টাঙ্গাইলের মধুপুরে এবার আনারসের বাম্পার ফলন হয়েছে। অনুকূল আবহাওয়া ও সঠিক পরিচর্যায় মাঠ ভরে উঠেছে সুস্বাদু ক্যালেন্ডার জাতের আনারসে। প্রতিদিন জলছত্র কৃষি মার্কেট, গারোবাজার, মোটেরবাজারসহ বিভিন্ন বাজার থেকে দেশের বিভিন্ন অঞ্চলে যাচ্ছে প্রায় ৩ কোটি টাকার আনারস।
মধুপুর উপজেলা উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মো. মিজানুর রহমান জানান, উপজেলায় মোট ৬ হাজার ৬৪০ হেক্টর জমিতে আনারস চাষ হয়েছে। এর মধ্যে ক্যালেন্ডার জাতের আবাদ ৪ হাজার ২২০ হেক্টর, হানিকুইন (জলডুগি) ২ হাজার ৩৯২ হেক্টর এবং এমডি-টু জাতের আবাদ হয়েছে ২৬ হেক্টরে। পাহাড়ি অঞ্চলের এই জমিতে বর্তমানে রয়েছে প্রায় ১৭ কোটি আনারসগাছ। এর মধ্যে ক্যালেন্ডার জাতের বাজারজাত উপযোগী আনারসের সংখ্যা প্রায় ১১ কোটি। যার বাজারমূল্য ধরা হচ্ছে ৫০০ কোটি টাকার বেশি।
চাষি জলিল আহমেদ জানান, আনারস চাষে প্রতি পিসে খরচ হয় ১৫-১৮ টাকা। তবে নিজস্ব জমি ও শ্রম ব্যবহার করলে খরচ নামে ১০-১১ টাকায়। বর্তমানে ছোট আনারস ১৩-১৭ টাকা, মাঝারি ২৫-৩৫ টাকা এবং বড় আনারস ৩৫-৫০ টাকা দরে বিক্রি হচ্ছে। আষাঢ় থেকে ভাদ্র পর্যন্ত চলবে আনারস সংগ্রহ ও বিপণন।
জলছত্র ট্রাক ড্রাইভার্স ইউনিয়নের সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম মুন্সি জানান, জলছত্র, গারোবাজার, আউশনারা, মহিষমারা, আশ্রা, মোটেরবাজার, শোলাকুড়ী ও দোখলাসহ বিভিন্ন এলাকায় মাঠ পর্যায়েই আনারস বিক্রি হচ্ছে। বাজার ছাড়াও সরাসরি মাঠ থেকে ট্রাকে করে আনারস যাচ্ছে দেশের নানা প্রান্তে।
মধুপুর উপজেলা কৃষি কর্মকর্তা রকিব আল রানা বলেন, এ বছর আনারসের উৎপাদন ভালো হয়েছে। আকারে বড় হওয়ায় দামও পাচ্ছেন কৃষকরা। প্রতিদিন বাজারে প্রায় ৩ কোটি টাকার আনারস বিক্রি হচ্ছে। পুরো মৌসুমে প্রায় ৭০০ কোটি টাকার আনারস বিক্রির সম্ভাবনা রয়েছে। তিনি আরও জানান, আনারস প্রক্রিয়াজাত করে জেলিসহ বিভিন্ন পণ্য উৎপাদন ও বিদেশে রপ্তানির মাধ্যমে বৈদেশিক মুদ্রা আয় সম্ভব। এই লক্ষ্যে কৃষি বিভাগ ইতিমধ্যেই কার্যক্রম শুরু করেছে।

