১ আগস্ট থেকে কার্যকর হতে যাচ্ছে যুক্তরাষ্ট্রের নতুন ট্যারিফ নীতি। এতে বাংলাদেশের রপ্তানি পণ্যের ওপর কার্যকর শুল্কহার (ইটিআর) দাঁড়াতে পারে প্রায় ৫০ শতাংশ। বর্তমানে এই হার ১৫ শতাংশ হলেও নতুন নীতির আওতায় যুক্ত হচ্ছে অতিরিক্ত ৩৫ শতাংশ শুল্ক। সব মিলিয়ে এটি হবে যুক্তরাষ্ট্রের যেকোনো বাণিজ্য অংশীদার দেশের মধ্যে সর্বোচ্চ শুল্কহার। আন্তর্জাতিক ঋণমান সংস্থা ফিচ রেটিংসের সাম্প্রতিক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।
ফিচের হালনাগাদ করা ইন্টার্যাকটিভ টুল ‘ইউএস ইটিআর মনিটর’-এর তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক কাঠামোর সবচেয়ে বড় ভুক্তভোগী হতে যাচ্ছে বাংলাদেশ। কারণ, তেল-গ্যাস, কপার ও ওষুধসহ যেসব পণ্যে অন্যান্য দেশ শুল্ক ছাড় পাবে, বাংলাদেশ সেসব সুবিধার বাইরে থাকছে। বিশেষ করে তৈরি পোশাক খাত—যা বাংলাদেশের প্রধান রপ্তানি খাত—তা পুরোপুরি উচ্চ শুল্কের আওতায় পড়বে।
এই অস্বাভাবিক শুল্ক বৃদ্ধির প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্রের শর্তাবলি পর্যালোচনা করতে তৎপর হয়েছে বাংলাদেশ সরকার। তবে এসব শর্ত শুধু বাণিজ্যিক নয়, বরং রাজনৈতিক ও কূটনৈতিক জটিলতার সঙ্গেও জড়িত, যা আলোচনাকে আরও কঠিন করে তুলেছে। এমন অবস্থায় বাংলাদেশ এমন একটি কৌশল নির্ধারণের চেষ্টা করছে, যাতে যুক্তরাষ্ট্রকে নতুন শুল্কনীতি পুনর্বিবেচনায় রাজি করানো যায়। এ লক্ষ্যে গতকাল আন্তঃমন্ত্রণালয় বৈঠক করেছে বাণিজ্য মন্ত্রণালয়।
ফিচের বিশ্লেষণে বলা হয়, শুধু বাংলাদেশের ক্ষেত্রেই নয়, বিশ্বব্যাপী যুক্তরাষ্ট্রের শুল্কনীতিতে বড় ধরনের পরিবর্তন আসছে। উদাহরণ হিসেবে, চীনের ইটিআর ৪১.৪ শতাংশ থাকছে অপরিবর্তিত। কানাডার হার ৩৫ শতাংশ, মেক্সিকোর ৩০ শতাংশ এবং ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোতে তা ১২ থেকে ৩০ শতাংশের মধ্যে। অন্যদিকে, ভিয়েতনাম ও ইন্দোনেশিয়ার সঙ্গে যুক্তরাষ্ট্রের দ্বিপক্ষীয় চুক্তি থাকায় তাদের ইটিআর যথাক্রমে ২০ ও ১৯ শতাংশে অপরিবর্তিত থাকছে।
‘ইউএস ইটিআর মনিটর’ টুলটি ফিচ রেটিংসের একটি ইন্টার্যাকটিভ বিশ্লেষণমাধ্যম। এটি আমদানি পণ্যের ভিত্তিতে দেশ ও খাতভিত্তিক শুল্কহার হিসাব করে এবং নিয়মিত হালনাগাদ হয়। পাশাপাশি এটি ভবিষ্যতে শুল্ক পরিবর্তনের সম্ভাবনাও বিশ্লেষণ করে।

