নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারে কৃত্রিম সংকট, নিম্নমানের পণ্য, পরিবহনে চাঁদাবাজি, নিরাপত্তাহীনতা, আমদানি প্রক্রিয়ার জটিলতা, স্টোরেজ সুবিধার ঘাটতি এবং প্রতিযোগিতার অভাব—এসব কারণে নিয়মিত মূল্যবৃদ্ধি ঘটছে। এর সঙ্গে রয়েছে বাজার তদারকির দুর্বলতা ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষগুলোর মধ্যে সমন্বয়ের অভাব।
গতকাল শনিবার (১৯ জুলাই) ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ডিসিসিআই) উদ্যোগে আয়োজিত ‘কার্যকর বাজার তদারকির মাধ্যমে ভোক্তা ও ব্যবসায়ের স্বার্থ সুরক্ষা’ শীর্ষক অংশীজন সংলাপে এসব বিষয়ে আলোচনা হয়। বক্তারা বলেন, বাজারে স্থিতিশীলতা ফিরিয়ে আনতে কার্যকর মনিটরিং ব্যবস্থা দরকার। অথচ দেশে এখনো বাজার তদারকির ক্ষেত্রটি দুর্বল, নিয়ন্ত্রক সংস্থাগুলোর মধ্যে নেই সঠিক সমন্বয়। ফলে মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য, চাঁদাবাজি, নিরাপত্তাহীনতা ও প্রশাসনিক দুর্বলতার সুযোগে ভোক্তাদের ওপর চাপ বাড়ছে।
সংলাপে প্রধান অতিথি ছিলেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক মো. শাহজাহান মিয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সদস্য (খাদ্য শিল্প ও উৎপাদন) অধ্যাপক ড. মোহাম্মদ শোয়েব, প্রতিযোগিতা কমিশনের সদস্য ড. মো. আখতারুজ্জামান তালুকদার এবং জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক মোহাম্মদ আলীম আখতার খান।
ডিসিসিআইয়ের ভারপ্রাপ্ত সভাপতি রাজিব এইচ চৌধুরী স্বাগত বক্তব্যে বলেন, বাজারে নিত্যপণ্যের মূল্যবৃদ্ধি শুধু ভোক্তা নয়, সৎ ব্যবসায়ীদের জন্যও বড় চ্যালেঞ্জ। তিনি বলেন, কৃত্রিম সংকট, আমদানিতে জটিলতা, নিম্নমানের পণ্য, প্রতিযোগিতার অভাব এবং দুর্বল প্রশাসনিক ব্যবস্থাপনার কারণে বাজারে বিশৃঙ্খলা তৈরি হয়েছে। তিনি বাজার তদারকিতে জবাবদিহিতামূলক ও সমন্বিত কাঠামো গঠনের আহ্বান জানান।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক আলীম আখতার খান বলেন, জনবল সংকটের কারণে বর্তমানে দেশের মাত্র ১৯টি জেলায় তাদের কার্যক্রম রয়েছে, যা সুষ্ঠু বাজার তদারকির জন্য যথেষ্ট নয়। তিনি আইনি সমন্বয়, নীতিতে স্বচ্ছতা এবং ভোক্তাদের সম্পৃক্ততা বাড়ানোর ওপর জোর দেন।
প্রশাসক মো. শাহজাহান মিয়া বলেন, পণ্য পরিবহন ও বাজার ব্যবস্থাপনায় মধ্যস্বত্বভোগীদের কারণে নিত্যপণ্যের দাম বেড়ে যাচ্ছে। কিছু অসাধু ব্যবসায়ীর কারণে পুরো বেসরকারিখাতের সুনাম ক্ষুণ্ন হচ্ছে। এদের রুখতে সৎ ব্যবসায়ীদেরই এগিয়ে আসতে হবে। তিনি বলেন, সবাই মিলে একসঙ্গে কাজ করলে একটি উন্নত ও সমৃদ্ধ বাজার ব্যবস্থা গড়া সম্ভব।
খাদ্য নিরাপত্তা নিয়ে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের প্রতিনিধি ড. মোহাম্মদ শোয়েব বলেন, নিয়মিত অভিযানের পাশাপাশি প্রযুক্তির ব্যবহারে আরও জোরালো বাজার মনিটরিং গড়ে তোলা জরুরি। প্রতিযোগিতা কমিশনের সদস্য ড. মো. আখতারুজ্জামান তালুকদার বলেন, বাজারে সুষ্ঠু প্রতিযোগিতা না থাকলে মূল্যবৃদ্ধি ও অনিয়ম বেড়ে যায়। গবেষণা ও তথ্যভিত্তিক পরিকল্পনা নিয়ে কাজ করার তাগিদ দেন তিনি।
ব্যবসায়ী প্রতিনিধিদের মধ্যে বক্তব্য দেন মৌলভীবাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক হাজী মোহাম্মদ গোলাম মওলা, পোল্ট্রি ইন্ডাস্ট্রিজ অ্যাসোসিয়েশনের খন্দকার মনির আহমেদ, চিনি ও তেল ব্যবসায়ী সমিতির হাজী আবুল হাসেম, সুপার মার্কেট ওনার্স অ্যাসোসিয়েশনের মো. জাকির হোসেন, পেটেন্টস ও ট্রেডমার্কস বিভাগের মির্জা গোলাম সারওয়ার প্রমুখ। তারা বলেন, স্টোরেজ সুবিধার অভাব, খুচরা পর্যায়ে অতিমুনাফা, আমদানি প্রক্রিয়ার জটিলতা, সরকারি চিনিকল বন্ধ এবং ন্যায্যমূল্যের অভাবে বাজারে অস্থিরতা বাড়ছে।
মুক্ত আলোচনায় অংশ নেন ডিসিসিআই পরিচালক মোহাম্মদ জমশের আলী, এনামুল হক পাটোয়ারী, প্রাক্তন সহ-সভাপতি এম আবু হোরায়রাহ্, আলহাজ্ব আব্দুস সালামসহ আরও অনেকে। সংলাপের শেষাংশে বক্তারা বলেন, সরকারি, বেসরকারি ও ভোক্তাপক্ষ একসঙ্গে কাজ না করলে বাজারে শৃঙ্খলা আনা সম্ভব নয়। এজন্য একটি কেন্দ্রীয়, শক্তিশালী, ডিজিটাল এবং জবাবদিহিতামূলক মনিটরিং সেল গঠনের আহ্বান জানানো হয়।

