রেমিট্যান্স প্রবাহে ইতিবাচক ধারা অব্যাহত রয়েছে। চলতি জুলাই মাসের প্রথম ১৯ দিনে দেশে এসেছে ১৫২ কোটি ২৩ লাখ ১০ হাজার মার্কিন ডলার। যা দেশের অর্থনীতিতে ইতিবাচক প্রভাব রাখছে। গতকাল রোববার (২০ জুলাই) বাংলাদেশ ব্যাংক প্রকাশিত রেমিট্যান্স প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিদিন গড়ে এসেছে ৮ কোটি ১ লাখ ২১ হাজার ৫৭৯ ডলার। যদিও গত জুন মাসে প্রতিদিন এসেছে ৯ কোটি ৪০ লাখ ৪১ হাজার ৬৬৬ ডলার। তবে আগের বছরের একই সময় অর্থাৎ ২০২৪ সালের জুলাই মাসে প্রতিদিন এসেছে মাত্র ৬ কোটি ৩৭ লাখ ৯২ হাজার ৩৩৩ ডলার।
অর্থাৎ চলতি জুলাইয়ে রেমিট্যান্স প্রবাহ আগের মাসের তুলনায় কিছুটা কমলেও গত বছরের তুলনায় উল্লেখযোগ্য হারে বেড়েছে। এতে রেমিট্যান্সের ইতিবাচক ধারায় স্থিতিশীলতা দেখা যাচ্ছে। তথ্য বিশ্লেষণে দেখা যায়, ১৯ দিনে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৩২ কোটি ৫৩ লাখ ৫০ হাজার ডলার। এর মধ্যে এককভাবে রাষ্ট্রমালিকানাধীন কৃষি ব্যাংক এনেছে ১৮ কোটি ১২ লাখ ৮০ হাজার ডলার।
অন্যদিকে বেসরকারি বাণিজ্যিক ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে সর্বোচ্চ ১০০ কোটি ৭৬ লাখ ৭০ হাজার ডলার। বিদেশি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৮০ লাখ ১০ হাজার ডলার।

