যুক্তরাষ্ট্রের বাড়তি শুল্ক চাপ মোকাবিলায় বাণিজ্য ভারসাম্য রক্ষার অংশ হিসেবে দেশটি থেকে বছরে ৭ লাখ টন গম আমদানির জন্য সমঝোতা করেছে বাংলাদেশ। আজ রোববার খাদ্য মন্ত্রণালয়ে এ বিষয়ে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর হয়। এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, দেশের খাদ্য নিরাপত্তা, পুষ্টিমান ও সরবরাহ ব্যবস্থা শক্তিশালী করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে।
খাদ্য মন্ত্রণালয় জানায়, আগামী পাঁচ বছর যুক্তরাষ্ট্র থেকে প্রতিযোগিতামূল্যে উচ্চমানের গম আমদানি করবে বাংলাদেশ। এ চুক্তিতে বাংলাদেশের পক্ষে খাদ্য অধিদপ্তরের মহাপরিচালক আবুল হাছানাত হুমায়ুন কবীর এবং যুক্তরাষ্ট্রের পক্ষে ইউএস হোয়েট অ্যাসোসিয়েশনের ভাইস প্রেসিডেন্ট জোসেফ কে সাওয়ার স্বাক্ষর করেন।
অনুষ্ঠানে খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার বলেন, “এই সমঝোতা স্মারক বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে আস্থা এবং পারস্পরিক বাণিজ্য সহযোগিতার নতুন দিগন্ত উন্মোচন করবে। এতে উভয় দেশের জনগণই উপকৃত হবেন।” চুক্তি স্বাক্ষরের সময় উপস্থিত ছিলেন খাদ্য সচিব মাসুদুল হাসান, ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ট্রেসি অ্যান জেকবসন, বাণিজ্য সচিব মাহবুবুর রহমানসহ দুই দেশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে বর্তমানে প্রায় ৬ বিলিয়ন ডলারের বাণিজ্য ঘাটতি রয়েছে। এ ঘাটতি কমাতেই আমদানি বাড়ানোর উদ্যোগ নিয়েছে বাংলাদেশ। এদিকে, ১ আগস্ট থেকে বাংলাদেশসহ বিভিন্ন দেশের পণ্যে অতিরিক্ত ৩৫ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। এতদিন যুক্তরাষ্ট্রে বাংলাদেশি পণ্যে গড় শুল্কহার ছিল ১৫ শতাংশ। নতুন শুল্কসহ তা দাঁড়াবে ৫০ শতাংশে।
এই পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রে রপ্তানির সুবিধা ধরে রাখতে এবং বাণিজ্য ঘাটতি কমাতে দেশটির সঙ্গে আমদানি বাড়ানোর বিষয়ে আলোচনা চালিয়ে যাচ্ছে বাংলাদেশ। উল্লেখ্য, বর্তমানে বাংলাদেশ ভারত, রাশিয়া ও বেলারুসসহ কয়েকটি দেশ থেকে গম আমদানি করে থাকে।

