর্শভিত্তিক উদ্যোগ। ছোট ব্যবসা বাঁচলে দেশের অর্থনীতি বাঁচবে—এই সত্যটি এখন আগের যেকোনো সময়ের চেয়ে বেশি প্রাসঙ্গিক।

    ছোট ব্যবসা প্রতিষ্ঠান গুলোকে সমস্যাগুলো মোকাবিলা করার জন্য, নিম্নলিখিত পদক্ষেপ নিতে উৎসাহিত করা যেতে পারে: বর্তমান অর্থনৈতিক চাপে ছোট ব্যবসা প্রতিষ্ঠান গুলোর টিকে থাকা যেমন কঠিন হয়ে পড়েছে, তেমনি এই পরিস্থিতি থেকে ঘুরে দাঁড়ানোর পথও রয়েছে—যদি সঠিক পরিকল্পনা ও কার্যকর উদ্যোগ গ্রহণ করা যায়। প্রথমেই প্রয়োজন যথেষ্ট মূলধনের ব্যবস্থা করা। ব্যবসা শুরু করার আগে বাস্তবভিত্তিক একটি পরিষ্কার ও বিস্তারিত পরিকল্পনা তৈরি করলে বিনিয়োগকারী, ব্যাংক কিংবা এনজিও থেকে অর্থ সংগ্রহ সহজ হয়। পাশাপাশি নিজেদের সঞ্চয় বা অংশীদারিত্বের ভিত্তিতে প্রাথমিক পুঁজি জোগাড় করাও একটি ভালো কৌশল হতে পারে।

    বিক্রয় বৃদ্ধির জন্য বাজার বিশ্লেষণ ও গ্রাহকের চাহিদা বুঝে কার্যকর পদক্ষেপ নেওয়া জরুরি। শুধুমাত্র স্থানীয় বাজারে নির্ভর না থেকে ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করে অনলাইন বিক্রির দিকে নজর দেওয়া উচিত। বর্তমান সময়ে ফেসবুক, ইনস্টাগ্রাম, টিকটক কিংবা ওয়েবসাইটের মাধ্যমে পণ্য বিক্রি সহজ ও তুলনামূলক কম খরচে সম্ভব। পাশাপাশি গ্রাহকদের আকৃষ্ট করতে ছাড়, অফার ও বিশ্বস্ততার পুরস্কারমূলক পদ্ধতিও কাজে আসতে পারে।

    খরচ ব্যবস্থাপনাও একটি গুরুত্বপূর্ণ দিক। অপ্রয়োজনীয় ব্যয় কমিয়ে কার্যকর খরচ পরিকল্পনা গ্রহণ করতে হবে। নতুন যন্ত্রপাতি কেনার আগে বিদ্যমান যন্ত্রপাতি মেরামত বা আপগ্রেড করার দিকে নজর দেওয়া উচিত। কর্মীদের দক্ষতা বাড়িয়ে কাজের উৎপাদনশীলতা বৃদ্ধি করলেও খরচ কমে যায় এবং একইসঙ্গে লাভ বাড়ে।

    সরকারি সহায়তা গ্রহণের ক্ষেত্রেও সচেতন হওয়া দরকার। বাংলাদেশ সরকার এবং বিভিন্ন সংস্থা ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের জন্য বিভিন্ন ঋণ সুবিধা, প্রশিক্ষণ কার্যক্রম এবং প্রণোদনা প্যাকেজ চালু রেখেছে। এসব বিষয়ে সচেতন থেকে নিয়মিত আবেদন করা এবং সরকারি দপ্তরের সঙ্গে যোগাযোগ রাখা ব্যবসার জন্য ইতিবাচক ফল বয়ে আনতে পারে।

    সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো দক্ষ ব্যবস্থাপনা নিশ্চিত করা। একজন অভিজ্ঞ ও দূরদর্শী ব্যবস্থাপক শুধু ব্যবসাকে সঠিক পথে চালিত করেনই না, বরং অর্থনৈতিক সংকটেও কার্যকরভাবে ঝুঁকি মোকাবিলা করতে পারেন। একই সঙ্গে কর্মীদের প্রশিক্ষণ দিয়ে তাদের দক্ষ করে তুললে ব্যবসার সামগ্রিক উৎপাদন ও সেবার মান বাড়ে, যা গ্রাহক ধরে রাখার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই পদক্ষেপগুলো যদি সচেতনভাবে এবং ধারাবাহিকভাবে বাস্তবায়ন করা যায়, তাহলে নগদ অর্থের সংকট কাটিয়ে উঠা সম্ভব। এমনকি এর ফলে ব্যবসা আরও মজবুত ভিত্তির ওপর দাঁড়াতে পারে এবং দীর্ঘমেয়াদে লাভজনক ও টেকসই হয়ে উঠতে পারে।

    নগদ অর্থপ্রবাহের সংকট বর্তমানে দেশের লক্ষ লক্ষ ছোট ব্যবসার জন্য এক বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। বিক্রি কমে যাওয়া, খরচ বেড়ে যাওয়া, ব্যাংক ঋণ পাওয়ার জটিলতা এবং মোবাইল লেনদেনের বাঁধা, সব মিলিয়ে ক্ষুদ্র উদ্যোক্তারা কার্যত দিশেহারা হয়ে পড়েছেন। অনেকেই ব্যবসা বন্ধ করে দিতে বাধ্য হয়েছেন, কেউ বা কর্মী ছাঁটাই করে কোনও রকমে টিকে থাকার চেষ্টা করছেন।

    এই সংকট শুধু কয়েকটি ব্যবসা বন্ধ হওয়ার ঘটনা নয়, বরং এর সঙ্গে জড়িয়ে আছে অসংখ্য মানুষের জীবিকা, পরিবারের ভবিষ্যৎ ,তরুণ উদ্যোক্তাদের স্বপ্ন এবং দেশের অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ স্তম্ভ। এর পেছনে রয়েছে হাজার হাজার পরিবারের জীবিকা, তরুণ উদ্যোক্তাদের স্বপ্ন এবং দেশের অর্থনীতির প্রাণশক্তি। সহজ ঋণপ্রাপ্তি, ডিজিটাল লেনদেনের বিকল্প ব্যবস্থা, দক্ষ ব্যবস্থাপনা ও সরকারি সহায়তা নিশ্চিত করা গেলে ছোট ব্যবসাগুলো আবার ঘুরে দাঁড়াতে পারবে। ক্ষুদ্র ব্যবসা টিকলে দেশও টিকবে—এই উপলব্ধি থেকেই প্রয়োজন দ্রুত ও কার্যকর পদক্ষেপ। কারণ ছোট উদ্যোগই বড় সম্ভাবনার বীজ।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    ব্যাংক

    ‘বার্তা’ আনল নতুন গতি, বছরে বাঁচবে ৭০ লাখ ডলার পর্যন্ত

    নভেম্বর 28, 2026
    অর্থনীতি

    পঞ্চগড়ে বাড়ছে শীত, তেঁতুলিয়ায় তাপমাত্রা ১৩ ডিগ্রি

    নভেম্বর 28, 2026
    অর্থনীতি

    বায়ারের কাছে পৌঁছানোর আগেই থেমে যাচ্ছে ব্যবসার সুযোগ; ব্যবসা, বিনিয়োগ ও কর্মসংস্থানে দুর্বল পাসপোর্টের প্রভাব

    নভেম্বর 28, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.