সরকারি ও বেসরকারি পর্যায়ে মোট ৯ লাখ টন চাল আমদানির পরিকল্পনা করেছে বাংলাদেশ। এই সিদ্ধান্তে ভারতীয় ব্যবসায়ীদের মধ্যে নতুন আশার সঞ্চার হয়েছে। গত বছরের আগস্টে ছাত্র-জনতার আন্দোলনের পর থেকে ভারত-বাংলাদেশ সম্পর্ক কিছুটা শীতল হয়ে গিয়েছিল। তার প্রভাবে বাংলাদেশে ভারতীয় রপ্তানি কমে গিয়েছিল। এখন পরিস্থিতি পাল্টে, ভারতীয় চাল রপ্তানিকারকরা আশা করছেন বাংলাদেশ তাদের কাছ থেকে বড় অঙ্কের চাল কিনবে।
ভারতীয় সংবাদমাধ্যম ফার্স্টপোস্টের প্রতিবেদনে বলা হয়েছে, ভারতের চাল রপ্তানিকারক ও মিল মালিকেরা বাংলাদেশের ৯ লাখ টন চাল আমদানি পরিকল্পনায় চাহিদা বাড়া ও ভালো দাম পাওয়ার প্রত্যাশা করছেন। বিশ্ব চাল রপ্তানির প্রায় ৪৬ শতাংশ সরবরাহকারী ভারত এই সুযোগ থেকে সবচেয়ে বেশি লাভবান হতে পারে। কারণ, ভারত ও বাংলাদেশের নিকটতম অবস্থান, ধারাবাহিক সরবরাহ ব্যবস্থা এবং প্রতিযোগিতামূলক মূল্য রয়েছে।
রপ্তানিকারকদের তথ্য মতে, বাংলাদেশ ৪ লাখ টন চাল সরকারি দরপত্রের মাধ্যমে আমদানি করবে এবং বাকি ৫ লাখ টন বেসরকারি ব্যবসায়ীদের মাধ্যমে সংগ্রহ করবে। এটি আগাম পরিকল্পনা করা হয়েছে, কারণ আমন ধানের মৌসুমে ভারী বৃষ্টিপাতের কারণে ফসলের ক্ষতির আশঙ্কা রয়েছে।
রাইসভিলা ফুডসের প্রধান নির্বাহী সুরজ আগরওয়াল ভারতীয় সংবাদ সংস্থা পিটিআইকে বলেছেন, “বাংলাদেশ সরকার ৪ লাখ টন চাল আন্তর্জাতিক দরপত্রের মাধ্যমে আমদানি করবে, আর বাকি ৫ লাখ টন চাল প্রতিবেশী দেশের বেসরকারি ব্যবসায়ীরা আনে। আমন ধান বপনের সময় ভারী বৃষ্টির কারণে ফসলের ক্ষতির আশঙ্কায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।”
ভারতের আরেক ব্যবসায়ী জানান, ভারতের পশ্চিমবঙ্গের চাল শিল্প বাংলাদেশ সরকারের এই পরিকল্পনা থেকে উপকৃত হবে। যদিও পেট্রাপোল সীমান্ত দিয়ে পোশাক ও পাটজাত পণ্যের আমদানিতে বিধিনিষেধ রয়েছে, তবুও তিনি মনে করেন এ ক্ষেত্রে কূটনৈতিক বাধা দেখা যাবে না। তিনি বলেন, “বেসরকারি আমদানির অন্তত ৩০-৪০ শতাংশ চাল পশ্চিমবঙ্গের মিল ও ব্যবসায়ীদের কাছ থেকে আসবে। সরকারি দরপত্রের জন্যও পশ্চিমবঙ্গের মিলগুলো অংশ নেবে। বাংলা, ঝাড়খণ্ড, অন্ধ্রপ্রদেশ, ওডিশা ও বিহার রাজ্যগুলো সবচেয়ে বেশি লাভবান হবে।”
শিল্প সংশ্লিষ্টরা মনে করেন, বাংলাদেশের এই আগাম আমদানি পরিকল্পনাকে ‘আমন মৌসুমে সম্ভাব্য বন্যার আগে সতর্কতামূলক পদক্ষেপ’ হিসেবে দেখা হচ্ছে। এদিকে, বাংলাদেশ ইতোমধ্যেই ১৪ লাখ টনের লক্ষ্যমাত্রার বিপরীতে ৩.৭৬ লাখ টন বোরো ধান এবং সাড়ে ৯ লাখ টন চাল সংগ্রহ করেছে। এই সংগ্রহ মধ্য আগস্টের মধ্যে শেষ হওয়ার আশা করা হচ্ছে।
আগামী মাস থেকে বাংলাদেশ ৫৫ লাখ পরিবারকে অন্তর্ভুক্ত করার লক্ষ্যে খাদ্যবান্ধব কর্মসূচি সম্প্রসারণ করবে। সেখানে প্রতি মাসে ৩০ কেজি চাল ১৫ টাকা কেজি দরে দেওয়া হবে। রপ্তানিকারকরা মনে করেন, এই উদ্যোগ ভারতের বাংলাদেশে প্রধান চাল সরবরাহকারী হিসেবে অবস্থান আরও মজবুত করবে। একই সঙ্গে বাংলাদেশের অভ্যন্তরীণ বাজারে নিম্ন থেকে মাঝারি মানের চালের দাম স্থিতিশীল রাখতেও সহায়ক হবে। বিশাখাপত্তনম ও পারাদীপ বন্দর ভারতে চাল রপ্তানির প্রধান কেন্দ্র হিসেবে কাজ করবে।

