দিনাজপুরে চালের বাজারে অস্থিরতা আরও বেড়েছে। সব ধরনের চালের বস্তা প্রতি দাম বেড়েছে ২০০ থেকে ৩০০ টাকা। হঠাৎ করে এই মূল্যবৃদ্ধিতে সবচেয়ে বেশি ভুগছেন মধ্যবিত্ত ও নিম্ন আয়ের মানুষ। বিক্রেতারা অভিযোগ করছেন, মিল মালিকরা বারবার চালের দাম বাড়াচ্ছেন। তবে মিল মালিকদের দাবি, ধানের দাম বাড়ায় তার প্রভাব পড়ছে চালের বাজারে।
মাত্র মাসখানেক আগেও দিনাজপুরের চালের বাজার ছিল কিছুটা স্থিতিশীল। কিন্তু এখন তা ক্রমেই ঊর্ধ্বমুখী। আগে যে মিনিকেট চালের বস্তা ছিল ৩২০০ টাকা, এখন তা ৩৫০০ থেকে ৩৬০০ টাকায় বিক্রি হচ্ছে। একইভাবে, ২৮০০ টাকার আটাশ জাতের চাল বেড়ে হয়েছে ৩০০০ টাকা। উনত্রিশ ও সুমন স্বর্ণা জাতের চাল ২৬০০ টাকা থেকে বেড়ে এখন বিক্রি হচ্ছে ২৮০০ টাকায়।
খুচরা বাজারেও প্রতি কেজিতে ৪ থেকে ৫ টাকা পর্যন্ত দাম বেড়েছে। খুচরা বিক্রেতারা এই দাম বাড়ার জন্য সরাসরি মিল মালিকদের দায়ী করছেন। এমন অস্বাভাবিক দাম বৃদ্ধিতে ক্ষুব্ধ স্বল্প আয়ের মানুষ। অনেকেই বলছেন, নিত্যপ্রয়োজনীয় চাল কিনতে এখন হিমশিম খেতে হচ্ছে। মিল মালিকদের ভাষ্য, ধানের বাজারে অস্থিরতা থেকেই এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। তাঁরা দাবি করছেন, বাজার নিয়ন্ত্রণে রাখতে ধানের অবৈধ মজুদের বিরুদ্ধে কঠোর তদারকি জরুরি। অন্যদিকে, সাধারণ মানুষের দাবি—চালের দাম যেন নিয়ন্ত্রণে রাখা হয় এবং তাদের নাগালের মধ্যেই থাকে।

