বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্রে রপ্তানিকৃত পণ্যে ৩৫ শতাংশ পাল্টা শুল্ক আরোপের সিদ্ধান্ত কার্যকর হতে যাচ্ছে আগামী ১ আগস্ট। এ সিদ্ধান্ত বাস্তবায়িত হলে দেশের রপ্তানিনির্ভর অর্থনীতি ও শ্রমবাজার ভয়াবহ সংকটে পড়তে পারে। বিশেষ করে তৈরি পোশাক খাতের পাশাপাশি চামড়া, প্লাস্টিক, কৃষি, লজিস্টিকস ও আর্থিক খাত মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার শঙ্কা রয়েছে।
খাতসংশ্লিষ্টরা বলছেন, বিষয়টি শুধু একটি বাণিজ্য সংকট নয়, বরং জাতীয় জরুরি অবস্থা। সময়মতো সঠিক পদক্ষেপ না নিলে যুক্তরাষ্ট্রের বাজারে প্রতিযোগিতামূলক অবস্থান হারাতে পারে বাংলাদেশ। আর তা পুনরুদ্ধারে দীর্ঘ সময় লেগে যাবে। ঝুঁকিতে পড়তে পারে ৫০ লাখের বেশি কর্মসংস্থান।
স্প্যারো গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক শোভন ইসলাম বলেন, “এটি কেবল বাণিজ্যিক ইস্যু নয়, বরং জাতীয় জরুরি অবস্থা। অনেকে ভাবছেন শুধু পোশাক খাতই ক্ষতিগ্রস্ত হবে, যা বড় ভুল। বড় ক্রেতারা একাধিক দেশে পণ্য পাঠান। তাই প্রভাব ছড়িয়ে পড়বে অন্যান্য বাজারেও।” এক ইউরোপীয় পোশাক ব্র্যান্ডের কান্ট্রি ম্যানেজার নাম প্রকাশ না করার শর্তে বলেন, “শুল্ক ইস্যুর সমাধান না হলে বাংলাদেশে বিনিয়োগের যৌক্তিকতা থাকবে না। আমরা বিকল্প উৎস ভাবতে বাধ্য হব।” বর্তমানে তৈরি পোশাক ও টেক্সটাইল খাতে ৪০ লাখ শ্রমিক সরাসরি কাজ করছেন। পাশাপাশি আরও ১০ লাখ কর্মসংস্থান রয়েছে। শিল্পসংশ্লিষ্টদের মতে, অর্ডার কমে গেলে মাত্র দুই মাসের মধ্যে ১০ লাখের বেশি চাকরি হারাতে পারে। স্প্যারো গ্রুপ প্রতিবছর ৩০ কোটি ডলারের পণ্য রপ্তানি করে, যার অর্ধেকই যায় যুক্তরাষ্ট্রে। প্রতিষ্ঠানটির মাসিক মজুরি ৪০ কোটি টাকার বেশি। শোভন ইসলাম বলেন, “এই বাজার ভেঙে পড়লে দুই মাসও টিকতে পারব না।”
চট্টগ্রামের এশিয়ান গ্রুপের নির্বাহী পরিচালক খন্দকার বেলায়েত হোসেন জানান, তাদের ৯৩ শতাংশ রপ্তানি যুক্তরাষ্ট্রে। সরকার সময়মতো সমঝোতায় না পৌঁছালে টিকে থাকা কঠিন হবে। তাদের মাসিক মজুরি ৬০ কোটি টাকা এবং পরিচালন ব্যয় প্রায় ৭০ কোটি। তিনি বলেন, “ওয়ালমার্ট এখনো অর্ডার দিচ্ছে, তবে ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা রয়ে গেছে।” ওয়ালমার্ট, গ্যাপ, লেভিস, আমেরিকান ঈগল, সিঅ্যান্ডএসহ বড় ব্র্যান্ডগুলো বাংলাদেশ থেকে বছরে ৫০০ কোটি ডলারের বেশি পণ্য কেনে। কিন্তু তারা ভবিষ্যৎ অর্ডার নিয়ে এখন পুনর্বিবেচনায় আছে। অনেক বায়িং হাউস ইতোমধ্যে উৎপাদন ও চালান স্থগিত রাখতে বলেছে। শীর্ষ রপ্তানিকারক হা-মীম গ্রুপের মাসিক মজুরি ব্যয় ৯০ কোটি টাকা। এখানে ৭০ হাজারের বেশি শ্রমিক কাজ করেন। তাদের চাকরি এখন ঝুঁকিতে।
জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) জানায়, ২০২৪–২৫ অর্থবছরে যুক্তরাষ্ট্রে পণ্য রপ্তানি করেছে ২ হাজার ৩৭৭টি প্রতিষ্ঠান। এর মধ্যে ৮০১টি প্রতিষ্ঠান তাদের মোট রপ্তানির অর্ধেকের বেশি যুক্তরাষ্ট্রে করে। ফলে তারা বেশি ঝুঁকিতে। ব্যাকওয়ার্ড লিংকেজ খাত যেমন স্পিনিং, ডাইং, এক্সেসরিজ ও কেমিক্যাল শিল্প অর্ডারের ওপর নির্ভরশীল। রপ্তানি কমলে এসব খাতেও উৎপাদন ব্যাহত হবে, ছাঁটাই শুরু হবে। পরিবহন, লজিস্টিকস, গুদাম ও সিঅ্যান্ডএফ ব্যবসাও ক্ষতিগ্রস্ত হবে। এক ব্যাংক কর্মকর্তা জানান, যারা ব্যাক-টু-ব্যাক এলসি ও ফ্যাক্টরিংয়ে জড়িত, তারাও বড় চাপে পড়বেন। রপ্তানি কারখানাগুলোর সঙ্গে জড়িত ছোট ও মাঝারি শিল্পপ্রতিষ্ঠানগুলো অর্ডার কমতেই বন্ধ হয়ে যেতে পারে। কারণ এসব প্রতিষ্ঠান মূলত বড় কারখানার ওপর নির্ভরশীল।
বিশেষজ্ঞরা বলছেন, বাংলাদেশ এখনো যুক্তরাষ্ট্র থেকে কোনো বাণিজ্যিক ছাড় পায় না। অথচ ভারত, ভিয়েতনাম, ইন্দোনেশিয়া কৌশলগত কূটনীতির মাধ্যমে ছাড় আদায় করেছে। শোভন ইসলাম বলেন, “ট্রাম্প আমলে চীন ১০০ বিলিয়ন ডলারের বেশি রপ্তানি হারিয়েছে। বাংলাদেশও তেমন বিপদের মুখে পড়তে পারে।”

