বাংলাদেশে প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ (এফডিআই) আকর্ষণে চীন সফরে গেছেন সরকারের একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল। সফরের নেতৃত্ব দিচ্ছেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) এবং বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী।
প্রতিনিধি দলে বিডা ও বেজার ঊর্ধ্বতন কর্মকর্তাদের পাশাপাশি এইচএসবিসি, স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশ এবং সিটি ব্যাংক এনএ’র প্রতিনিধিরাও রয়েছেন। আজ রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিডা জানায়, ২০ থেকে ২৬ জুলাই পর্যন্ত এই সফরে প্রতিনিধি দল চীনের সাংহাই ও গুয়াংজু শহরে একাধিক কর্মসূচিতে অংশ নিচ্ছে। সফরের অংশ হিসেবে ২১ জুলাই সাংহাইয়ে একটি বিনিয়োগ সেমিনারের আয়োজন করা হয়েছে। এটি যৌথভাবে আয়োজন করছে বিডা ও বাংলাদেশ দূতাবাস।
সেমিনারে ইলেকট্রনিক্স, টেক্সটাইল, কৃষি ব্যবসা, বায়োটেকনোলজি, ফার্মাসিউটিক্যালস ও মেডিকেল ডিভাইস খাতের ১০০টিরও বেশি চীনা কোম্পানি অংশ নেবে বলে আশা করা হচ্ছে।
বিডা ও বেজার নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী বলেন, ‘এই সফর ঘিরে যে আগ্রহ আমরা দেখছি, তা অত্যন্ত উৎসাহজনক। আমরা চীনা কোম্পানিগুলোর সঙ্গে ফলপ্রসূ আলোচনার প্রত্যাশায় রয়েছি এবং বাংলাদেশে বিনিয়োগের জন্য প্রয়োজনীয় সব তথ্য ও সহযোগিতা দিতে প্রস্তুত।’
বিডা জানায়, এ সফরের উদ্দেশ্য শুধু তাৎক্ষণিক বিনিয়োগ আনাই নয়, বরং বৈশ্বিক বিনিয়োগকারীদের সঙ্গে দীর্ঘমেয়াদি সম্পর্ক গড়ে তোলা এবং অর্থনৈতিক সহযোগিতা জোরদার করাও অন্যতম লক্ষ্য। এতে শিল্পখাতে বিদেশি বিনিয়োগ বাড়ার পাশাপাশি প্রযুক্তি স্থানান্তর ও রপ্তানি বাজার বিস্তারের পথ প্রশস্ত হবে।

