৩৫ শতাংশ পাল্টা শুল্ক লাঘবের লক্ষ্যে সমঝোতা চুক্তিতে পৌঁছাতে অধীর অপেক্ষায় রয়েছে বাংলাদেশ। তবে এখনো আলোচনার নির্দিষ্ট সময় জানায়নি মার্কিন বাণিজ্য দপ্তর। তৃতীয় ও চূড়ান্ত দফার আলোচনার সময়সূচি জানতে সম্প্রতি ইউএসটিআরকে ইমেইল পাঠিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। জবাবে জানানো হয়েছে, আরও কিছু সময় অপেক্ষা করতে হবে।
এমন প্রেক্ষাপটে আজ রোববারের বদলে আগামীকাল সোমবার শুল্ক চুক্তিবিষয়ক অবস্থানপত্র পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। দ্বিতীয় দফার বৈঠক শেষে দেশে ফিরে মার্কিন চাহিদা পর্যালোচনায় ধারাবাহিক আন্তমন্ত্রণালয় বৈঠকে বসে বাণিজ্য মন্ত্রণালয়। এতে অংশ নেন সংশ্লিষ্ট কর্মকর্তা, ব্যবসায়ী প্রতিনিধি, অর্থনীতিবিদ ও বাণিজ্য বিশেষজ্ঞরা। বৈঠক শেষে বিভিন্ন প্রস্তাব ও সুপারিশের ভিত্তিতে প্রস্তুত করা হয়েছে অবস্থানপত্রের খসড়া।
আলোচনার সঙ্গে জড়িত একাধিক বিভাগের কর্মকর্তারা জানান, মার্কিন চাহিদায় দুটি পৃথক অংশ রয়েছে—একটি বাণিজ্যসংক্রান্ত, অপরটি অ-বাণিজ্যসংক্রান্ত। বাণিজ্য ইস্যুগুলোর অনেকাংশই বৈঠকে সমাধান হয়েছে। তবে অ-বাণিজ্যসংক্রান্ত বিষয়ের ক্ষেত্রে সিদ্ধান্ত নিতে সরকারের উচ্চ পর্যায়ের অনুমোদন প্রয়োজন।
বাণিজ্যসচিব মো. মাহবুবুর রহমান এ বিষয়ে বলেন, ‘মার্কিন বাণিজ্য দপ্তরের সঙ্গে আমাদের নিয়মিত যোগাযোগ হচ্ছে। তারা একটু সময় চেয়েছে। সে কারণেই অবস্থানপত্র রোববার নয়, সোমবার পাঠানো হবে।’ তিনি এ ছাড়া আর কিছু বলতে রাজি হননি।
বাণিজ্য মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, যুক্তরাষ্ট্রের প্রত্যাশা বিবেচনায় বাংলাদেশ কোন বিষয়ে কতটা ছাড় দিতে পারে এবং কোন বিষয়ে কেবল দর-কষাকষিই যথেষ্ট—এসব দিক পর্যালোচনায় অবস্থানপত্র প্রস্তুত করা হয়েছে। বিশেষ করে অ-বাণিজ্য সংক্রান্ত বিষয়ের ক্ষেত্রে বাংলাদেশের সম্মতি ও অসম্মতির দিকগুলো স্পষ্টভাবে তুলে ধরা হয়েছে। তাঁরা বলেন, রাষ্ট্রীয় পর্যায়ের চুক্তির বিষয় হওয়ায় অবস্থানপত্র চূড়ান্ত করতে প্রধান উপদেষ্টার অনুমোদন প্রয়োজন। তাঁর কাছ থেকে সবুজ সংকেত পাওয়ার পরই “চূড়ান্ত অবস্থানপত্র” বিবেচিত হবে। এ জন্য আজ রোববারই প্রধান উপদেষ্টার কাছে সময় চাওয়া হয়েছে।

